ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সন্তান কি সংসার ও ভালোবাসার একমাত্র মাপকাঠি?


সন্তান কি সংসার ও ভালোবাসার একমাত্র মাপকাঠি?

সাতটি বছর একটি দীর্ঘ সময়। একটি সম্পর্কের শারীরিক ও মানসিক দিক থেকে অসংখ্য স্মৃতি এবং যৌথ স্বপ্নের জন্য এই সময়কাল যথেষ্ট। যে ব্যক্তির পাশে শুয়ে জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া যায়, সেই ব্যক্তি যখন একদিন পাথরের মতো শক্ত হয়ে বলে দেয়—‘তোমার সঙ্গে আর নয়,’ তখন কি কেবল একটি সংসার ভেঙে যায়, নাকি নারীর আত্মমর্যাদা এবং তার পুরো অস্তিত্বও ভেঙে যায়?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বরিশালের হিজলার একটি হৃদয়বিদারক দৃশ্য আমাদের স্তব্ধ করে দেয়। স্থানীয় এক সালিশে বিচ্ছেদ ঠেকাতে স্বামী রনি খানের দুটি পা জড়িয়ে ধরে করুণ আর্তনাদ করছিলেন ইতি আক্তার নামের এক নারী। বারবার কাঁপা কণ্ঠে তিনি অনুরোধ করছিলেন, ‘আমাকে এভাবে ফেলে যেও না।’ কিন্তু পাথরের মতো অনড় স্বামীর মন একটুও গলল না। এক লাখ ৮০ হাজার টাকা দেনমোহরের বিনিময়ে মুহূর্তেই চুরমার হয়ে গেল সাত বছরের সাজানো সংসার। রনি খানের নিষ্ঠুর অভিযোগ—চিকিৎসার পর তিনি জানতে পেরেছেন, ইতি আক্তার নাকি কখনো মা হতে পারবেন না! যে মানুষটির সুখের জন্য ইতি নিজের সব উজাড় করে দিয়েছিলেন, আজ একটি জৈবিক অক্ষমতা তার কাছে ইতিকে পর করে দেওয়ার একমাত্র কারণ হয়ে দাঁড়াল।

এমন করুণ ও নির্মম চিত্র কেবল হিজলার ইতির জীবনেই সীমাবদ্ধ নয়। শহরের শিক্ষিত ও স্বাবলম্বী নারীদের ক্ষেত্রেও দৃশ্যপট অত্যন্ত নির্মম। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি মাদরাসার বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মাসুদা খাতুনের (ছদ্মনাম) গল্পটি আরো বেশি আত্মত্যাগের এবং মর্মান্তিক প্রতারণার। বিয়ের সময় মাসুদার স্বামী ছিলেন সম্পূর্ণ বেকার ও নিঃস্ব পরিবারের এক যুবক। নিজের বেতনের কষ্টের টাকায় একটানা তিনটি বছর পুরো শ্বশুরবাড়ি আগলে রেখেছিলেন মাসুদা। স্বামীর পড়াশোনা এবং ব্যাংকের চাকরির পরীক্ষার ফরম তোলা থেকে শুরু করে জীবনের প্রতিটি বাঁকে তিনি আর্থিক ও মানসিক সহায়তা জুগিয়েছেন। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গেলে যখন সেই স্বামী একটি ব্যাংকের অফিসার পদে চাকরি পেলেন, তখন সব হিসাব বদলে গেল! বন্ধ্যত্বের অজুহাত তুলে স্ত্রীকে সামান্য চিকিৎসার সুযোগটুকুও দেওয়া হলো না; এক তুড়িতে তাকে তালাক দিয়ে দেওয়া হলো। যার উপার্জনে অন্ধকার থেকে আলোর মুখ দেখলেন, আজ নিজের একটু সুদিন আসতেই সেই সহযাত্রীকে অবলীলায় ‘অপ্রয়োজনীয়’ বানিয়ে ছুড়ে ফেললেন তিনি।

আরও পড়ুন: পাবনার মাহমুদা সুলতানা নাসায় ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন

কেন কাঠগড়ায় কেবলই নারী

চিকিৎসাবিজ্ঞান বিশ্বজুড়ে বহুবার প্রমাণ করেছে, সন্তান না হওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়েরই শারীরিক কারণ থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বন্ধ্যত্বের জন্য ৩০-৪০ শতাংশ ক্ষেত্রে পুরুষ, ৩০-৪০ শতাংশ ক্ষেত্রে নারী এবং বাকি ক্ষেত্রে উভয়ই অথবা অজ্ঞাত কারণ দায়ী থাকে। অথচ আমাদের পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামোয় আজও স্ত্রীর কোনো চিকিৎসাগত পরীক্ষা ছাড়া সন্তান না হওয়ার একক দায়ভার তার ওপরই চাপিয়ে দেওয়া হয়। পুরুষরা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে অনীহা প্রকাশ করেন, এমনকি চিকিৎসা বা কাউন্সেলিংয়ের পথটুকুও এড়ান।

সমাজ নারীকে দেখে কেবলই একটি ‘সন্তান জন্মদানের যন্ত্র’ হিসেবে। পবিত্র কোরআনে স্পষ্টভাবে সুরা আশ-শূরায় বলা হয়েছে—‘তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন।’ অর্থাৎ সন্তান হওয়া বা না হওয়া এক অলৌকিক ও নিয়ন্ত্রণাতীত বিষয়। অথচ এই অনাগত জীবনের অজুহাতে হাজার দিনের চেনা ভালোবাসাকে এক নিমেষে অস্বীকার করা হয়। উদ্বেগজনক বিষয় হলো, সন্তান না হওয়ার কারণে বিচ্ছেদের ঘটনায় প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে বলির পাঁঠা বানানো হয় নারীকে। অথচ পুরুষ বন্ধ্যা হলে কিন্তু অধিকাংশ নারী সংসার ত্যাগ করেন না।

সম্পর্কের সংজ্ঞা কি তবে শুধুই বংশবৃদ্ধি?

আরও পড়ুন: মলাটকাব্যের শিল্পী ইরা: প্রচ্ছদশিল্পী আভা তাজনোভা খানের সৃজনশীলতার গল্প

একটি বিয়ে কি কেবল বংশ রক্ষার কোনো সামাজিক চুক্তি? নাকি দুটি মানুষের সুখে-দুঃখে পাশাপাশি থাকার অঙ্গীকার? ইতি আক্তার বা মাসুদা খাতুনদের মতো নারীরা যখন নিজেদের জীবন ও উপার্জনের সব আলো দিয়ে স্বামীর অন্ধকার জীবন ভরিয়ে দিলেন, তখন তারা ছিলেন আদর্শ স্ত্রী।

আর যে মুহূর্তে একটি শারীরিক অক্ষমতা সামনে এলো বা স্বামীর ভাগ্য বদলে গেল, অমনি সেই সহযাত্রী পরিণত হলেন বোঝা হিসেবে। যে সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে ভালোবাসায়, তা কেন একটি সন্তানের দোহাই দিয়ে এভাবে নিঃশেষ হবে?

বিশেষজ্ঞ মতামত

এ ধরনের পারিবারিক ভাঙন ও মানসিক সংকট প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক বলেন, ‘আমাদের সমাজে দাম্পত্য সম্পর্ককে অনেক সময় দীর্ঘমেয়াদি কোনো বোঝাপড়া বা ভালোবাসার বন্ধন হিসেবে দেখা হয় না, বরং একে সামাজিক ও জৈবিক কর্ম সম্পাদনের একটি চুক্তি হিসেবে ভাবা হয়। সন্তান না হওয়ার বিষয়টি যখন একপক্ষীয়ভাবে স্ত্রীর একমাত্র ব্যর্থতা হিসেবে ধরে নেওয়া হয়, তখন তা কেবল ওই নারীর মানসিক স্বাস্থ্যকেই ধ্বংস করে না, বরং পুরো পরিবারব্যবস্থাকে অসুস্থ করে তোলে। বিশেষ করে যে নারীরা নিজেরা সংগ্রাম করে স্বামীদের প্রতিষ্ঠিত করেন, কিংবা চরম দুঃসময়ে পাশে থাকেন, তাদের ক্ষেত্রে এই প্রত্যাখ্যান চরম মানসিক ট্রমা বা বিষণ্ণতার জন্ম দেয়। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সমাজ ও মনস্তত্ত্বে আমূল পরিবর্তন আনতে হবে। শুধু আইনি সুরক্ষা নয়, প্রয়োজন দম্পতিদের জন্য নিয়মিত মনস্তাত্ত্বিক কাউন্সেলিং এবং এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার মানসিক প্রস্তুতি।’

আরও পড়ুন: ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে, লাগবে যেসব কাগজপত্র

আমাদের করণীয় ও উত্তরণের পথ

এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে এবং মানবিক সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে সবার আগে সন্তান না হওয়ার পেছনে কেবল স্ত্রীকে দায়ী করার মানসিকতা পরিহার করতে হবে। স্বামী ও স্ত্রী উভয়কেই আধুনিক চিকিৎসাবিজ্ঞানের শরণাপন্ন হতে হবে এবং প্রজনন স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সমাজকে বুঝতে হবে, নারীকে কেবল মাতৃত্বের ফ্রেমে বন্দি না রেখে একজন পূর্ণাঙ্গ মানুষ ও সমান অংশীদার হিসেবে তার মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে বন্ধ্যত্ব বা এ-জাতীয় পারিবারিক সংকটের মুখোমুখি দম্পতিদের মানসিক অবসাদ কাটাতে প্রাতিষ্ঠানিক ও পারিবারিক মনস্তাত্ত্বিক সহায়তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থানীয় সালিশ বা বিচ্ছেদের নামে নারীদের ওপর চাপ সৃষ্টি এবং দেনমোহর নিয়ে প্রতারণা রোধে স্থানীয় প্রশাসন ও সমাজকে জোরালো ভূমিকা পালন করতে হবে।

বরিশালের হিজলার ধুলোমাখা মাটিতে ইতি আক্তারের গুমরে গুমরে কাঁদার দৃশ্য আমাদের সমাজের আত্মায় এক বিশাল দাগ কেটে দিয়ে যায়। যে হাতে স্বামী স্ত্রীর হাত ধরে আজীবন পাশে থাকার শপথ নিয়েছিলেন, সেই হাত দিয়ে বিচ্ছেদের দলিলে সই করার আগে কি একবারও তার মনে পড়েনি ফেলে আসা দিনগুলোর কথা? সন্তান একটি দাম্পত্যের আনন্দ হতে পারে, কিন্তু দাম্পত্যের একমাত্র ভিত্তি নয়।

আরও পড়ুন: এআইয়ের হাতে মানবজাতির নিয়ন্ত্রণ তুলে দেওয়ার বিপক্ষে অ্যানথ্রপিকের প্রধান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ২৪ ঘণ্টায় ৩১ জন গ্রেফতার, ৭৫ পিস ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


খুলনায় ২৪ ঘণ্টায় ৩১ জন গ্রেফতার, ৭৫ পিস ইয়াবা উদ্ধার

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : খুলনা জেলার নয়টি থানার এলাকায় গত ২৪ ঘণ্টায় জেলা পুলিশ অভিযান ও যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।

এই অভিযানটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার, অপরাধ নিয়ন্ত্রণের এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অভিযানে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ৭৩৮টি যানবাহনে তল্লাশি চালানো হয়, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ৯টি মামলা দায়ের করা হয় এবং ১০টি যানবাহন আটক করা হয়।

এছাড়া, মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের অবহেলায় নাব্যতা হারিয়েছে রঙ্গাছড়া খাল, বিপাকে ব্যবসায়ী-শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


সরকারের অবহেলায় নাব্যতা হারিয়েছে রঙ্গাছড়া খাল, বিপাকে ব্যবসায়ী-শ্রমিকরা

সনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় সীমান্তবর্তী শ্রীপুর উত্তর ইউনিয়নের তিনটি স্থলবন্দর শুল্কস্টেশনের আমদানি কার্যক্রম দীর্ঘদিন ধরে নানা সংকটে ব্যাহত হচ্ছে। নদী ও রঙ্গাছড়া খাল খননের অভাব এবং অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন আমদানিকারক ব্যবসায়ী ও শ্রমিকরা। বছরের পর বছর বিভিন্ন সরকারের অবহেলা ও উন্নয়নবঞ্চনার কারণে সম্ভাবনাময় এ বাণিজ্যিক অঞ্চলটি এখন স্থবির হয়ে পড়েছে।
আমদানিকারকরা ভারত থেকে এলসির মাধ্যমে চুনাপাথর ও কয়লা আমদানি করলেও নৌপথের গুরুত্বপূর্ণ রঙ্গাছড়া খাল ও এর সঙ্গে সংযুক্ত নদীগুলোর নাব্যতা সংকটের কারণে পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার শ্রমিক।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ১৯৯১ সালে বড়ছড়া, ১৯৯৬ সালে চারাগাঁও এবং ২০০৬ সালে বাগলী শুল্কস্টেশন চালু হয়। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের সন্নিকটে অবস্থিত এই তিনটি শুল্কস্টেশন দিয়ে বর্তমানে কয়লা ও চুনাপাথর আমদানি করা হয়।
সীমান্তের ছড়া দিয়ে নেমে আসা পানি রঙ্গাছড়া খাল হয়ে প্রবাহিত হয়। এই নৌপথই শুল্কস্টেশনগুলোর পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু রঙ্গাছড়া খালের প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার এলাকায় তীব্র নাব্যতা সংকট দেখা দেওয়ায় নৌযান চলাচল ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অন্যদিকে বাগলী শুল্কস্টেশন থেকে মধ্যনগর উপজেলার মহিষখলা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার সড়ক এখনো কাঁচা রয়েছে। দীর্ঘদিনেও সড়কটি পাকাকরণ না হওয়ায় নৌপথের পাশাপাশি স্থলপথেও দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।
সড়ক ও নৌপথের এই সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে চুনাপাথর ও কয়লা পরিবহনে ব্যবসায়ীদের স্বাভাবিকের তুলনায় প্রায় চার গুণ পর্যন্ত অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। অথচ এই তিনটি শুল্কস্টেশন থেকে প্রতিবছর সরকার প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও বাগলী কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি মো. কামাল হোসেন বলেন, দ্রুত মহিষখলা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক পাকা করা হলে সুনামগঞ্জের সড়ক যোগাযোগের পাশাপাশি নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সহজ হবে। এতে ঢাকা পর্যন্ত পণ্য পরিবহনও অনেক সহজ ও সাশ্রয়ী হবে।
তিনি আরও বলেন, শুল্কস্টেশনগুলো নিয়মিত ও পূর্ণ সক্ষমতায় চালু থাকলে অন্তত ৬০ থেকে ৬৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ায় বর্তমানে হাজার হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় একাধিক ব্যবসায়ী ও শ্রমিক জানান, আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত রঙ্গাছড়া খাল খনন ও পাটলাই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খননকাজ জরুরি। অন্যথায় এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও সংকটের মুখে পড়বে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামছুল হক বলেন, নদীপথের নাব্যতা সংকট দূর করা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা না হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, “শ্রীপুর উত্তর ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলসি স্টেশন-সংলগ্ন রঙ্গাছড়া খাল আমি নিজে সরেজমিনে পরিদর্শন করেছি। খালটি খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত রঙ্গাছড়া খাল ও পাটলাই নদী খনন এবং বাগলী-মহিষখলা সড়ক পাকাকরণের কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলের আমদানি-বাণিজ্য ও হাজার হাজার মানুষের কর্মসংস্থান হুমকির মুখেই থেকে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ১১২০ যুবক-যুব নারী

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ১১২০ যুবক-যুব নারী

টাঙ্গাইলের মধুপুরে যুবসমাজের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান পরিবর্তনের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মধুপুর উপজেলা পরিষদের কনফারেন্স হলে বাংলাদেশ-জার্মান সম্প্রীতি (বিজিএস) আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিজিএসের ম্যানেজার (TVET) মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন সংস্থাটির ডেপুটি ডিরেক্টর (TVET) জগদীশ রায়।
তিনি বলেন, প্রশিক্ষণ শেষে যুবক-যুব নারীদের দক্ষ ও কর্মমুখী জনশক্তি হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলার সব সরকারি-বেসরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রশিক্ষণপ্রাপ্ত যুবসমাজকে কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়নের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।
এ সময় মতামত ও বক্তব্য দেন উপজেলা চাকরি সংস্থাপন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিউজ্জামান মনি, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল, উপজেলা উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা মিতু রানী ভাজন, মহিষমারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মহি উদ্দীন, বিজিএসের সিডিপি প্রকল্পের সমন্বয়কারী মো. মিলন চৌধুরী এবং EARN প্রকল্পের উপজেলা ম্যানেজার মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রকল্প সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত EARN প্রকল্পের আওতায় মধুপুর উপজেলায় মোট ১ হাজার ১২০ জন যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ২৭ মাস মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে যুগোপযোগী প্রশিক্ষণের পাশাপাশি তাদের জন্য কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে। EARN-এর মতো উদ্যোগ যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় অংশীজনেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ১০ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


টাঙ্গাইলে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, ১০ জন গ্রেপ্তার

টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া পতিতাপল্লী ও আশপাশের কয়েকটি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ১০টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল, SRB এবং আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

অভিযানটি কান্দাপাড়া পতিতাপল্লীর অভ্যন্তর, কান্দাপাড়া মাজার গেট, রবিদাসপাড়া এসএস আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকা, চাররাস্তার মোড় ও মধ্যম গলিসহ বিভিন্ন স্থানে পরিচালিত হয়। অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানে আলামত হিসেবে ২ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নুর হোসেন (৪৩), আনোয়ার (৪২), সোহাগ (২০), লিমন (১৯), ইফাতুল ইসলাম লিমন (২৩), বুলবুলি বেগম (৩০), সাদিয়া আক্তার (২১), সিজান (২০), জামিল খান (২২) এবং সরোয়ার হোসেন (২৯)। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এবং নাগরপুর উপজেলার সহবতপুরে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান, উপপরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলাম গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথম পাঁচজনকে এক মাস করে, ষষ্ঠ ও সপ্তম ব্যক্তিকে চার মাস করে, অষ্টম ব্যক্তিকে ১৫ দিন, নবম ব্যক্তিকে পাঁচ দিন এবং দশম ব্যক্তিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক রাহুল সেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%