০৬:৫৫ পি.এম
সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জুলাই নারী সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি হবে ভেবেছিল সবাই। কিন্তু অবস্থা আরও খারাপ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনেক কাজে ব্যস্ত এবং সংবিধান সংশোধনে ব্যস্ত। তবে আইনশৃঙ্খলার উন্নতিতে তার কোনো তৎপরতা নেই।’
আরও পড়ুন: বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন উৎস খুঁজছে বাংলাদেশ ব্যাংক
তিনি বলেন, ‘চব্বিশের ১৪ জুলাই ঐতিহাসিক দিন। তখন ঐ দিন যেই রাষ্ট্রপতির কাছে স্বারকলিপি দিয়েছিলাম, সেই রাষ্ট্রপতি এখনো বহাল আছেন। ১৪ জুলাই নারীদের অবদানের কারণে ১৫ জুলাই নারীদের ওপর টার্গেট করা হয়েছিল। নারীদের ওপর হামলার দৃশ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।’
বিরোধীদলীয় হুইপ আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ এবং অবদানের কথা আমরা সবসময় বলি। নারী কোটার বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী পুরুষ সবাই রাস্তায় নেমেছিল। নারীরা আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় তাদের ওপর নানাভাবে টার্গেট করা হয়। তবে আন্দোলন পরবর্তী সময়ে নারীদের আমরা সেই স্পেসটা করে দিতে পারিনি। তবে নারীরা আমাদের সঙ্গে রয়েছে। নারীর শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে। নারীদের রাজনৈতিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
প্রান্তিক নারীদের খোঁজখবর রাখতে না পারার কথা জানিয়ে তিনি বলেন, ‘নারী শক্তির প্রতি আহ্বান থাকবে এবং নারীদের দাবিগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।’
জুলাই গণহত্যার বিচার দাবি জানিয়ে নাহিদ বলেন, ‘এ সরকার এসে আইসিটি ট্রাইব্যুনাল সরিয়ে দিয়েছে, কেন দিয়েছে জানি না। ইনুর ১০ বছরের সাজা দিয়েছে, সেটা কোনোভাবেই কাম্য নয়।’
আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক অর্জন ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
নারী সমাবেশে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আকতার বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। শেখ হাসিনা একজন নারী নয়, তিনি ফ্যাসিস্ট, হত্যাকারী, খুনি। হাসিনা চলে গেলেও তার ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। রাষ্ট্রকে বিনির্মাণ করার সুযোগ হয়নি।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ের প্রেরণা যেন আমরা ভুলে না যাই। নারীদের সামনে আনার মতো কাজ আমাদের করতে হবে। পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোতে নারীরা এখনও পিছিয়ে রয়েছেন, তাদের সামনে এগিয়ে আনতে হবে। আন্তর্জাতিক শক্তিগুলো আমাদের অধিকার হরণ করতে চায়। দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রও রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের অধিকারের ওপর হস্তক্ষেপ করছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন