ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মেহেরপুরে তথ্য যাচাই ও ফ্যাক্ট চেকিং সেমিনার অনুষ্ঠিত


মেহেরপুরে তথ্য যাচাই ও ফ্যাক্ট চেকিং সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুর, ১৪ অক্টোবর ২০২৬ : জেলায় আজ ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ এবং সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুরে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও ফ্যাক্ট চেকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

এ সেমিনারের সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসান। বক্তৃতা দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি।

আরও পড়ুন: ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর-প্রতিমন্ত্রী সোহেল মনজুর

জেলা প্রশাসক শিল্পী রানী রায় মন্তব্য করেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। তিনি উল্লেখ করেন যে, এসব তথ্য যাচাই না করে প্রচার করা হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা, একাধিক সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করা অত্যন্ত জরুরি।

সেমিনারে তথ্য যাচাইয়ের কৌশল, গুজব শনাক্তকরণ এবং গণমাধ্যমে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এ সেমিনারে জেলার ৩০ জন সংবাদ কর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: মণ্ডপে ঢাকের শোভা, উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মন্তব্য করেছেন যে, সিসাদূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা আবশ্যক। তিনি উল্লেখ করেন, সরকার সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বদ্ধপরিকর। শিশুদের সুস্থ বিকাশ, শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সিসাদূষণ প্রতিরোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীতে আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত ‘সিসামুক্ত বাংলাদেশের পথে অগ্রযাত্রা : সমাধানের সম্প্রসারণ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এই সেমিনারটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় পিওর আর্থ বাংলাদেশ আয়োজন করে।

মন্ত্রী আরও বলেন, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা ‘সিসামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় কৌশল ও বহুবর্ষমেয়াদি কর্মপরিকল্পনা ২০২৬–২০৩৫’ অনুমোদন করেছে। এই কর্মপরিকল্পনায় সিসাদূষণের উৎস শনাক্তকরণ, পরিবেশগত নজরদারি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আইন ও বিধিবিধান শক্তিশালীকরণ, শিল্পখাতের দায়িত্বশীল অংশগ্রহণ, জনসচেতনতা সৃষ্টি, গবেষণা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় কৌশল অনুমোদনের পর এখন এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় অর্থায়ন, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, দূষিত এলাকা পুনর্বাসন, নিরাপদ শিল্পব্যবস্থাপনা এবং নিয়মিত পরিবেশগত পর্যবেক্ষণ জোরদার করা প্রয়োজন। জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি খাতকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।

পরিবেশমন্ত্রী আরো বলেন, সিসা-অ্যাসিড ব্যাটারিশিল্পে পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা বা এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবিলিটি (ইপিআর) কাঠামো প্রণয়নের কাজ চলমান রয়েছে। এর মাধ্যমে ব্যাটারি উৎপাদক, আমদানিকারকসহ সংশ্লিষ্টদের দায়িত্ব নির্ধারণ, ব্যবহৃত ব্যাটারি নিরাপদে সংগ্রহ এবং পরিবেশসম্মত পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এ ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে প্রচলিত পরিবেশ আইন ও বিধিবিধান প্রতিপালন এবং শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সিসাদূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলো এগিয়ে নিতে হবে। তিনি সিসামুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে তরুণদের আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে সিসাদূষণ প্রতিরোধে ‘সিসামুক্ত বাংলাদেশের জন্য জাতীয় যুব জোট’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এ ছাড়া সিসাদূষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও স্থানীয় পর্যায়ে কার্যকর সমাধান উদ্ভাবনে আয়োজিত চিত্রাঙ্কন ও উদ্ভাবনী উদ্যোগ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের সিসাদূষণ শনাক্তকরণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুটি বহনযোগ্য এক্স-রে ফ্লুরোসেন্স (এক্সআরএফ) বিশ্লেষণযন্ত্র হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হা-ম-লা-র জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


সৌদিতে হা-ম-লা-র জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি

ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি প্রতিশ্রুতি দিয়েছেন যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি এই নিশ্চয়তা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে প্রদান করেন।

গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর, বুধবার প্রথমবারের মতো সৌদি আরব সফরে যান ইরাকি প্রধানমন্ত্রী। রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।

ইরাকি বার্তা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে, ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে, প্রতিবেশী দেশগুলোর শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ডের জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। বাগদাদের লক্ষ্য হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ককে এগিয়ে নেওয়া।

প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পেছনে রয়েছে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনা। গত মাসে সৌদির প্রধান ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়, যা পরে নিশ্চিত করা হয় যে, হামলাটি ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছিল।

হামলার পর সৌদি আরবকে সাময়িকভাবে তেল রপ্তানি বন্ধ রাখতে হয়েছিল। এই পাইপলাইনটি দেশটির জ্বালানি সরবরাহব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। তবে হামলার পর বন্ধ হয়ে যাওয়া পাইপলাইনটির কার্যক্রম ইতিমধ্যে আবার শুরু হয়েছে।

এই ঘটনার পর সৌদি আরব ও ইরাকের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিকে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ এবং প্রতিবেশী দুই দেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইরাকের এই অবস্থানের মাধ্যমে দেশটির ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ বন্ধ রাখার বিষয়ে বাগদাদের অঙ্গীকার আবারো স্পষ্ট হলো।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর হয়েছে এবং দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমির হতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

অভিযোগ উঠেছে, মাহবুবুর রহমানের বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ের সামনে তার গাড়ি ভাঙচুর করেন। এ সময় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেক্রেটারি মাহবুবুর রহমান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন। সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে সহসাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

দলীয় সূত্রের দাবি, বুধবার রাতেই নতুন কমিটি গঠনের ভোট গ্রহণের সম্ভাবনা ছিল। এ নিয়ে চলমান বৈঠকে সেক্রেটারি মাহবুবুর রহমান তার অনুসারীদের আমন্ত্রণ জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটান বলে সূত্রগুলো জানিয়েছে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।’

এ বিষয়ে জানতে সেক্রেটারি মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আমার দেশকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছি। এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে। ভেতরে জামায়াতের ঊর্ধ্বতন নেতারা আছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানি ১৩ বছরের নিচে শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


জার্মানি ১৩ বছরের নিচে শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করছে

জার্মানির মন্ত্রিসভা শিশু-কিশোরদের অনলাইনে সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞাসহ নতুন নীতিমালা অনুমোদন করেছে। বুধবার অনুমোদিত এই নীতিমালায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা চালুর পরিকল্পনা রয়েছে। খবর আনাদোলুর।

নতুন নীতিমালার উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করা, ডিজিটাল প্রযুক্তির দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং ডিজিটাল জগতে তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা। গত মাসে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন ৫৬টি সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনকে ভিত্তি করে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।

জার্মানির শিক্ষামন্ত্রী ও পরিবারবিষয়ক মন্ত্রী কারিন প্রিন এক বিবৃতিতে উল্লেখ করেন, বিশ্লেষণের পর্যায় শেষ হয়েছে এবং এখন বাস্তবায়নের সময় এসেছে। নতুন কাঠামোর মাধ্যমে সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে শিশু-কিশোরেরা ডিজিটাল জগতে নিরাপদে ও স্বাধীনভাবে বেড়ে উঠতে পারবে।

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। ইন্টারনেট এখন তরুণদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। তাই সরকার তাদের ডিজিটাল জগত থেকে দূরে সরিয়ে না রেখে ঝুঁকি মোকাবিলায় সক্ষম করে তুলতে চায়।

প্রস্তাব অনুযায়ী, ১৩ বছরের কম বয়সীরা টিকটক, স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। তবে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি থাকবে। ১৩ থেকে ১৮ বছর বয়সীদের জন্য বয়সভেদে আলাদা বিধিনিষেধ নির্ধারণ করা হবে।

এছাড়া, ২০২৭ সাল থেকে জার্মানিতে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল পরিচয়পত্র ব্যবস্থার স্থানীয় সংস্করণ ‘ডি-ইউ’-এর মাধ্যমে নির্ভরযোগ্য বয়স যাচাই চালুর পরিকল্পনা রয়েছে।

অনলাইনে আসক্তি তৈরি করে এমন নকশা বন্ধ করার জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ দিতে চায় জার্মানি। এ বিষয়ে ইইউর ‘কিডস অ্যাক্ট’ নিয়ে আলোচনায় দেশটি এমন প্রস্তাব দেবে, যাতে অ্যালগরিদমভিত্তিক সুপারিশব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকে। পাশাপাশি অনবরত স্ক্রল করা এবং বাধ্যতামূলকভাবে বারবার প্ল্যাটফর্ম ব্যবহারে উৎসাহিত করে—এমন ফিচার নিয়ন্ত্রণের ব্যবস্থাও চায় বার্লিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%