বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৪ পি.এম
আন্তালিয়া (তুরস্ক), ১২ নভেম্বর ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি উল্লেখ করেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের প্রেরণায় সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখছে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে।
আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।’
তিনি আরও জানান, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।’
সরকার সবুজ শিল্পায়নকে উৎসাহিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।’
তিনি জানান, ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’
উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা সম্ভব হবে।’
বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। এর পাশাপাশি ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।’
তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।’
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।’
তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ ও ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত এবং সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার আহ্বান জানান।
এ ছাড়া ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব করেন তিনি।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ আশা করে, এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য।’
বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান চলাকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ২,৫১৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মামলা দায়ের করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ১১২টি মামলা, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩৪টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৮টি মামলা, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮৪টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৪১৫টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে ৬৭১টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না যতক্ষণ না ইরানের উত্থাপিত সাত দফা শর্ত পূরণ হয়। এই মন্তব্যটি করেছেন ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব। তিনি আরও বলেন, যুদ্ধে শত্রুপক্ষ বর্তমানে অসহায় অবস্থায় পৌঁছে গেছে।
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাইয়েব জানান, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরিচালিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তিনি উল্লেখ করেন, চলতি বছর এবং ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ইরানের আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর ৬৫০ সদস্য নিহত হয়েছেন।
তাইয়েবের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একজন বিশেষ দূত পাঠিয়েছিলেন। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে আলোচনার পথ তৈরি করা। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।
তিনি বলেন, "যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে। এখন তারা আলোচনার মাধ্যমে তেলের দাম কমানোর চেষ্টা করছে।"
তাইয়েব আরও বলেন, হরমুজ প্রণালি বিশ্বশক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন যদি এই জলপথ পুনরায় খুলে দিতে চায়, তাহলে ইরানের সাত দফা শর্ত বাস্তবায়ন করতে হবে।
এদিকে, ইসরাইলের নিরাপত্তা মূল্যায়নের বরাত দিয়ে তাইয়েব দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় তিন হাজার থেকে বেড়ে ১০ হাজারে পৌঁছানোর বিষয়টি ইসরাইলের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ