০৬:০১ পি.এম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ অভিযানে দুই কোটি টাকার বেশি মূল্যের বিদেশি সিগারেট, মদ, স্বর্ণালংকার এবং নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই অভিযানটি দুবাই ও কলকাতা থেকে আসা বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের লাগেজ তল্লাশি করে বাস্তবায়িত হয় এবং এসব পণ্যগুলো জব্দ করা হয়।
শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিমানবন্দরে এই বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। সংযুক্ত শুল্ক ও করসহ জব্দ পণ্যের মোট আনুমানিক মূল্য দুই কোটি চার লাখ সাত হাজার টাকা।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অগ্রগামী ভূমিকা রাখবে: আমীর খসরু
এনবিআর জানায়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করার সময় এক নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। পরবর্তীতে ওই ব্যাগগুলো তল্লাশি করে মন্ড ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
এছাড়া অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
জব্দ সিগারেটগুলোর বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। তবে প্রযোজ্য শুল্ক ও করসহ মোট মূল্য দাঁড়ায় প্রায় এক কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।
একই ফ্লাইটে আগত যাত্রী মো. তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকিয়ে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। পাসপোর্ট যাচাই করার সময় কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন, ওই যাত্রী চলতি বছরের ১০ জুন শুল্ক ও কর ছাড়ে ১০০ গ্রাম স্বর্ণালংকার দেশে এনেছিলেন। ব্যাগেজ বিধিমালা-২০২৫ অনুযায়ী, একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আনার সুযোগ নেই, সুতরাং নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।
আরও পড়ুন: রাশেদ খাঁন: ডিসেম্বরে চিরবিদায় নেবে আওয়ামী লীগ
জব্দ স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা। শুল্ক ও করসহ এর মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
অভিযানে আরও ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা। পাশাপাশি, কলকাতা থেকে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১ লিটার বিদেশি মদ (হুইস্কি) জব্দ করা হয়। এসব মদের বাজারমূল্য প্রায় দুই লাখ ২০ হাজার টাকা হলেও শুল্ক ও করসহ মোট মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা।
এনবিআর জানায়, জব্দ করা পণ্যের বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা ও অন্যান্য প্রযোজ্য আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন