শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১৫ পি.এম
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন, পরিমার্জন ও গবেষণাকর্মে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।
এছাড়া, তিনি জানান, শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞতা শ্রেণিকক্ষে তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনা করছে কমিশন।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে তিনি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন। একই সঙ্গে, তিনি শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার ওপর গুরুত্ব দেন।
অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না।
তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।
শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কাজে লাগানোর আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ওষুধ, বস্ত্র ও টেলিযোগাযোগ খাতের অনেক প্রতিষ্ঠান সফটওয়্যার, প্রযুক্তি ও যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, উৎপাদন বা রাসায়নিক প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলেও বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের জন্য মাইক্রোপিপেটের টিপসের মতো সামগ্রীও আমদানি করতে হয়। এসব সমস্যার সমাধানে দেশের গবেষকদের সক্ষমতা কাজে লাগানো প্রয়োজন।
অধ্যাপক মামুন আহমেদ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান। তিনি বলেন, এসব প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে। তার মতে, গবেষণার অগ্রাধিকার হওয়া উচিত শিল্প ও দেশের বাস্তব সমস্যার সমাধান।
তিনি গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রাখার পরামর্শ দিয়ে বলেন, কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, ওষুধ ও রাসায়নিক শিল্প এবং পর্যটন খাতের সমস্যা নিয়েও যৌথ গবেষণার সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে। এ ছাড়া, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। চীনা বংশোদ্ভূত নারীরা তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় স্থান করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান কয়েনবেসের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান আর্মস্ট্রং—এদের মধ্যে অনেকের জীবনেই এই সম্পর্কের উদাহরণ দেখা যায়।
কিন্তু সিলিকন ভ্যালির ধনকুবেরদের জীবনে চীনা বংশোদ্ভূত নারীদের উপস্থিতি বেশি দেখা যায় কেন? এটি কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে শিক্ষা, পেশাগত যোগ্যতা ও সামাজিক পরিবেশের প্রভাব? সম্প্রতি যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
যাদের জীবনসঙ্গী চীনা বংশোদ্ভূত নারী
সিলিকন ভ্যালির ধনকুবেরদের মধ্যে মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান অন্যতম পরিচিত মুখ। তাদের পরিচয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। প্রিসিলা ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া একটি চীনা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ ও সমাজসেবী। স্বামীর সঙ্গে মিলে পরিচালনা করছেন ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামের একটি প্রতিষ্ঠান। ২০২৪ সালে ফোর্বস সাময়িকীর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকাতেও তিনি স্থান পান।
গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন বিয়ে করেছিলেন চীনা বংশোদ্ভূত মার্কিন আইনজীবী ও প্রযুক্তি উদ্যোক্তা নিকোল শানাহানকে। পরে তাদের বিচ্ছেদ ঘটে।
অন্যদিকে, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সঙ্গে চীনা নারী জোলিন ঝুর সম্পর্ক রয়েছে। এছাড়া কয়েনবেসের প্রতিষ্ঠাতা ব্রায়ান আর্মস্ট্রং বিয়ে করেছেন বেইজিংয়ে জন্ম নেওয়া চীনা বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী অ্যাঞ্জেলা মেংকে।
কেন চীনা বংশোদ্ভূত নারীদের প্রতি আগ্রহ?
সমাজবিজ্ঞানী ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে এই প্রবণতা ব্যাখ্যা করা সঠিক হবে না। এসব নারীর মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত, স্বাবলম্বী এবং নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত। প্রযুক্তি উদ্যোক্তাদের সঙ্গে তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠার পেছনে কয়েকটি সামাজিক ও পেশাগত কারণ রয়েছে।
শিক্ষা ও প্রযুক্তিতে এশীয়দের অংশগ্রহণ: যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত এবং স্ট্যানফোর্ড, বার্কলে ও হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে চীনা, ভারতীয় ও কোরীয় বংশোদ্ভূত শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ফলে পড়াশোনা ও কর্মক্ষেত্রে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠার সুযোগ তৈরি হয়।
শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মিল: প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তাদের জীবনসঙ্গীদের মধ্যে অনেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। যেমন প্রিসিলা চ্যান একজন চিকিৎসক, নিকোল শানাহান আইনজীবী এবং অ্যাঞ্জেলা মেং সফল ব্যবসায়ী। তাদের শিক্ষাগত যোগ্যতা, চিন্তাভাবনা ও পেশাগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে প্রযুক্তি উদ্যোক্তাদের মিল থাকতে পারে।
বহুসাংস্কৃতিক পরিবেশ: যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও সিলিকন ভ্যালি বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের বসবাসের অঞ্চল। সেখানে ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পরিচয়, বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিক।
তবে সিলিকন ভ্যালির সব ধনকুবেরের জীবনেই এমন সম্পর্কের উদাহরণ নেই। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিয়ে করেছেন মার্কিন সাংবাদিক লরেন সানচেজকে। অন্যদিকে, গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের স্ত্রী মার্কিন গবেষক লুসিন্ডা সাউথওয়ার্থ।
ব্যক্তিগত সম্পর্ক থেকে জাতীয় নিরাপত্তার বিতর্ক
সিলিকন ভ্যালির ধনকুবেরদের ব্যক্তিগত সম্পর্ক সাধারণত সামাজিক ও সাংস্কৃতিক আলোচনার বিষয় হলেও এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক ঘটনা বিষয়টিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কথিত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করতেন।
অন্যদিকে, মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার নিয়ন্ত্রিত প্রযুক্তি চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
তবে চীন এসব গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চীনের অগ্রগতি বাধাগ্রস্ত করতে এসব অভিযোগ তোলা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত চিপ প্রযুক্তির প্রতিযোগিতার যুগে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত তথ্য থাকে। ফলে তাদের ব্যক্তিগত সম্পর্কও কখনো কখনো আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় নিরাপত্তার আলোচনায় চলে আসে।
তবে একটি বা দুটি বিতর্কিত ঘটনা দিয়ে সিলিকন ভ্যালির সব আন্তসাংস্কৃতিক সম্পর্ককে সন্দেহের চোখে দেখা উচিত নয়। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে জাতিগত পরিচয়ের চেয়ে ব্যক্তির শিক্ষা, যোগ্যতা, পেশা ও পারস্পরিক বোঝাপড়াই বেশি গুরুত্বপূর্ণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় ২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি আগামী রোববার শুরু হতে যাচ্ছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ প্রশিক্ষণের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।
প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের জন্য পাঁচ দিনব্যাপী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনা, এই উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) — এই দুটি প্রকল্পের আওতায় ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিআরটিসির চলমান কর্মসূচির অংশ হিসেবে এই প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে।
বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারীও প্রশিক্ষণ গ্রহণ করছেন।
বিআরটিসির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম বাসসকে জানান, শুরুতে নতুন নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের হার কম থাকলেও দিন দিন তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি উল্লেখ করেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
ফাতেমা বেগম জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, বিদ্যমান পেশাদার চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী এই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, এসব প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের দায়িত্ববোধ আরও জোরদার করতে উৎসাহিত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের চলমান জ্বালানি সংকটের সমাধানে বায়োগ্যাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এ মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বায়োগ্যাসের ব্যবহার বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এই কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা সদরের আমড়াতলীর বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানটির আয়োজন করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার সর্বাধিক বদ্ধপরিকর। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন এবং তাদের পরিবারকেও স্বাবলম্বী করবেন। এর ফলে সামগ্রিকভাবে দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে।
তিনি উল্লেখ করেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরি করা প্রয়োজন। এজন্য তরুণদের জন্য খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদ্দবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ যেন একটি মিউজিক্যাল চেয়ার হয়ে উঠেছে। একজন কোচ আসেন, কিছুদিন দায়িত্ব পালন করেন, পরে ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন। নতুন কোচ খুঁজতে গিয়ে গত ১৩ বছরে ক্লাবটির খরচ কম হয়নি। কোচ নিয়োগ ও বরখাস্তের ক্ষতিপূরণ বাবদ ইউনাইটেডের খরচ দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার।
স্পোর্টস ইলাস্ট্রেটেডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালে ফার্গুসন অবসরে যাওয়ার পর থেকে স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতজন। ইউনাইটেডের তালিকায় সর্বশেষ বিদায় নেওয়া নাম মাইকেল ক্যারিক, যিনি অষ্টম স্থায়ী কোচ হিসেবে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। কোচদের নিয়োগ ও বরখাস্তের ক্ষতিপূরণ হিসাব করলে ক্লাবটির মোট ব্যয় দাঁড়িয়েছে ১২৯ মিলিয়ন ডলারে। উল্লেখ্য, এই অঙ্কের মধ্যে কোচদের বেতন অন্তর্ভুক্ত নয়।
হোসে মরিনিও সবচেয়ে বেশি ক্ষতিপূরণ পেয়েছেন। ২০১৮ সালের ডিসেম্বরে তাঁকে বরখাস্ত করার পর ইউনাইটেডকে দিতে হয়েছিল ২৬.২ মিলিয়ন ডলার। এরপর রালফ রাংনিকের বিদায়েও বড় অঙ্কের খরচ হয়। ২০২১-২২ মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার সময় তাঁকে দেওয়া হয়েছিল ১৯.৬ মিলিয়ন ডলার। যদিও তাঁর স্বল্পমেয়াদি কোচের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরামর্শক হিসেবে কাজ করার কথা ছিল।
রুবেন আমোরিমের নিয়োগ ও বিদায়ের অভিজ্ঞতা ছিল সবচেয়ে ব্যয়বহুল। স্পোর্টিং সিপি থেকে তাঁকে আনতে ইউনাইটেডকে ১৪.৭ মিলিয়ন ডলার খরচ করতে হয়েছিল। ২০২৬ সালের জানুয়ারিতে দায়িত্ব হারানোর পর তিনি ক্ষতিপূরণ হিসেবে আরও ১৩.৪ মিলিয়ন ডলার পান। অর্থাৎ তাঁর পেছনে মোট ব্যয় দাঁড়িয়েছে ২৮.১ মিলিয়ন ডলার। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউনাইটেডের কোচদের মধ্যে প্রিমিয়ার লিগে তাঁর জয়ের হার ছিল সবচেয়ে কম।
ক্লাবটি কোচ নিয়োগে অন্যদের পেছনেও অর্থ ব্যয় করেছে। ওলে গুনার সুলশারের জন্য মোলদেকে ১.৩ মিলিয়ন ডলার এবং এরিক টেন হাগের জন্য আয়াক্সকে ২.১ মিলিয়ন ডলার দিতে হয়েছিল। তাঁদের বিদায়ের ক্ষতিপূরণ ছিল যথাক্রমে ১৩.৪ ও ১৩.৯ মিলিয়ন ডলার। লুই ফন গাল পেয়েছিলেন ১১.২ মিলিয়ন ডলার, আর ডেভিড ময়েসের বিদায়ে খরচ হয়েছিল ৬.৫ মিলিয়ন ডলার।
ক্যারিকের বিদায়ে ইউনাইটেডের খরচ তুলনামূলকভাবে কম হচ্ছে। মে মাসে চুক্তি করার সময় রাখা ব্রেক ক্লজের কারণে ২০২৬-২৭ মৌসুমের বাকি সময়ের বেতন বাবদ ৬.৭ মিলিয়ন ডলার দিতে হবে তাঁকে। ২০১৪ সালে ময়েসের বিদায়ের পর এটিই কোনো কোচকে বরখাস্ত করতে ইউনাইটেডের দেওয়া সর্বনিম্ন ক্ষতিপূরণ।
সব মিলিয়ে কোচদের নিয়োগে ১৮.১ মিলিয়ন এবং বরখাস্তে ১১০.৯ মিলিয়ন ডলার ব্যয় করেছে ইউনাইটেড। অর্থাৎ নতুন কোচ আনার চেয়ে বিদায় জানাতে অনেক বেশি অর্থ খরচ হয়েছে তাদের। ২০১৬ সালে পল পগবাকে জুভেন্টাস থেকে ফিরিয়ে আনতে যে ১১৬ মিলিয়ন ডলার ব্যয় করেছিল ক্লাবটি, কোচদের পেছনে খরচ তার চেয়েও বেশি।
এখন ক্যারিকের উত্তরসূরি খুঁজছে ইউনাইটেড। প্রতিবেদনে সম্ভাব্য প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনোর নাম উল্লেখ করা হয়েছে। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টাইন কোচ। তবে তাঁর চুক্তিতে ১০ মিলিয়ন ডলারের বাইআউট ক্লজ রয়েছে। কোচিং স্টাফকে সঙ্গে আনতে হলে ইউনাইটেডকে আরও অর্থ খরচ করতে হতে পারে।
বিকল্প হিসেবে আলোচনায় আছেন উনাই এমেরি, ইয়ুলিয়ান নাগলসমান ও আন্তোনিও কন্তেও। অ্যাস্টন ভিলার কোচ এমেরিকে পেতে প্রায় ২৭ মিলিয়ন ডলার দাবি করতে পারে তাঁর বর্তমান ক্লাব। নাগলসমান ও কন্তে বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বে না থাকায় তাঁদের নিয়োগে ক্ষতিপূরণ দিতে হবে না। নিউক্যাসল ছেড়ে যাওয়া এডি হাওয়েকেও বিবেচনায় রাখতে পারে ইউনাইটেড; তাঁকে নিয়োগ দিলে প্রায় ৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফার্গুসনের পর একের পর এক কোচ বদল করেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ নিয়োগের আগে তাদের সামনে বড় প্রশ্ন হলো—আর কত অর্থ খরচ করলে মিলবে সঠিক উত্তর?
তালাশ বিডি/মিডিয়া লিঃ