কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪০ পি.এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে চাচা-ভাতিজার বিরোধের জেরে বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাতিজা সিরাজ শেখসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন চাচা মো. মোতালেব শেখ (৬৫)।
ঘটনাটি ঘটেছে উপজেলার বানা ইউনিয়নের টোনা মৌজার আড়পাড়া (মাচপাড়া) এলাকায়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মোতালেব শেখ সিরাজ শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজ শেখের নেতৃত্বে ৭-৮ জন লোক মোতালেব শেখের জমিতে প্রবেশ করেন। পরে তারা বাঁশের খুঁটি পুঁতে পাটকাঠির বেড়া দিয়ে জমি দখল এবং বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিলে ভয়ভীতি দেখিয়ে জীবননাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মোতালেব শেখ জানান, সংশ্লিষ্ট জমির বৈধ কাগজপত্র তার নামে রয়েছে এবং তিনি নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছিল বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে সিরাজ শেখ বলেন, আমার চাচা মোতালেব শেখ যে জমিটিকে নিজের দাবি করছেন, সেটি নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে। আমরা জোর করে কারও জমি দখল করিনি এবং তাকে কোনো ধরনের হুমকিও দেওয়া হয়নি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জমির কাগজপত্র ও প্রকৃত ঘটনা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসামের রাজ্য সরকার মুসলিম বিয়ে নথিভুক্তির নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে মুসলিমদের বিয়ে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে নথিভুক্ত করা বাধ্যতামূলক হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আসাম মুসলিম বিবাহ নথিভুক্তি বাধ্যতামূলক বিধিমালা ২০২৬ অনুমোদন করা হয়েছে। এর ফলে মুসলিম বিয়ে নথিভুক্তির ক্ষেত্রে কাজীদের পূর্ববর্তী ভূমিকা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাচ্ছে এবং পুরো প্রক্রিয়া সরকারি ব্যবস্থার আওতায় আসছে।
মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, রাজ্যজুড়ে মুসলিম বিয়ে নথিভুক্তির জন্য একটি সমজাতীয় সরকারি ব্যবস্থা চালু করা হবে। সরকারি রেজিস্ট্রাররাই এই দায়িত্ব পালন করবেন। বিয়ের নথিভুক্তির আবেদন বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী আরও রেজিস্ট্রার নিয়োগের কথাও তিনি উল্লেখ করেছেন। আসাম সরকার ২০২৪ সালে মুসলিম বিবাহ ও বিচ্ছেদ বাধ্যতামূলক নথিভুক্তি আইন চালু করেছিল। ওই আইনের মাধ্যমে কাজীদের হাতে থাকা মুসলিম বিয়ে নথিভুক্ত করার ক্ষমতা প্রত্যাহার করা হয়েছিল। তবে তখন নতুন দায়িত্ব কার হাতে থাকবে, সে বিষয়ে বিস্তারিত ব্যবস্থা নির্ধারণ করা হয়নি।
এখন ২০২৬ সালের বিধিমালা অনুমোদনের মাধ্যমে সেই দায়িত্ব সরকারি রেজিস্ট্রারদের হাতে দেওয়া হলো। নতুন ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো মুসলিম বিয়েকে সরকারি নথির আওতায় আনা এবং বাল্য বিয়ে প্রতিরোধ করা। ২০২৪ সালের আইনে মুসলিম বিয়ের ক্ষেত্রে মেয়েদের জন্য বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের জন্য অন্তত ২১ বছর নির্ধারণ করা হয়েছিল। বিয়ে নথিভুক্তির সময় বয়স, পরিচয় ও ঠিকানার প্রমাণসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি ছেলে ও মেয়ের স্বেচ্ছায় বিয়েতে সম্মতির ঘোষণাপত্রও প্রয়োজন হবে।
আসামে মুসলিম বিয়ে নথিভুক্তির ইতিহাস অবশ্য আরও পুরোনো। ১৯৩৫ সালের আসাম মুসলিম বিবাহ ও বিচ্ছেদ নথিভুক্তি আইনে মুসলিম বিয়ে নথিভুক্ত করা বাধ্যতামূলক ছিল না। পরে ২০১০ সালে সেই আইনে পরিবর্তন এনে মুসলিম বিয়ে নথিভুক্তি বাধ্যতামূলক করা হয়। তবে তখনও নথিভুক্তির দায়িত্ব কাজীদের হাতেই ছিল। ২০২৪ সালের নতুন আইনে কাজীদের সেই ক্ষমতা তুলে নেওয়া হলেও সরকারি ব্যবস্থায় কীভাবে নথিভুক্তি হবে, তা নিয়ে একটি শূন্যতা তৈরি হয়েছিল। এবার মন্ত্রিসভার অনুমোদিত নতুন বিধিমালায় সেই ব্যবস্থাই স্পষ্ট করা হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় মুসলিম বিয়ের সরকারি নথি আরও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে বয়স যাচাই এবং পরিচয় নিশ্চিত করার মাধ্যমে নাবালিকা বিয়ে ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি সহজ হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে মুসলিম বিয়ের ক্ষেত্রে ধর্মীয়ভাবে প্রচলিত প্রথার পাশাপাশি সরকারি নথিভুক্তির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বিয়ে নথিভুক্তির জন্য সরকারি রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে এবং নির্ধারিত নথি ও বয়সের শর্ত পূরণ করতে হবে। আসাম সরকারের নতুন বিধিমালা কার্যকর হওয়ার পর রাজ্যের মুসলিম সমাজে বিয়ে নথিভুক্তির পুরো প্রক্রিয়াই সরকারি প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে চলে যাবে। কাজীদের মাধ্যমে নথিভুক্তির পুরোনো ব্যবস্থা আর থাকবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কেপলারের শিপিং ডেটা অনুযায়ী, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মোট ২৬টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ১২টি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে এবং ১৪টি জাহাজ বেরিয়ে গেছে। শুক্রবারের তথ্য এখনও প্রকাশিত হয়নি।
তবে বুধবার এই জলপথ দিয়ে ২৭টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছিল, যা তার আগের দিনের ২৪টির তুলনায় বেশি। বৈশ্বিক ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, গত ১০ দিনে গড়ে প্রতিদিন ২৬টি জাহাজ বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার করেছে।
অতএব, বৃহস্পতিবার জাহাজ চলাচল বুধবারের তুলনায় সামান্য কম হলেও, তা গত ১০ দিনের গড়ের কাছাকাছিই রয়েছে।
লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যবর্তী এই প্রণালিটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এটি এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে ইয়েমেনের হুথিদের হামলার আশঙ্কার কারণে সাম্প্রতিক সময়ে অনেক জাহাজ এই জলপথ এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘতর পথে চলাচল করছে। এর ফলে বাব আল-মান্দেব ও লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচলের মাত্রা আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি আবারও উদ্বেগ তৈরি করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন জেলায়। চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪২১ জনে পৌঁছেছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন।
কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৩ জনের বিপরীতে ২৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য নেই।
তবে আক্রান্তের ধারাবাহিকতা এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে শতাধিক রোগীর চিকিৎসাধীন থাকার তথ্যকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বর্ষা মৌসুমে মশার প্রজননস্থল বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতার ওপর জোর দেওয়ার প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে দেখা যায়, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২০ জন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন, করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন এবং হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বাজিতপুরে ৩ জন, কুলিয়ারচরে ৪ জন, ভৈরবে ২ জন এবং পাকুন্দিয়ায় ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ জন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩১ জন। অর্থাৎ, বছরের শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়ে গেলেও বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১০ জনে রয়েছে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শূন্য থাকলেও সংক্রমণের ধারাবাহিকতা স্বাস্থ্য বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু হাসপাতালে রোগীর চিকিৎসা নিশ্চিত করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি অপসারণ, ড্রেন ও নালা পরিষ্কার রাখা এবং নিয়মিত নজরদারি জরুরি।
বিশেষ করে শহর ও উপজেলা পর্যায়ে নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার, ছাদ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হতে পারে। এসব জায়গা নিয়মিত পরিষ্কার না করলে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনা কঠিন হয়ে পড়তে পারে।
কিশোরগঞ্জে ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হলেও মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত নজরদারি কতটা কার্যকর হচ্ছে— সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
চলতি বছরে এ পর্যন্ত কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা না ঘটলেও ১ হাজার ৪২১ জন আক্রান্ত হওয়া এবং বর্তমানে ১১০ জনের হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্য পরিস্থিতির ওপর নিবিড় নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের চেয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেশি। এটি চিকিৎসাব্যবস্থায় স্বস্তির একটি দিক হলেও প্রতিদিন নতুন রোগী শনাক্ত হওয়ার প্রবণতা বন্ধ না হলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে—এমন দাবি করার সুযোগ নেই।
তাহলে হাসপাতালকেন্দ্রিক চিকিৎসার পাশাপাশি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে কার্যকর অভিযান, নিয়মিত তদারকি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু প্রতিরোধে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আক্রান্ত রোগীর চিকিৎসার পাশাপাশি সংক্রমণের উৎস নিয়ন্ত্রণ করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সুবর্ণচরে ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. নাঈমকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো.ইব্রাহীম খলিল ক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জঙ্গালিয়া গ্রামের তোফাজ্জল হকের ছেলে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় নিহতের মা ফাতেমা আক্তার সুমি বাদী হয়ে নিহতের বাবাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর আগে, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতের পাশ থেকে নাঈমের মরদেহ উদ্ধার করা হয়।
নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজঙ্গালিয়া গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।
নাঈমের নানা এবায়েদ উল্যাহ বলেন, সোমবার রাতে নাঈম আমার বসতঘরে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠে দেখি, ঘরের দরজা খোলা এবং নাঈম শয়নকক্ষে নেই। পরে সকাল ৭টার দিকে সার আনতে যাওয়ার পথে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানখেতের পাশে রাস্তার ওপর নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখি।
পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে তার মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর নাঈম নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত। সোমবার ২১ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে নানার বসত ঘরেই ঘুমিয়ে ছিল নাঈম। সকালে। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশে পাওয়া যায় তার মরদেহ। গত ২০-২৫ দিন আগে নাঈমের মা সুমি আক্তার দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে নাঈমের বাবা ইব্রাহীম খলিল সাবেক স্ত্রী সুমির ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে। পরবর্তীতে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। ছেলের আয়-রোজগার খেয়ে কীভাবে মা খায়, তা দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। ঘটনার পরপরই নাঈমের মা সুমি তার সাবেক স্বামী খলিলকে সন্দেহ করেন। সকালে নাঈমের মৃত্যুর খবর জানাতে খলিলকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তিনি নিজে ফোন করলে ছেলের মৃত্যুর খবর তাকে জানানো হয়। সুমি দ্বিতীয় বিয়ে করায় খলিল তার ছেলেকে শ্বশুরের ঘর থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, বৃহস্পতিবার অভিযুক্ত বাবাকে কৌশলে আটক করা হয়। পরে থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছেলের হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। শুক্রবার বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। পরবর্তীতে হত্যাকান্ডের কারণ জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ