বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৬ পি.এম
মানিকগঞ্জের ঘিওর এলাকায় গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যার ঘটনা নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রহস্য উদ্ঘাটনের দাবি করেছে। ঘটনার মাত্র তিন ঘণ্টার মধ্যে জসিম উদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের মতে, দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক, বিয়ের চাপ এবং বিরোধের কারণে চম্পাকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার জয়িতা শিল্পী। গ্রেপ্তার হওয়া জসিম ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। নিহত চম্পা একই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী এবং সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে কর্মরত ছিলেন।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ভোরে চম্পা কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন সকালে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় হত্যা মামলা দায়ের হলে তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
তদন্তের প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জসিমকে শনাক্ত করা হয়। এরপর মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে বীরসিংজুরী বাজারের একটি নির্মাণাধীন সেতুর পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের দাবি, চম্পার সঙ্গে জসিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ইমো ওমেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ করতেন। একসময় চম্পা তাঁকে বিয়ের জন্য চাপ দেন। তবে জসিম বিবাহিত এবং সন্তানের বাবা হওয়ায় বিয়েতে রাজি ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন বিয়ের বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম ওড়না পেঁচিয়ে চম্পাকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতের মৌসুমের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। বিশেষ করে, অনেকের পায়ের গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়। কখনও কখনও গোড়ালির চামড়া এতটাই শক্ত ও রুক্ষ হয়ে যায় যে মোজা পরার সময়ও অস্বস্তি অনুভূত হয়। নিয়মিত ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পরেও অনেকেই কাঙ্ক্ষিত ফল পেতে পারেন না। তবে ঘরোয়া যত্নের পাশাপাশি কিছু সহজ অভ্যাস মেনে চললে ফাটা গোড়ালির সমস্যা কমানো সম্ভব।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে ফাটা গোড়ালির যত্নে তিনটি উপকরণ ব্যবহার করে ঘরে ফুট ক্রিম তৈরির একটি পদ্ধতির উল্লেখ করা হয়েছে।
ফুট ক্রিম তৈরিতে যা লাগবে
১ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ নারকেল তেল
১ টেবিল চামচ হলুদগুঁড়ো
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
প্রথমে সামান্য নারকেল তেল হালকা গরম করুন। এরপর তাতে ঘি ও হলুদগুঁড়ো মিশিয়ে ভালোভাবে নাড়ুন। মিশ্রণটি ঠান্ডা হলে একটি পরিষ্কার কাচের পাত্রে সংরক্ষণ করুন।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম পানিতে পাঁচ মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর নরম তোয়ালে দিয়ে পা মুছে গোড়ালিতে মিশ্রণটি লাগান। সবশেষে এক জোড়া পরিষ্কার সুতির মোজা পরে ঘুমাতে পারেন।
আরো যেসব উপায়ে যত্ন নেবেন
ফাটা গোড়ালির যত্নে পাকা কলা ও মধু দিয়েও প্যাক তৈরি করা সম্ভব। পাকা কলা চটকে তার সঙ্গে মধু মিশিয়ে গোড়ালিতে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এছাড়া গোড়ালির শুষ্কতা কমাতে নিয়মিত ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে গোড়ালিতে ময়েশ্চারাইজার লাগানো উপকারী।
তবে মনে রাখতে হবে, ঘরোয়া উপায়ে সাত দিনেই ফাটা গোড়ালি সেরে যাবে—এমন নিশ্চয়তা নেই। গোড়ালিতে গভীর ফাটল, রক্তপাত, ব্যথা বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পা ঘষে মৃত চামড়া তোলার চেষ্টা না করে বিশেষ সতর্ক থাকা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন ব্যবসায়ী টড বোহলির নেতৃত্বে গঠিত এলড্রিজের একটি মার্কিন কনসোর্টিয়াম নিশ্চিত করেছে যে, তারা রাশিয়ার বৃহৎ তেল কোম্পানি লুকঅয়েলের বিদেশি সম্পদ অধিগ্রহণের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।
এলড্রিজের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ক্যাটেনা ইনভেস্টমেন্ট হোল্ডিং এবং এক্সটেলুস পার্টনার্সও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে, এই চুক্তির কার্যকর হওয়ার জন্য মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিসের (ওএফএসি) অনুমোদন নেওয়ার শর্ত রয়েছে।
রাশিয়ার এই তেল কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য লুকঅয়েল তাদের আন্তর্জাতিক সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। সূত্র: তাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান পশ্চিমবঙ্গের ভোটচোর বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং-এর ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে’র প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তারা এক বিবৃতিতে কড়া হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, "বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়াও নিরাপদ থাকবে না।"
বিবৃতিতে তারা বলেন, যেখানে ইন্ডিয়ার পাপেট পতিত ফ্যাসিস্ট হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র-জনতাকে দাবিয়ে রাখতে পারেনি, সেখানে বাহির থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকাবুলি ছাড়া আর কিছু নয়। বরং জুলাইর বিপ্লবী ছাত্র-জনতা ইন্ডিয়ার সবচে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভয়ে আছে বলে তারা মনে করেন।
তারা আরও বলেন, "সেই কারণে পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের লেলিয়ে আমাদের হুমকি দেওয়া হচ্ছে।" বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না। বরং এদেশে ইন্ডিয়ার আর যত চিহ্নিত অ্যাসেট আছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে ইনশাআল্লাহ।
হেফাজত নেতৃবৃন্দ মন্তব্য করেন, আজ বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আ.লীগ বা শেখ পরিবার নয়। এই বাস্তবতা বদলে গেছে। ইন্ডিয়ার হুঁশে ফেরা উচিত। পাপেট হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসিয়ে তাদের সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করেছিল আধিপত্যবাদী ইন্ডিয়া।
তারা উল্লেখ করেন, মোদিবিরোধী আন্দোলনের শহীদরা ছাড়াও ইন্ডিয়ার আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জনপ্রিয় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটছাত্র আবরার ফাহাদ নির্মমভাবে শহীদ হন। আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থীদের ওপর বিচারিক হত্যাকাণ্ড ঘটে। পিলখানায় ৫৭ জন শহীদ সেনা অফিসারের পাশাপাশি শহীদ ওসমান হাদির রক্তের দাগও লেগে আছে ইন্ডিয়ার হাতে। এই রক্তের দায় হিন্দুত্ববাদী ইন্ডিয়াকে একদিন শোধ করতে হবেই।
তারা আরও বলেন, নিজের সংখ্যালঘু মুসলমানদের রক্ষায় ব্যর্থ নির্লজ্জ ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতনের মিথ্যা বয়ান ফেরি করছে। চব্বিশে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা যাবে না। বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার প্রোপাগান্ডা-যুদ্ধ তারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন। কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। জুলাইতে ঈমানি শক্তিতে বলীয়ান বিপ্লবী ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় তা প্রমাণ করেছে। এছাড়া সামরিকভাবে শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো তাদের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলে তাদের বিশ্বাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাঠাও কুরিয়ার ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের কাছে পণ্য দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বৃহত্তম সর্টিং ফ্যাসিলিটি এবং ৪০০টির বেশি হাবের মাধ্যমে ১২,০০০ এর বেশি নিবেদিত ডেলিভারি এজেন্ট প্রতিদিন প্রায় তিন লাখ অর্ডার সফলভাবে পৌঁছে দিচ্ছেন। মার্চেন্টরা মাসে ৭০ লাখেরও বেশি অর্ডার পাঠাও কুরিয়ারকে প্রদান করছেন। তাদের এই অসামান্য দায়িত্বশীলতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা এজেন্টদের জন্য ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৬’ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
এই সম্মাননা অনুষ্ঠানটি দেশজুড়ে কয়েকটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে, যার সর্বশেষ আয়োজনটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এর আগে খুলনা, চট্টগ্রাম, বগুড়া, শ্রীমঙ্গল ও গাজীপুরে এজেন্টদের সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পাঠাও লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা এজেন্টদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা এজেন্টদের হাতে পুরস্কার তুলে দেন।
ডেলিভারি এজেন্টদের পাশাপাশি সেরা হাব, ক্লাস্টার ও রিজিওনাল লিডদেরও সম্মাননা প্রদান করা হয়। এবারের আয়োজনে মোট ২৭৬ জন পুরস্কৃত হন। বিজয়ীদের জন্য ছিল মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, সাইকেল, স্মার্টফোন, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন উপহার। দেশজুড়ে আয়োজিত এই সম্মাননা কার্যক্রমের মোট পুরস্কারের মূল্য ছিল কোটি টাকারও বেশি।
ঢাকার আয়োজনে মোটরবাইক জিতেছেন মো. আলামিন (নারায়ণগঞ্জ), মো. শামিম (লালবাগ) এবং মো. মনির হোসেন (মোহাম্মদপুর)। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে টেলিভিশন, ফ্রিজ, স্মার্টফোন ও পাওয়ার ব্যাংক তুলে দেওয়া হয়। অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
গ্রাহকদের আস্থা অর্জনে এজেন্ট ও কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পরিশ্রমের স্বীকৃতি দিতেই পাঠাও কুরিয়ারের এই আয়োজন। পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের পর বিজয়ী ও অংশগ্রহণকারীদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৬’ অনুষ্ঠান শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ