শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:০৫ পি.এম
ক্রিকেটের মাঠে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে শহিদ আফ্রিদির। এবার তিনি মাঠের বাইরেও তরুণদের নেতৃত্ব দেওয়ার একটি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে ‘সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ড’-এর স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রীড়াক্ষেত্রে তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টার জন্য আফ্রিদিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই উপলক্ষে করাচির সেন্ট্রাল পুলিশ অফিসের মুহাম্মদ আলী শাহ অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধু পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জাবেদ আলম ওধো, সিন্ধু পুলিশ স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান, ট্রাফিক করাচির ডিআইজি, এসএসপি (মিডিয়া), ব্যবসায়ী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে আফ্রিদির হাতে আনুষ্ঠানিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরে আইজি ও আফ্রিদি একে অপরের সঙ্গে সম্মাননা স্মারক বিনিময় করেন।
আফ্রিদিকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে আইজি জাবেদ আলম ওধো মন্তব্য করেন, এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আফ্রিদি সিন্ধু পুলিশ বাহিনীকে সম্মানিত করেছেন। পুলিশ বাহিনীর মধ্যে খেলাধুলার প্রসার ঘটানো তাদের দীর্ঘদিনের অগ্রাধিকার। তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও স্বাস্থ্যকর কার্যক্রমে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
আইজি আরও জানান, ব্যবসায়ী সমাজের সহযোগিতার কারণেই এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। পাশাপাশি তিনি বড় পরিকল্পনার কথাও উল্লেখ করেন। চলতি বছরের নভেম্বরে পাকিস্তানের সব পুলিশ বাহিনীকে নিয়ে একটি জাতীয় ক্রীড়া উৎসব আয়োজন করা হবে।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফ্রিদি। করাচিতে জন্ম নেওয়া সাবেক এই তারকা জানান, ছোটবেলায় সিন্ধু পুলিশের ক্রিকেট দলের কার্যক্রম কাছ থেকে দেখেছেন তিনি। তখন থেকেই পুলিশ বাহিনীর সঙ্গে খেলাধুলার মাধ্যমে যুক্ত হওয়ার স্বপ্ন তাঁর ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে। দেশটির নেতৃত্বের মধ্যে আরও বড় ধরনের সংঘাতে প্রবেশের বিষয়টি বিবেচনার মধ্যে রয়েছে, এমন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটি উল্লেখ করেছে যে, ছয় মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ধারাবাহিকতার পর ইরান মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চালানোর সক্ষমতা নিয়ে অধিক আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। পাশাপাশি, মার্কিন চাপের সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালির মতো কৌশলগত সুবিধার বিষয়ে দেশটির নেতৃত্বের ধারণা আরও স্পষ্ট হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যদিও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলা তুলনামূলকভাবে সীমিত ছিল, তবুও ইরানের কট্টরপন্থী নেতৃত্ব সংঘাতকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দেশটি আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের অন্তত আগ পর্যন্ত সংঘাতকে দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারে। হরমুজ প্রণালি বন্ধ করে জ্বালানির দাম বৃদ্ধি হলে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে, এমন ধারণা করছে ইরান।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইরান উত্তেজনা বৃদ্ধি করতে পারে। গত জুলাইয়ের মতো মার্কিন ঘাঁটিতে হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আক্রমণ এবং প্রতিবেশী দেশগুলোর অবকাঠামোতে হামলার আশঙ্কাও রয়েছে।
এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, ইরানি হ্যাকাররা নতুন করে সংগঠিত হয়ে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালাতে পারে। এসব হামলার লক্ষ্য হতে পারে যুদ্ধের প্রতি মার্কিন জনগণের সমর্থন দুর্বল করা।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বনানী এলাকায় অবস্থিত মালয়েশিয়ার বিশ্বখ্যাত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে সেপ্টেম্বর ২০২৬ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হলরুমে দুই পর্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শিক্ষার্থীদের শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বক্তব্য রাখেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট একাডেমিক প্রফেসর ড. এইচ এম জহিরুল হক।
বক্তারা উল্লেখ করেন, ইউসিএসআই বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ ৩০০ এবং এশিয়ার ৮ম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। তারা জানান, দেশের ভিতর থেকেই শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট আধুনিক কারিকুলামের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং প্রভোস্টও বক্তব্য রাখেন।
ব্রিফিং শেষে নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাসের শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি এবং অন্যান্য সুবিধাগুলি পরিদর্শন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়া, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : আজ কাহালু উপজেলায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন সিরাজুল হক খান (৭০) নামের এক মোটরসাইকেল চালক।
দুর্ঘটনাটি ঘটে আজ শনিবার বিকাল চারটার দিকে কাহালু উপজেলার মুরইল এলাকায়।
নিহত সিরাজুল হক খান বগুড়া সদর উপজেলার কৈচর এলাকার রইচ উদ্দিন খানের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার বিকালে সিরাজুল হক খান নিজের মোটরসাইকেল নিয়ে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন। সে সময় নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব পর্যায়ে একক প্রার্থী দিবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি উল্লেখ করেছেন, একই উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না।
যিনি দলের মধ্যে সবচেয়ে জনপ্রিয়, তাকেই মনোনয়ন দেওয়া হবে। এর ব্যতিক্রম কোনোভাবেই করা হবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু আরও বলেন, যারা ত্যাগী নেতাদের মধ্যে মনোনয়ন পাবেন না, তাদের অবস্থান বিবেচনা করে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে।
ত্যাগী কোনো নেতাকেই বঞ্চিত করা হবে না।
আগামী নির্বাচনে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে দুলু বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ব্যবধান আমাদের বুঝতে হবে। জামায়াতে ইসলামী তালিমের নামে তাদের নারী কর্মীদের মাঠে নামিয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জামায়াতে ভোট দিলে জান্নাত যাওয়ার লোভ দেখায়।
বিএনপি প্রার্থীর বাড়ির নারী ভোট তারা নিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। এজন্য বিএনপি নেতাকর্মী সবাইকে এসব বিষয়ে সচেতন থাকতে হবে।
জাতীয় সংসদের এই হুইপ আরো বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে।
দুলু বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া।
বাংলাদেশের মানুষ যেন এগিয়ে না যেতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, এজন্য তারা আমাদের দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমাদের সন্তানদের তারা মূর্খ বানিয়ে রাখতে চেয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে আতাঁত করে পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের শিক্ষাব্যবস্থাকে শেষ করে দিয়ে গেছে।
এদিন সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থ্যতা কামনা ও নাটোর জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেক প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ