শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৫১ পি.এম
‘ডেঙ্গু প্রতিরোধে আমরা সচেতন, আমরা প্রস্তুত’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজার ও ইউনিয়ন ভূমি অফিসের পুকুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (GETCA) প্রকল্প এবং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে, জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধের জন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই পরিচ্ছন্নতা উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু সালেহ হাওলাদার, জাগোনারীর কো-অর্ডিনেটর মো. শাহীন, ডৌয়াতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মহসিন, ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম রাজাসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও বাজার কমিটির প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে দেশটির নিরাপত্তা বাহিনী একটি ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানটি ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এর প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্তত ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, সেনা অভিযানে নিষিদ্ধ ঘোষিত 'ফিতনা-আল-খাওয়ারিজ' (টিটিপি) এবং পাকিস্তান সরকার কর্তৃক চিহ্নিত 'ফিতনা-আল-হিন্দুস্তান' (বালুচিস্তানভিত্তিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী)-এর আস্তানাগুলোকে নিশানা করা হয়েছে। ইসলামাবাদ প্রায়শই বালুচিস্তানে অস্থিরতা সৃষ্টির পেছনে ভারতের মদদ রয়েছে বলে দাবি করে থাকে।
অভিযানের বিস্তারিত জানাতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ২৪ সেপ্টেম্বর চালানো ‘অপারেশন শাবান’-এর অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী একাধিক সন্ত্রাসী আস্তানা ধ্বংস করেছে এবং ভারী গোলাগুলির পর ৫ জন সন্ত্রাসী নিহত হয়। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর নুশকি জেলায় তথ্যভিত্তিক (আইবিও) আরেকটি অভিযান চালিয়ে আরও ১১ জন সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়।
অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে সামরিক বাহিনীর সূত্রে নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এটি উল্লেখযোগ্য যে, সম্প্রতি বালুচিস্তানে সন্ত্রাসী ও সশস্ত্র হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসের তুলনায় আগস্টে এই প্রদেশে হামলার ঘটনা প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র: ডন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোর, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : নাটোর পৌরসভা এলাকায় তিন মাসব্যাপী একটি বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে।
আজ শনিবার সকালে নাটোর প্রেসক্লাব এলাকায় এই কার্যক্রমের তদারকি করেন, নাটোর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন। তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি শহরের নীচাবাজার, আলাইপুরে চিতলগারি ড্রেন, বড় হরিশপুর এবং মাদ্রাসা মোড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের পর্যবেক্ষণ করেন।
নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে এবং ঘাস-ঝোপ-জঙ্গল অপসারণের কাজ চলছে। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমও চলমান রয়েছে।
নাটোর পৌর প্রশাসক বাসসকে জানান, গত তিন সপ্তাহ ধরে পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি করা। পৌরবাসী সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চার দিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। মায়ের অসুস্থতায় উদ্বিগ্ন তিশা, তার দ্রুত সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের অসুস্থতার খবর প্রকাশ করেন তাসনুভা তিশা। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।’
পরিবারের এই কঠিন সময়ের কথা উল্লেখ করে অভিনেত্রী আরো লেখেন, ‘এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না।’
মায়ের সুস্থতা কামনা করে তিশা তার পোস্টে আরো যোগ করেন, ‘সবাই প্রার্থনা করবেন যেন আল্লাহ তাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, তাকে শক্তি দেন, তার হৃদযন্ত্রকে হেফাজত করেন এবং তাকে নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আল্লাহ যেন সবার প্রার্থনা কবুল করেন এবং আমার মাকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’
তাসনুভা তিশার এই আবেগঘন পোস্টের পর থেকেই উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে অভিনেত্রীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছেন অনেকে। পরিবারের এই দুঃসময়ে তিশার পাশে থাকার আশ্বাসও দিচ্ছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার কারণে ১০৬ জন প্রার্থী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এ কর্মসূচি শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয় এবং এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রার্থীরা অংশগ্রহণ করেন। তাদের দাবি হলো, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২৯০ জনের মধ্যে ১৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, কিন্তু ১০৬ জনকে এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি।
প্রার্থীদের অভিযোগ, বিভিন্ন কারণে নিয়োগপত্র আটকে রাখা হয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক কারণে তারা বাদ পড়েছেন। বিষয়টি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে জানানো হলে তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখার প্রতিশ্রুতি দেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এটি আলোচনা করবেন বলে জানান।
নিয়োগের বিষয়টি সমাধান না হলে রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ পড়া প্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সমবেত হয়ে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ