ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

‘দলে মেসি থাকতেই পারেন, আমরা ভয় পাই না’


‘দলে মেসি থাকতেই পারেন, আমরা ভয় পাই না’

২০২৬ ফিফা বিশ্বকাপে একটি রীতিমতো রূপকথার গল্প বুনছে কেপ ভার্ডে। এমন একটি দল, যাকে টুর্নামেন্ট শুরুর আগে কেউই বড় হিসাবের মধ্যে রাখেনি, সেই দলটি এখন জায়গা বানিয়েছে শেষ ৩২-এ। গ্রুপ পর্বের তিনটি ম্যাচে ড্র করেও অসাধারণ লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করে নকআউট পর্বে পৌঁছেছে আফ্রিকার এই ছোট্ট দেশটি।

মাত্র দুটি গোল করেও কেপ ভার্ডে প্রমাণ করেছে, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। প্রতিটি ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তারা সাহসী ফুটবল খেলে। এবং সেই পারফরম্যান্সের জন্যই এখন ফুটবল বিশ্ব কেপ ভার্ডের দিকে নজর দিচ্ছে।

এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা দাঁড়িয়ে আছে। নকআউট পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্ডে। লিওনেল মেসির দল ইতোমধ্যেই নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে অবস্থান মজবুত করেছে।

আরও পড়ুন: জ্বরের কারণে প্রথম ম্যাচে না খেলে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরছেন মিরাজ

কিন্তু কেপ ভার্ডের কোচ বুবিস্তার আর্জেন্টিনাকে নিয়ে কোনও ভয় অনুভব করছেন না। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য গর্বের। তাদের দলে মেসির মতো একজন খেলোয়াড় আছে, যাকে অনেকেই ইতিহাসের সেরা বলে মনে করেন। কিন্তু আমরা কাউকেই ভয় পাই না।’

তিনি আরও যোগ করেন, ‘বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষেও আমরা সাহস নিয়ে খেলেছি। সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা ইস্যুতে মোদি সরকারের সমালোচনায় সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


গাজা ইস্যুতে মোদি সরকারের সমালোচনায় সোনিয়া গান্ধী

গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং মানবিক সংকট নিয়ে মোদি সরকারের অবস্থানকে তীব্রভাবে সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর অভিযোগ হল যে, ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি যে অবস্থান নিয়েছে, বর্তমান সরকার এ থেকে সরে গিয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে।

একটি নিবন্ধে সোনিয়া গান্ধী জানান, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগের বিষয়ে নয়াদিল্লি কার্যত নীরব। এই নিঃশব্দতা শুধু নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ নয়, বরং ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক।

তিনি জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারির একটি প্রতিবেদনের কথা বলে দাবি করেন যে, সেখানে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ধরা হয়েছে। যুদ্ধের ভয়াবহ মানবিক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ২০ হাজারের বেশি শিশু নিহত হয়েছে এবং ৪৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকেও সমালোচনা করেন সোনিয়া গান্ধী। তাঁর ভাষ্য হল, পর্যাপ্ত তথ্য ও আইনগত প্রক্রিয়া থাকার সত্ত্বেও বিশ্ব এই সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে।

এরপর কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের তীর ছুড়ে তিনি বলেন, গাজা ইস্যুতে ভারত প্রায় সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছে এবং বেসামরিক মানুষের দুর্ভোগের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান গ্রহণ করেনি। ভারত ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের মিত্র হিসেবেও ইঙ্গিত করে তিনি সরকারকে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে স্পষ্ট অবস্থান নেয়ার আহ্বান জানান।

সোনিয়া গান্ধীর এই বক্তব্যের উপর প্রতিক্রিয়া জানিয়ে ক্ষমতাসীন বিজেপি তীব্র প্রতিবাদ জানিয়েছে। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন যে, কংগ্রেস পররাষ্ট্রনীতিকে ভোটব্যাংক রাজনীতির সঙ্গে একত্রিত করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

পুনাওয়ালার দাবি, ভারত গাজা ও ফিলিস্তিন ইস্যুতে বহুবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। জাতিসংঘে যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে এবং নিয়মিত মানবিক সহায়তাও পাঠিয়েছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেয়েছেন।

কংগ্রেসকে আক্রমণ করে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, দলটি সবসময় পররাষ্ট্রনীতির চেয়ে ভোটব্যাংককে বেশি গুরুত্ব দেয়। তাঁর অভিযোগ, কংগ্রেস ইসরাইলের ওপর হামাসের হামলা নিয়ে কখনোই সরব হয় না।

সূত্রঃ দ্যা হিন্দু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে এনসিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


সাভারে এনসিপির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

বিএনপির কেন্দ্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন ঢাকা জেলা উত্তর এনসিপির যুব শক্তির আহ্বায়ক সেঁজুতি হোসাইনসহ দুই শতাধিক নেতা-কর্মী।

শুক্রবার দুপুরে দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে যোগদান উপলক্ষে সাভারের ব্যাংককলোনী এলাকায় সরকারদলীয় সংসদ সদস্যের বাসায় সংবর্ধণা সভার আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিএনপিতে তাদের স্বাগত জানিয়ে বক্তৃতা করেন। তিনি বললেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। জুলাই যোদ্ধারা যদি এই দলে যোগদান করতে চান, তাদেরকে স্বাগতম জানানো হবে। সেঁজুতি হোসাইন বক্তব্যে জানান, দেশের বৃহৎ দলে যোগদান অনুষ্ঠানে বিএনপি’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি বিএনপিতে যোগদান করেছেন। এছাড়া, হেলেন জাহান রিফা ও সুজন আহমেদও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীর, পৌর বিএনপির সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষায় নকলে যেভাবে সাহায্য করছে এআই স্মার্ট গ্লাস, ব্যবহারের শীর্ষে এশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


পরীক্ষায় নকলে যেভাবে সাহায্য করছে এআই স্মার্ট গ্লাস, ব্যবহারের শীর্ষে এশিয়া

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নকলের কৌশলে এসেছে নতুন মাত্রা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্মার্ট গ্লাস ব্যবহার করে পরীক্ষায় নকলের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগে পড়েছেন বিভিন্ন দেশের শিক্ষা প্রশাসকরা। বিশেষ করে পূর্ব এশিয়ার পরীক্ষাকেন্দ্রিক সমাজগুলোতে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সেখানে একটি মাত্র পরীক্ষার ফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকরি ও সামাজিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ইংরেজি ভাষা দক্ষতা মূল্যায়নের পরীক্ষায় দুজন পরীক্ষার্থীকে এআই স্মার্ট গ্লাস ব্যবহার করে নকল করতে গিয়ে আটক করা হয়েছে। এই পরীক্ষার ফল দেশটিতে চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, তাইওয়ানের একটি শীর্ষ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় এক শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ দেখে পরীক্ষা পর্যবেক্ষকরা সন্দিহান হন। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, তার ব্যবহৃত স্মার্ট গ্লাসের ফ্রেম থেকে তাপ নির্গত হচ্ছিল, যা নকলের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল।

বিশেষজ্ঞদের মতে, স্মার্ট গ্লাস ব্যবহার করে নকলের ঘটনা নতুন নয়। তবে এআই প্রযুক্তিনির্ভর পরিধানযোগ্য ডিভাইসগুলো আরও ছোট, সহজলভ্য ও উন্নত হওয়ায় প্রচলিত পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এ পরিস্থিতিতে, বিভিন্ন দেশ পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করছে। চলতি মাসে চীনের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক কোটিরও বেশি পরীক্ষার্থীর সব ধরনের চশমা বাধ্যতামূলকভাবে পরীক্ষা করা হয়েছে। একই সময়ে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার প্রধানও সতর্ক করে বলেছেন, এআই স্মার্ট গ্লাস ও স্মার্ট ইয়ারপিস পরীক্ষায় নকলের ঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে।

দক্ষিণ কোরিয়ার কলেজ ভর্তি পরীক্ষার প্রশাসন জানিয়েছে, পরীক্ষার হলে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস আগে থেকেই নিষিদ্ধ থাকলেও এআই স্মার্ট গ্লাস ঠেকাতে নতুন ব্যবস্থা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে, তাইওয়ানের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ও পরীক্ষায় এআই স্মার্ট গ্লাস ব্যবহারের বিষয়ে নতুন নীতিমালা ও পরিচালনা পদ্ধতি পর্যালোচনা করছে।

তবে গবেষকদের আশঙ্কা, প্রকাশ্যে আসা কয়েকটি ঘটনা বৃহত্তর সমস্যারই ইঙ্গিত দিচ্ছে। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের গবেষক থমাস করবিনের ভাষায়, যে কয়েকটি ঘটনা সামনে এসেছে, তার চেয়ে অনেক বেশি ঘটনা হয়তো প্রকাশ পাচ্ছে না।

এআই প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে স্মার্ট গ্লাস এখন আরও পাতলা, কম দৃশ্যমান এবং স্বয়ংক্রিয়ভাবে এআই মডেলের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে সক্ষম। ফলে শুধু পরীক্ষার স্বচ্ছতাই নয়, ব্যক্তিগত গোপনীয়তাও নতুন ঝুঁকির মুখে পড়ছে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ২০২৩ সালের শেষ দিকে রে-ব্যানের সঙ্গে যৌথভাবে প্রথম এআই-সমৃদ্ধ স্মার্ট গ্লাস বাজারে আনে। এরপর একাধিক সংস্করণ উন্মোচন করা হয়েছে। গত বছরই বিশ্বজুড়ে এ ধরনের ৭০ লাখের বেশি স্মার্ট গ্লাস বিক্রি হয়েছে।

এদিকে, হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এইচকেইউএসটি) গবেষক মেং জিলি ও অধ্যাপক ঝাং জুন পরিচালিত একটি পরীক্ষায় দেখা গেছে, বাণিজ্যিকভাবে পাওয়া এআই স্মার্ট গ্লাস পরীক্ষার প্রশ্ন স্ক্যান করে এআই ভাষা মডেলে পাঠাতে পারে এবং সেখান থেকে পাওয়া উত্তর গ্লাসের লেন্সেই প্রদর্শন করতে সক্ষম। পরীক্ষায় এই প্রযুক্তির মাধ্যমে পাওয়া নম্বর ১০০ জনের বেশি শিক্ষার্থীর মধ্যে শীর্ষ পাঁচের মধ্যে স্থান করে নেয়, যা গড় নম্বরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

গবেষকদের মতে, এই বাস্তবতা শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। শিক্ষার্থীদের মুখস্থবিদ্যার ওপর নির্ভর না করে কীভাবে চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা যায়, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

হংকং এডুকেশন ইউনিভার্সিটির এআই ও ডিজিটাল কম্পিটেন্স এডুকেশন সেন্টারের পরিচালক অধ্যাপক কং সিউ চিয়াং মনে করেন, এআইকে নিষিদ্ধ করার পরিবর্তে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া উচিত। তার ভাষায়, প্রযুক্তি ব্যবহার করতেই হবে, তবে চিন্তা করার ক্ষমতা কখনোই প্রযুক্তির কাছে সমর্পণ করা উচিত নয়।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক

শেরপুরের শ্রীবরদী সীমান্ত জনপদে দীর্ঘদিন ধরে যে সমস্যা ‘হাতি-মানুষ দ্বন্দ্ব’ রয়েছে, তার নিরসনের লক্ষ্যে স্থানীয় গ্রামবাসী এবং এলিফ্যান্ট রেসপন্স টিম (ঊজঞ) এর সদস্যদের নিয়ে সচেতনতামূলক একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ জুন) হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের উদ্যোগে এই বৈঠকটির আয়োজন করা হয়। সীমান্ত এলাকার ডুমুরতলা, মালাকুচা এবং কর্ণঝোড়া ফরেস্ট বিট এলাকায় দিনব্যাপী তিনটি পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলোতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো: সুমন মিয়া। তিনি হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বন্যহাতির উপদ্রব থেকে ফসল ও জনমালের নিরাপত্তা রক্ষায় স্থানীয়দের করণীয় এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাতি সংরক্ষণ প্রকল্পের ফরেস্টার মো. রকিবুল ইসলাম রকি, ডুমুরতলা ফরেস্ট কর্মকর্তা আব্দুর রাকিব এবং বালিজুরি সদর বিট কর্মকর্তা মাজহারুল হক। এই বৈঠকে ইআরটি দলের সদস্যসহ সীমান্ত জনপদে বসবাসরত কয়েক শতাধিক পাহাড়ি গ্রামবাসী অংশগ্রহণ করেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন যে, বন বিভাগের এই উদ্যোগ হাতি-মানুষের দীর্ঘদিনের এই দ্বন্দ্ব নিরসনে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%