শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০২:১৭ এম
আলমডাঙ্গায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার উপজেলার হাটবোয়ালিয়া ও খাসকররা বাজারে আলাদা দুটি অভিযানে প্রায় ৪ হাজার বস্তা সরকারি ও রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এই বৃহৎ অভিযানে এলাকার অসাধু সার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ হাটবোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৩৭৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
একই দিনে উপজেলার খাসকররা বাজারেও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে পৃথক অভিযান পরিচালিত হয়। সম্প্রতি বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে খাসকররা বাজারে ভ্রাম্যমাণ টিম অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, কৃষকদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরিরোধে গত চার দিন ধরে আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত তিন দিনে উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের গোডাউন থেকে এক হাজার ৪০৮ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছিল। সবমিলিয়ে গত চার দিনে পুলিশের অভিযানে প্রায় ৩ হাজার বস্তা অবৈধ সার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিনভর আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার খাসকররা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির ৫টি গোপন গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ৯৬৩ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে রয়েছে মেসার্স সঞ্চিতা ট্রেডার্স থেকে ৩৬৭ বস্তা, হাবিবুর রহমানের গুদাম থেকে ২৫৩ বস্তা, মেসার্স কৃষি কল্যাণ এগ্রো থেকে ২২৯ বস্তা, মেসার্স রিয়া ট্রেডার্স থেকে ৬৪ বস্তা এবং মেসার্স শারমিন ট্রেডার্স থেকে ৩০ বস্তা সার। জব্দ করা সারগুলো বাজার কমিটি ও স্থানীয় পুলিশ ফাঁড়ির যৌথ হেফাজতে রাখা হয়েছে।
এছাড়া উপজেলার হাটবোয়ালিয়া বাজারের হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৩৭৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
অভিযান শেষে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ সাংবাদিকদের জানান, ‘কৃষকদের অধিকার রক্ষায় এবং সারের অবৈধ মজুতদারি রুখতেই এই অভিযান চালানো হয়েছে। জব্দ করা সারগুলো দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অসাধু মজুতদারদের বিরুদ্ধে আমাদের এই নজরদারি ও আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে ও সহজে সার পান এবং কোনো চক্র যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা পরিকল্পিত উসকানিমূলক কার্যক্রম, ঝটিকা মিছিল ও ককটেল নিক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। এই কর্মকাণ্ডের প্রতিবাদে সংগঠনটির সব ইউনিটকে নিজেদের ক্যাম্পাসে সাধারণ শিক্ষকদের ব্যানারে মিছিল ও সমাবেশ আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পতিত ফ্যাসিবাদী অপশক্তি।" সম্প্রতি, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ এবং আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে উসকানিমূলক কার্যক্রম, ঝটিকা মিছিল ও ককটেল নিক্ষেপের মাধ্যমে জনমনে আতঙ্ক ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এতে আরো বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা এবং শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় এসব নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজকে রাজপথ ও ক্যাম্পাসে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
বিজ্ঞপ্তিটি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান স্বাক্ষর করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হংকং থেকে বাংলাদেশে অবৈধ মাদকদ্রব্য সিসা আমদানি করা হচ্ছিল মসলার আড়ালে। দুই মাসের গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এই চক্রের সন্ধান পায়। ডিএনসির একজন সদস্য ক্রেতা সেজে ৫ কেজি সিসার অর্ডার দেন এবং আমদানি ও সরবরাহের পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখা হয়। পরে অভিযান চালিয়ে ওই অর্ডারের সিসাসহ মোট ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়। এই ঘটনায় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি সূত্র জানায়, গতকাল বুধবার রাতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডে অবস্থিত আস-সুন্নাহ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ভেতর থেকে মো. সোলায়মান আহমেদ শুভ (৩১) নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি সিসা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের কাছ থেকে তিনি এসব সিসা সংগ্রহ করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিসা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। এরপর শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসান (৪৬) গ্রেপ্তার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তাঁর এজেন্টের মাধ্যমে হংকং থেকে সিসাগুলো বাংলাদেশে আমদানি করা হতো। পরে সেগুলো সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছে সরবরাহ করা হতো। শাকিলের মাধ্যমে এসব সিসা পৌঁছাত সোলায়মানের কাছে।
ডিএনসির কর্মকর্তারা জানান, এই চক্রের সন্ধান পেতে প্রায় দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়। এক পর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে চক্রটির কাছে ৫ কেজি শিশার অর্ডার দেন। এরপর ওই চালান সংগ্রহের প্রস্তুতি ও সরবরাহের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। নির্ধারিত শিশা সংগ্রহ করতে গিয়ে এর সঙ্গে আমদানি করা আরো ২৫ কেজিসহ মোট ৩০ কেজি শিশার সন্ধান মেলে।
গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামের আরো একজনের সঙ্গে সিসা কেনা-বেচা ও আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমান নিবিড়সহ তাঁরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে শিশার অবৈধ ব্যবসা করে আসছেন। এ চক্রে আরো কয়েকজন জড়িত রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। সালমানকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মসলার আড়ালে কীভাবে হংকং থেকে এসব সিসা আমদানি করা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া কী ছিল, বৈধ আমদানির কাগজপত্রের আড়ালে অবৈধ পণ্য আনা হয়েছে কিনা, সেসব বিষয়ও তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া শিশার প্রকৃত উৎস ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় মামলা হয়েছে। মামলাটি ডিএনসির একজন কর্মকর্তা তদন্ত করছেন। চক্রের পলাতক সদস্য ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর সৃষ্ট ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের দেখতে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।
ডা. বিটু চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে তথ্য সংগ্রহ করেন। তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান যেন শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। হাসপাতালের অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট ধোঁয়ার কারণে মোট ৯৪ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আসে। তাদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯ জন শিক্ষার্থীর মধ্যে দুজন আইসিইউতে রয়েছে।
এদিকে, লাইফ সাপোর্টে থাকা এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তাকে লাইফ সাপোর্ট থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া (উইনিং) সম্পন্ন করা হয়েছে।
এ সময় ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. পিয়াস কর্মকার, ডা. মাশকুরুল আলম মিনার, ডা. আফরোজা আক্তার, ডা. আজিজুল শরীফ, ডা. সবুজ আল মাহমুদসহ ইনস্টিটিউটের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে দুর্বৃত্তরা মাথায় গুলি করে হত্যা করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। এছাড়া, তিনি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন, যা বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত একটি বিশেষ কমিটি।
পুলিশের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানের পাশে থামেন। এসময় হীরকের দোকানে বসে ছিলেন জাকির হোসেন। মোটরসাইকেলে আসা ব্যক্তিদের একজন দোকানের ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। পরে দুজন মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান।
গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ