ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের টিকটক ভিডিও থেকে সরানো হলো টেইলর সুইফটের গান


ট্রাম্পের টিকটক ভিডিও থেকে সরানো হলো টেইলর সুইফটের গান

কপিরাইট নিয়মের কারণে ডোনাল্ড ট্রাম্পের অফিশিয়াল টিকটক ভিডিও থেকে পপ তারকা টেইলর সুইফটের হিট গান ‘অগাস্ট’ সরিয়ে ফেলা হয়েছে।

ব্যালকনিতে ট্রাম্প দম্পতির আতশবাজি দেখার একটি ভিডিওতে গানটি ব্যবহার করা হয়েছিল, যা নিয়ে শেষ পর্যন্ত আপত্তি তোলেন গানের স্বত্বাধিকারীরা।

সম্প্রতি টিকটকের প্রচারণামূলক অ্যাকাউন্টটিতে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের আতশবাজি দেখার একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ছিল সুইফটের ২০২০ সালের প্রশংসিত অ্যালবাম ‘ফোকলোর’-এর হিট গান ‘অগাস্ট’। পোস্টের চার দিন পর শুক্রবার (৭ আগস্ট) ভক্তরা লক্ষ্য করেন, ভিডিওটির সাউন্ড ব্লক হয়ে গেছে। অ্যাপের মার্কিন সংস্করণে একটি নোটিফিকেশন দিয়ে লেখা উঠেছে— ‘কপিরাইটের মালিক এই সাউন্ডটি আপনার দেশে উপলব্ধ করেননি।’ যদিও অডিও সরিয়ে দেওয়া সত্ত্বেও ট্রাম্পের ১৪ মিলিয়ন অনুসারী সমৃদ্ধ অ্যাকাউন্টে পোস্টটি এখনও দৃশ্যমান।

আরও পড়ুন: ভারতীয় পর্যটকেরা বলছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রিজভী

তবে এর আগে টেন ট্রাম্পের অ্যাকাউন্টে পোস্ট করা সুইফটের ‘ফাদার ফিগার’ গানযুক্ত অন্য একটি ভিডিওর অডিও একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।

পপ তারকা টেইলর সুইফটের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈরী সম্পর্ক নতুন কিছু নয়। ২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে পোস্ট করার পর ক্ষিপ্ত হয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।’ এর আগে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সুইফটের ভুয়া ছবি শেয়ার করেছিলেন ট্রাম্প— যেখানে তুলে ধরা হয়েছিল যে গায়িকা নাকি ট্রাম্পের সমর্থক।

সেই সময়ে বিষয়টি তুমুল বিতর্কের সৃষ্টি করলেও ট্রাম্প বিষয়টিকে হালকাভাবেই নিয়েছিলেন।

টিকটক কর্তৃপক্ষের এই কপিরাইট পদক্ষেপের পর ট্রাম্প ও টেইলর সুইফটের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

আরও পড়ুন: ভোটের পাঁচ দিন আগে বাইশিমাস নির্বাচন স্থগিত, প্রার্থীদের প্রতিবাদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে বাস উল্টে ৮ জন নিহত, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:১০ পি.এম


ভারতে বাস উল্টে ৮ জন নিহত, আহত ১০

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচের সড়কে গিয়ে পড়ে যায়। এতে বাসটির চালক ও কন্ডাক্টরসহ অন্তত আটজন নিহত হন।

অন্যদিকে, আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনাটি ঘটেছে বৈরাগড়-তিসা সড়কের দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে। শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল।

কর্মকর্তারা জানান, বাসটি শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর চালুঞ্জ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে চালক, কন্ডাক্টরসহ মোট ১৮ জন ছিলেন। বাসটি প্রথমে সড়কের ওপর উল্টে যায় এবং পরে সেটি নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। এর ফলে কয়েকজন যাত্রী বাসের ভেতরে ও নিচে আটকা পড়ে যান।

 

দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। তারা দ্রুত পুলিশকে খবর দেন এবং উদ্ধারকাজে সহায়তা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে একটি বড় উদ্ধারকারী দল পাঠানো হয়।

জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা ওই দলে ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত বাস থেকে আটকে পড়া যাত্রীদের বের করে আনার কাজ শুরু করেন।

উদ্ধারের পর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত ছয়জনকে চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় মোট আটজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

 

দুর্ঘটনাটি যে বৈরাগড়-তিসা সড়কে ঘটেছে, সেটি চুরাহ উপত্যকার একটি দুর্গম পাহাড়ি সড়ক। সড়কটির দৈর্ঘ্য প্রায় ২৭ কিলোমিটার। সরু রাস্তা ও খাড়া ঢালের কারণে এই সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ। পাহাড়ের উঁচু এলাকায় অবস্থিত সাচ পাসের দিকে যাতায়াতের জন্য বৈরাগড়-তিসা সড়কটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবেও ব্যবহৃত হয়। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীবাজারে আলিয়া মাদরাসার প্রবেশপথে ব্যারিকেড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:১২ পি.এম


বকশীবাজারে আলিয়া মাদরাসার প্রবেশপথে ব্যারিকেড

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়ায় প্রবেশের রাস্তায় পুলিশ ব্যারিকেড প্রদান করেছে। ফলে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন মাদরাসার দিকে প্রবেশ করতে পারছে না। কিন্তু মাদরাসা এলাকা থেকে যানবাহন বের হতে পারছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার ঠিক পর বকশীবাজার রোডে এটি আরোপিত হয়। এর আগে শুক্রবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ দুপুর সাড়ে ১২টায় সম্মিলিতভাবে মাদরাসার আবাসিক হলে ওঠার সিদ্ধান্ত ঘোষণা করেন হলের ‘বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা’।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ৪ আগস্ট যুবদল নেতা নয়নের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনার পরে সরকারি মাদরাসা-ই-আলিয়ার বৈধ শিক্ষার্থীরা একাধিকবার হলে ওঠার চেষ্টা করেছেন, কিন্তু তারা পুলিশ ও মাদরাসা প্রশাসনের বাধার মুখে ব্যর্থ হয়েছেন।’

বিজ্ঞপ্তিতে অভিযোগ আনা হয়েছে যে, ‘সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হলে উঠতে বাধা দেওয়া হলেও হলকক্ষে থাকা শিক্ষার্থীদের ল্যাপটপ, মোটরসাইকেল, নগদ অর্থ, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, অ্যাকাডেমিক সার্টিফিকেট ও পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের হাত থেকে রক্ষা করতে পুলিশ ও মাদরাসা প্রশাসন ব্যর্থ হয়েছেন।’

এতে আরো দাবি করা হয়েছে, ‘ছাত্রদলের কিছু নেতাকর্মী হলে অবস্থান করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও লুটপাটের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে বৈধ শিক্ষার্থীদের হলে ফেরার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী, ছাত্রশিবির ও ঢাকা আলিয়া মাদরাসা শাখার নেতারা আজ দুপুর সাড়ে ১২টায় সব বাধা মোকাবিলা করে হলে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে হলের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টম-জেন্ডায়ার বিয়েতে খরচ ৬ কোটি টাকা, ছিল স্পাইডার-ম্যানের ছোঁয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৪ পি.এম


টম-জেন্ডায়ার বিয়েতে খরচ ৬ কোটি টাকা, ছিল স্পাইডার-ম্যানের ছোঁয়া

হলিউডের জনপ্রিয় তারকা টম হল্যান্ড এবং জেন্ডায়ার বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কোন শেষ নেই। এই দুই তারকা জুটি বরাবরই নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করে।

এখন তাদের বিয়েকে ঘিরে সামনে এসেছে বেশ কিছু আকর্ষণীয় তথ্য।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইংল্যান্ডের সারে এলাকায় টম হল্যান্ড ও জেন্ডায়ার বিয়ের আয়োজন ছিল তিন দিনব্যাপী জমকালো। এই আয়োজনে খরচ হয়েছে প্রায় ৫ লাখ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি ৪০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৮ কোটি টাকা।

এই বিয়ের আয়োজনে প্রায় ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন বলে জানা গেছে। অতিথিদের মধ্যে হলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার নামও রয়েছে। তাদের মধ্যে ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, টিমোথি শ্যালাম এবং কাইলি জেনার।

সারের বিলাসবহুল প্রাসাদে আয়োজনটি হয়েছে, যা বর্তমানে পাঁচতারকা হোটেল ও গ্রামীণ অবকাশকেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে।

টম হল্যান্ডের বেড়ে ওঠার জায়গা কিংস্টন আপন টেমসের কাছাকাছি হওয়ায়, অনুষ্ঠানস্থলের সঙ্গে তার ব্যক্তিগত যোগসূত্রও রয়েছে।

বিয়ের আয়োজনের প্রথম দিনটি নৈশভোজের মাধ্যমে শুরু হয়। পরের দিন সন্ধ্যায় মূল বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূর্যাস্তের সময় গাছপালায় ঘেরা এক মনোরম পরিবেশে টম ও জেন্ডায়া একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অতিথিদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও ছিল। অতিথিদের জন্য ক্রোকেট খেলা এবং সুইমিংপুলের আয়োজন করা হয়েছিল। এ ছাড়া অতিথিদের জাপানি খাবারও পরিবেশন করা হয়েছিল বলে প্রতিবেদনে লেখা আছে।

টম ও জেন্ডায়ার বিয়ের পুরো আয়োজন গোপন রাখতে কঠোর নিরাপত্তাব্যবস্থার ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। এছাড়া সেখানে কর্মরত কর্মীদেরও মোবাইল ফোন নিয়ে আসার অনুমতি দেওয়া হয়নি।

এই কারণে বিয়ের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, টম ও জেন্ডায়া কোন তথ্য বা ছবি যাতে বাইরে চলে না যায় তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছিলেন।

তবে এত বড় আয়োজন হওয়ার পরেও অনুষ্ঠানের ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি।

বিয়ের আয়োজনের সাজসজ্জায় স্পাইডার-ম্যানের ছোঁয়া রাখা হয়েছিল। টম হল্যান্ড ও জেন্ডায়ার প্রেমের গল্প স্পাইডার-ম্যান চরিত্রের সঙ্গে গভীর সম্পর্কিত। ২০১৭ সালে মুক্তি পাওয়া 'স্পাইডার-ম্যান: হোমকামিং' সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি করেন।

এ কারণে বিয়ের আয়োজনে স্পাইডার-ম্যানের স্মৃতি রাখা হয়েছিল। অনুষ্ঠানের বিভিন্ন জায়গায় লাল ও নীল আলোর ব্যবহার করা হয়েছিল, যা স্পাইডার-ম্যানের সঙ্গে পরিচিত এ দুটি রংয়ের মাধ্যমে তাদের প্রথম একসঙ্গে কাজ করা সিনেমাটির প্রতি বিশেষ ইঙ্গিত রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

এ উপলক্ষে উপস্থিত ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, টিমোথি শ্যালাম এবং কাইলি জেনারসহ অনেকে। টম হল্যান্ডের ‘অ্যাভেঞ্জার্স’ ও ‘স্পাইডার-ম্যান’ সিনেমার সহ-অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রও অতিথিদের মধ্যে ছিলেন।

এছাড়া টিমোথি শ্যালামে ও কাইলি জেনারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলা হয়েছে। টমের ছোট ভাই স্যাম হল্যান্ড তার বেস্ট ম্যানের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

বিয়ের অনুষ্ঠানে টম ও জেন্ডায়া দুজনেই বক্তব্য দেন। তাদের বক্তব্য হাস্যরসপূর্ণ ও আবেগঘন ছিল বলে জানা গেছে। সূত্রের দাবি, তাদের বক্তব্যের সময় সেখানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। টম ও জেন্ডায়াকে অত্যন্ত পরিশ্রমী ও চমৎকার মানুষ হিসেবেও বর্ণনা করা হয়েছে।

এই তিন দিনের আয়োজন তাদের জন্য একটি বিশেষ বছরকে স্মরণীয় করে তুলেছে বলে মন্তব্য করা হয়েছে।

বিয়ের আয়োজন শেষ হওয়ার পর পরে টম হল্যান্ড ও জেন্ডায়াকে লন্ডনে দেখা গেছে। তাদের দুজনের হাতেই ছিল বিয়ের আংটি। এর আগে জেন্ডায়াকে আংটি পরা অবস্থায় দেখা গেলেও সাম্প্রতিক সময়ে টমকেও বিয়ের আংটি পরে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানের শেষে দুজন একসঙ্গে নাশতা করেন এবং পরে তারা নিজেদের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান।

তবে সারে এলাকায় অনুষ্ঠিত এই তিন দিনের আয়োজন মোটেও টম ও জেন্ডায়ার প্রথম বিয়ে ছিল না। তাদের আগে খুবই ব্যক্তিগত পরিসরে একটি বিয়ে হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। চলতি বছরের শুরুতে টম হল্যান্ডও এক সাক্ষাৎকারে তাদের বৈবাহিক সম্পর্ক বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এমনকি ‘দ্য ওডিসি’ সিনেমার প্রচারের সময় তিনি প্রকাশ্যে জেন্ডায়াকে তার স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। সারে এলাকার এই আয়োজনটি মূলত তাদের বিয়েকে ঘিরে বন্ধু, পরিবার এবং ঘনিষ্ঠজনদের নিয়ে বড় পরিসরের উদযাপন ছিল বলে ধারণা করা হচ্ছে।

এতো বড় আয়োজন হলেও টম হল্যান্ড ও জেন্ডায়া এখনো পর্যন্ত তাদের বিয়ের কোন ছবি প্রকাশ করেননি। পুরো আয়োজনটি ব্যক্তিগত রাখতে তারা শুরু থেকেই সতর্ক ছিলেন। অতিথি ও কর্মীদের মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমেও অনুষ্ঠানটির ছবি বা ভিডিও খুব বেশি ছড়িয়ে পড়েনি।

তবে টম হল্যান্ড এবং জেন্ডায়া কর্তৃক আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত তথ্য বা ছবি প্রকাশ না করা পর্যন্ত বিয়ের আয়োজন নিয়ে সংবাদমাধ্যমের তথ্যগুলো মূলত সূত্রনির্ভর প্রতিবেদন হিসেবে থাকছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওমানপ্রবাসীর জমি দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওমানপ্রবাসীর জমি দখলের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর গ্রামে আদালতের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এক ওমানপ্রবাসীর জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় শামছুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ওমানপ্রবাসী খোকন মিয়ার স্ত্রী মোছা. আঞ্জুমানারা খাতুন (৩৬) শুক্রবার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে ও সরজমিনে জানা যায়, কুশা নগর গ্রামের খোকন মিয়ার ক্রয়কৃত সাব-কবলা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন ওই জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন আঞ্জুমানারা। এতে বাধা দিলে তাঁকে ও তাঁর স্বজনদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

ওমান থেকে মুঠোফোনে খোকন মিয়া বলেন, “দেশে আমার স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে। বর্তমানে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি প্রভাবশালী চক্র কোনো কাগজপত্র ছাড়াই আমাদের জমি দখলের চেষ্টা করছে। এ ঘটনায় আমি প্রশাসনের হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা চাই।”

খোকন মিয়ার স্ত্রী আঞ্জুমানারা খাতুন বলেন, “আমার স্বামী প্রবাসে থাকেন। আমি মেয়েকে নিয়ে বাড়িতে থাকি। আমাদের ক্রয়কৃত সাব-কবলা সম্পত্তি শামছুল হক (৫২), আশ্রাব আলী (৫৮) ও হালিমা খাতুন (৫৫) গং জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তাঁরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শামছুল হক ও আশ্রাব আলীর বাড়িতে গেলে সংবাদকর্মীদের উপস্থিতির কথা জানতে পেরে তাঁরা বাড়ির পেছনের দরজা দিয়ে চলে যান বলে অভিযোগকারীরা জানান। পরে তাঁদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%