ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রুবেল মেম্বারের সভাপতিত্বে উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে -মেইন সড়ক পর্যন্ত ইট সলিং কাজের উদ্বোধন


রুবেল মেম্বারের সভাপতিত্বে উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে -মেইন সড়ক পর্যন্ত ইট সলিং কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাতিয়াইন-তিলপাড়ার মেইন সড়ক পর্যন্ত রাস্তার ইট সলিং কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চাপরতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল খার সভাপতিত্বে এ কাজের উদ্বোধন করা হয়।
দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। বিশেষ করে উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীদের যাতায়াতে ভোগান্তি ছিল বেশি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, সাবেক ইউপি সদস্য গেদু মিয়া, বিএনপি নেতা জালাল মিয়া, আব্দুল হামিদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
রুবেল মেম্বার: দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কাজটি গুরুত্বপূর্ণ
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ রুবেল খা বলেন, চাপরতলা ইউনিয়নের উন্নয়ন তহবিল থেকে এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের প্রচেষ্টায় প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে উড়িয়াইন গ্রামের মানুষ রাস্তাটির কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। সামান্য বৃষ্টি হলেই কাদামাটির কারণে রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। এমনকি অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যেতেও অনেক সমস্যায় পড়তে হয়।
রুবেল খা বলেন, “এই রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।”
এলজিইডির আওতায় নেওয়ার দাবি
এ সময় ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল বলেন, রাস্তাটির উন্নয়ন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ইট সলিংয়ের পাশাপাশি ভবিষ্যতে রাস্তাটি আরও টেকসই করতে এলজিইডির আওতায় নেওয়া প্রয়োজন।
তিনি এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের হস্তক্ষেপ কামনা করে বলেন, এমপি মহোদয় উদ্যোগ নিলে উড়িয়াইন গ্রামের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এলজিইডির আওতায় এনে স্থায়ীভাবে উন্নয়ন করা সম্ভব হবে।
স্থানীয়রা জানান, উড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছাতিয়াইন-তিলপাড়ার মেইন সড়ক পর্যন্ত রাস্তাটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন।
দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছাত। এখন ইট সলিংয়ের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
স্থানীয়রা রুবেল মেম্বারের উদ্যোগ ও সভাপতিত্বে কাজটি শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে দ্রুত ও মানসম্মতভাবে কাজটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে রাস্তাটি এলজিইডির আওতায় এনে পাকাকরণসহ স্থায়ী উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
অনুষ্ঠানের শেষে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী সড়ক উন্নয়নকাজের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের সুস্থতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বমঞ্চে চীনের ‘সফট পাওয়ার’ তুলে ধরছেন ফার্স্ট লেডি পেং লিয়ুয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


বিশ্বমঞ্চে চীনের ‘সফট পাওয়ার’ তুলে ধরছেন ফার্স্ট লেডি পেং লিয়ুয়ান

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্ত্রী পেং লিয়ুয়ান আন্তর্জাতিক পর্যায়ে চীনের সাংস্কৃতিক ও কূটনৈতিক প্রভাবকে তুলে ধরছেন তাঁর উপস্থিতির মাধ্যমে। রাষ্ট্রীয় সফরগুলোতে স্বামীর সঙ্গে অংশগ্রহণ করে তিনি চীনের প্রতিনিধিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

পেং লিয়ুয়ান একজন সুপরিচিত সংগীতশিল্পী হিসেবে পরিচিত। দীর্ঘ সংগীতজীবনের ফলে দেশে তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে। রাষ্ট্রীয় সফর ও বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি চীনের ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিকতার একটি আকর্ষণীয় উপস্থাপনা হিসেবে গণ্য করা হয়।

শি জিনপিংয়ের সঙ্গে বিদেশ সফরে পেং লিয়ুয়ানের পোশাক, ব্যক্তিত্ব এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মকাণ্ড আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিশেষ করে রাষ্ট্রীয় ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিদেশি নেতাদের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সাক্ষাৎ চীনের কূটনৈতিক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ক্ষমতার বাইরে সংস্কৃতি ও ব্যক্তিগত যোগাযোগও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করতে পারে। পেং লিয়ুয়ানের সংগীতজীবন এবং আন্তর্জাতিক উপস্থিতি সেই সাংস্কৃতিক ‘সফট পাওয়ার’-এর একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি, তিন হাজার মানুষের জীবিকা নির্বাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


গোপালগঞ্জে বছরে কোটি টাকার শাপলা বিক্রি, তিন হাজার মানুষের জীবিকা নির্বাহ

গোপালগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : কাশিয়ানী উপজেলা গোপালগঞ্জের একটি বিল অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে এই অঞ্চলের বিভিন্ন খাল-বিল ও জলাশয় পানিতে ভরে যায়। এ পানিতে প্রাকৃতিকভাবে শাপলা ফুল জন্ম নেয়। বর্ষা মৌসুমে কাশিয়ানী উপজেলার তিন হাজার মানুষ শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

কৃষকদের বর্ষা মৌসুমে তেমন কাজ না থাকায়, এলাকার অনেক কৃষক, বেকার এবং অন্যান্য পেশার লোকজন বর্তমানে শাপলা সংগ্রহের পেশায় যুক্ত হয়েছেন। পুষ্টিগুণ সমৃদ্ধ এই শাপলা একদিকে সবজির চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে বর্ষাকালে কাজ না থাকা বেকার মানুষের জন্য আয়ের সুযোগ তৈরি করছে।

উপজেলার সিংগা, রাহুথড়, হাতিয়াড়া, শিল্টাসহ বিভিন্ন বিলে ভোরে বিভিন্ন বয়সী নারী-পুরুষরা নৌকা নিয়ে ঘুরে ঘুরে শাপলা সংগ্রহ করেন। এ পেশায় কোনো পুঁজির প্রয়োজন না হওয়ায় এটি বেশ লাভজনক।

শাপলা ফুল সাধারণত বর্ষায় ডুবে যাওয়া বোরো ধানক্ষেত, পাটক্ষেত ও আমন ধানক্ষেতের মধ্যে বেশি জন্মায়। শাপলা শুধুমাত্র জাতীয় ফুল নয়, বরং বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে একটি জনপ্রিয় সবজি হিসেবেও পরিচিত।

শাপলা বিক্রির জন্য উপজেলার রাহুথড়ে একটি পাইকারি বাজার গড়ে উঠেছে। ভোরের আলো ফুটতেই আশপাশের গ্রামসহ প্রত্যন্ত এলাকা থেকে শাপলা সংগ্রহকারীরা এখানে জড়ো হন। ক্রেতা-বিক্রেতার সমাগমে বাজার মুখরিত হয়ে ওঠে। শাপলা ফুলের সাদা আভায় পুরো বাজার আচ্ছাদিত হয়ে যায়। পাইকাররা এসব শাপলা কিনে জেলা সদরসহ পার্শ্ববর্তী যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল ও লোহাগড়ায় বিক্রি করেন।

রাহুথড় শাপলার পাইকারি আড়তের ইজারাদার শংকর কুমার বসু বাসস’কে জানান, প্রতিদিন সকালে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষরা শাপলা সংগ্রহ করে নৌকায় করে পাইকারি দামে বিক্রির জন্য এখানে নিয়ে আসেন। পাইকাররা এসব শাপলা কিনে ভ্যান, ইজিবাইক ও নছিমন করে কাশিয়ানী সদরসহ যশোর, খুলনা, আলফাডাঙ্গা ও ভাটিয়াপাড়া নিয়ে বিক্রি করেন। প্রতিদিন প্রায় ২০-৩০ গাড়ী শাপলা এখান থেকে বিভিন্ন জেলায় যায়।

শাপলা সংগ্রহকারী গোবিন্দ বিশ্বাস বলেন, ‘আমি দীর্ঘ ১০ বছর ধরে বর্ষাকালে শাপলা বিক্রি করে সংসার চালাচ্ছি। প্রতিদিন প্রায় ৫-৭শ’ টাকার শাপলা সংগ্রহ করতে পারি। ভোরে রাহুথড় বাজারে পাইকারি দামে বিক্রি করে দেই।’

কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা মো এজাজুল করীম বাসস’কে জানান, ‘শাপলা একদিকে মানুষের পুষ্টির চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। কাশিয়ানীর বিলাঞ্চলে বর্ষাকালে কোনো ফসল হয় না। তখন কৃষকদের কোনো কাজ থাকে না। তারা তখন বিল থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে সংসারের খরচ যোগান। প্রায় তিন হাজার পরিবার শাপলা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে ব্যাপক ড্রোন ও বিমান হামলা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


আফগানিস্তানে ব্যাপক ড্রোন ও বিমান হামলা পাকিস্তানের

পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে, যা আফগানিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলা চেষ্টার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এই তথ্য জানান। খবর জিও নিউজের

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে নির্ভুল বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এসব স্থান থেকে ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণ করা হতো।’

একদিন আগে, পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছিল যে, আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্রগুলো জানায়, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটটি ড্রোনকে সময়মতো শনাক্ত করে এবং সেগুলোকে বাধা দিয়ে ভূপাতিত করে। এর মধ্যে চারটি তোরখাম সীমান্তসংলগ্ন এলাকায় এবং বাকি চারটি কোহাটের কাছের পার্বত্য এলাকায় ভূপাতিত করা হয়।

আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানের হামলাগুলো ছিল ‘পরিকল্পিত, নির্ভুল, নিয়ন্ত্রিত ও আনুপাতিক’। তিনি জানান, পাকিস্তানে হামলার চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত শনাক্ত সামরিক স্থাপনাগুলোতেই হামলা সীমাবদ্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর আফগান ভূখণ্ড থেকে ড্রোন পাঠিয়ে পাকিস্তানের ওপর যে হামলার চেষ্টা করা হয়েছে, ইসলামাবাদ তার তীব্র নিন্দা জানায়। এটি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘গুরুতর ও অগ্রহণযোগ্য আগ্রাসন’ বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, পাকিস্তান বহু বছর ধরে আফগান তালেবান সরকার ও সংশ্লিষ্টদের কাছে আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি ও তাদের সহযোগী নেটওয়ার্ক থাকার বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে।

তার দাবি, তালেবান সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার বদলে পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক ড্রোন অভিযান চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।

তারার বলেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনুপ্রবেশকারী সব ড্রোন শনাক্ত, অনুসরণ ও ধ্বংস করেছে। ফলে সেগুলো নির্ধারিত কোনো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

তিনি সতর্ক করে বলেন, আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী গোষ্ঠী কিংবা আফগান তালেবান সরকার নিজে কোনো হামলা চালালে পাকিস্তান তা মেনে নেবে না। পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো ঘটনায় তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

এছাড়া, তালেবান সরকারকে পাকিস্তানের বিরুদ্ধে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর, দৃশ্যমান ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তবে আতাউল্লাহ তারার সতর্ক করে বলেন, পাকিস্তান উত্তেজনা বাড়াতে চায় না এবং আঞ্চলিক শান্তি, সংলাপ ও গঠনমূলক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই অবস্থানকে দুর্বলতা বা শত্রুতামূলক কর্মকাণ্ড সহ্য করার মানসিকতা হিসেবে দেখা উচিত নয়।

তিনি বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। আফগান তালেবানের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ড হলে তার দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদেরই চরম মাশুল দিতে হবে: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদেরই চরম মাশুল দিতে হবে: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ যদি হাতছাড়া হয়, তবে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। তিনি অভিযোগ করেন, একাত্তরের ঘাতক এবং চব্বিশের পরাজিত শক্তি আজ একত্রিত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একইসাথে, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের অপচেষ্টা চালালে জামায়াত নেতাদের আবারও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে বলে তিনি চরম হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, যখন সরকার রাষ্ট্র পুনর্গঠনের মূল ধারায় আলোকপাত করছে, তখন একটি মহল পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। জামায়াত আমীরের সাম্প্রতিক বক্তব্য এবং আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার হুমকির মধ্যে স্পষ্ট যোগসূত্র রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখার পরিবর্তে জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সংস্কারকাজে বাধা সৃষ্টি করছে। এমনকি, জ্বালানি সংকটের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ইস্যুকে পুঁজিকরে তারা লংমার্চের নামে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে।

জামায়াত নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রাশেদ খান বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার যে মনোভাব জামায়াত দেখাচ্ছে, তা আত্মঘাতী। তাদের এই ইন্ধনেই নিষিদ্ধঘোষিত ও গণধিকৃত ছাত্রলীগ-যুবলীগ রাজপথে মিছিল করার দুঃসাহস পাচ্ছে। জামায়াত নেতাদের মনে রাখা উচিত- যে আওয়ামী লীগকে তারা ফেরাতে চাচ্ছে, সেই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে আবারও তাদের নেতাদের ফাঁসি দেবে। সুতরাং, এই দেউলিয়া রাজনীতি বন্ধ করে জামায়াত নেতাদের সতর্ক হওয়া প্রয়োজন।

এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আয়োজনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%