ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপি কার্যালয় পোড়ানোর ঘটনায় সাবেক ছাত্রদল নেতা আসামি


বিএনপি কার্যালয় পোড়ানোর ঘটনায় সাবেক ছাত্রদল নেতা আসামি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক নেতা এবং তার পিতাকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার ফলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ উঠেছে যে, দুই বলয়ের মধ্যে বিরোধের কারণে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে ছাত্রলীগের সদস্য হিসেবে এবং তার পিতা আলতাফ সরদারকে আওয়ামী লীগ নেতা হিসেবে দেখিয়ে মামলায় ৫ ও ৬ নাম্বার আসামি করা হয়েছে। তাদের বসবাস ফতুল্লার রামারবাগ এলাকায়।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফতুল্লার লালঁখা এলাকায় অবস্থিত কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর শনিবার (২১ নভেম্বর) রাতে ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ৬৮ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: শীর্ষ সন্ত্রাসী আসলাম কোন দেশে যাচ্ছিলেন সুইডেন?

মেহেদী হাসান মন্তব্য করেন, "২০২২ সালের নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। মূলত মামলার বাদী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তিনি বিএনপির এক বলয়ের রাজনীতি করেন, আমরা আরেক বলয়ের রাজনীতি করি। এই কারণেই আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করছেন।"

তিনি আরও বলেন, "মামলার বাদী ফারুক মাতবরের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটা ওপর থেকে আসছে। আমি শুধু বাদী হিসেবে সাইন করছি।"

মামলার বাদী ফারুক মাতবর বলেন, "এটা সাংগঠনিক ব্যাপার। কোন খানে কার নাম দিছে ওইটা তো বুঝা যায় না। মিসটেকও হইতে পারে দুই একটা। যারা মামলা দিয়েছে তারা হয়তো জানে না ছেলেটা বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট।"

ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানান, "মামলায় ছাত্রদলের কেউ আছে কি না, এটা বাদী বলতে পারবেন। আমরা তো কারো দলীয় পরিচয় দেখি না। আমরা বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করেছি। পরবর্তীতে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।

আরও পড়ুন: ‘রক্তের টান বড় টান’ প্রবাদ ভুল প্রমাণ হলো গোয়াইনঘাটে, যুবক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসেল ব্র্যান্ডের কারাবার্তা নিয়ে বিতর্কে স্ত্রী লরার ব্যাখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


রাসেল ব্র্যান্ডের কারাবার্তা নিয়ে বিতর্কে স্ত্রী লরার ব্যাখ্যা

স্বামী রাসেল ব্র্যান্ডের কারাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হন স্ত্রী লরা ব্র্যান্ড। যুক্তরাজ্য সরকারের তদন্ত শুরু হওয়ার পর, তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং কারা কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) নিজেদের ইউটিউব চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান ‘সানডে সার্ভিস’-এর নতুন পর্বে লরা এ বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, আগের পর্বটি প্রকাশের পর ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারাগারের নিয়ম সম্পর্কে অবগত হওয়ার পর, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলবেন।

গত সপ্তাহে অনুষ্ঠানের একটি পর্বে, লরা স্বামী রাসেল ব্র্যান্ডের পাঠানো একটি বার্তা পড়ে শোনান। ওই বার্তায় ব্রিটিশ কৌতুক অভিনেতা দাবি করেন যে, তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগে দোষী নন। তাঁর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়।

বিষয়টি নজরে আসার পর, যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করে যে, রাসেল ব্র্যান্ড কারাগারের নিয়ম ভঙ্গ করেছেন কি না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বন্দীদের এমন বক্তব্য দেওয়া নিষিদ্ধ, যা অপরাধের শিকার ব্যক্তিদের মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে। অন্য কাউকে দিয়ে বক্তব্য প্রকাশ করেও এই বিধিনিষেধ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তবে বিতর্ক সত্ত্বেও, লরা ‘সানডে সার্ভিস’ অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, অনুষ্ঠানটি করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং দর্শকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে উৎসাহিত করছে। স্ত্রী ও মা হিসেবে নিজের পরিচয় নিয়ে গর্বিত বলেও জানান তিনি। গণমাধ্যমে তাঁর উপস্থাপনার মধ্যেও পরিবারকে আগলে রাখতে চান লরা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হন ৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ড। এ ঘটনায় তাঁকে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি ক্যামব্রিজশায়ারের এইচএমপি লিটলহে কারাগারে সাজা ভোগ করছেন।

স্বামীর কারাবাসের পর থেকে ‘সানডে সার্ভিস’ অনুষ্ঠানটি একাই পরিচালনা করছেন লরা। তবে কারাগার থেকে স্বামীর বার্তা প্রকাশের ঘটনাটি যুক্তরাজ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানের রাজধানী খার্তুমে ড্রোন হামলায় বাড়িঘর ও জাতিসংঘ ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


সুদানের রাজধানী খার্তুমে ড্রোন হামলায় বাড়িঘর ও জাতিসংঘ ভবন ক্ষতিগ্রস্ত

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : সুদানের রাজধানী খার্তুমে রোববার ড্রোন হামলায় বেশ কয়েকটি বাড়িঘর এবং জাতিসংঘের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও জাতিসংঘের প্রতিনিধিরা।

রোববার রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত খার্তুম বিমানবন্দর এবং নগরীর বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এএফপি’র খবর অনুযায়ী, এক প্রত্যক্ষদর্শী জানান, হামলায় একটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে, সুদানের সেনাবাহিনীর একটি সূত্র দাবি করেছে, ড্রোনগুলো ইথিওপিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

ওই সূত্র এএফপিকে জানায়, ‘ভোরের ড্রোন হামলা সুদানের ভূখণ্ডে ইথিওপিয়ার আগ্রাসনেরই ধারাবাহিকতা। কারণ, ড্রোনগুলো ইথিওপিয়ার বাহির দার বিমানবন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছে।’

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলমান রয়েছে। এ যুদ্ধে আরএসএফকে সহায়তা করার জন্য ইথিওপিয়ার বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছে সুদানের সেনাবাহিনী। ইথিওপিয়ার ভূখণ্ড ব্যবহার করে ড্রোন হামলা চালানোর অভিযোগও রয়েছে তাদের।

তবে ইথিওপিয়া এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এএফপির ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলায় একটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ধ্বংসস্তূপের মধ্যে আসবাবপত্র, গৃহস্থালির জিনিসপত্র ও পোশাক ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ওই এলাকার বাসিন্দা আল-নূর আদম এএফপিকে জানান, হামলার পর বাড়িতে ঢুকে তারা দেখেন, একজন ব্যক্তি বিছানায় পড়ে আছেন। তার বাঁ হাত, বুক ও মাথায় আঘাত লেগেছে।

-আমরা এখন কোথায় যাব?-

আদম বলেন, ‘নির্বিচার ড্রোন হামলা চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আপনি ঘুমিয়ে থাকা অবস্থায়ও হামলার শিকার হতে পারেন। ঘুম থেকে উঠে দেখবেন, আপনার সন্তানরা আর নেই। এটি সত্যিই ভয়াবহ। কখন কী ঘটে, তা নিয়ে কেউ নিশ্চিত থাকতে পারছেন না।’

আরেক বাসিন্দা ইয়াসের হাসান জানান, হামলার শিকার বাড়িটির বাসিন্দারা দীর্ঘদিন ধরে আশ্রয়ের খোঁজ করার পর সেখানে মাত্রই উঠেছিলেন।

তিনি বলেন, ‘এরপরই ড্রোন হামলা চালানো হয়। এখন আমরা কোথায় যাব?’

অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, খার্তুম থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে জেবেল আউলিয়া এলাকায় একটি মসজিদের মুয়াজ্জিনের বাড়িতেও ড্রোন আঘাত হেনেছে।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া পরিবারের সদস্যদের উদ্ধারে লোকজন চেষ্টা করছিলেন।’

এদিকে জাতিসংঘ জানিয়েছে, তাদের একটি স্থাপনায় হামলা হয়েছে। ওই ভবনে জাতিসংঘের কর্মীরাও অবস্থান করছিলেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, ‘বেসামরিক মানুষের বসবাসের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে।’

মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, জাতিসংঘের কর্মীদের এ ধরনের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সুদানের চলমান যুদ্ধে দেশটির নিয়মিত সেনাবাহিনীকে সহায়তা দিয়ে আসা সৌদি আরব এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের নৃশংস হামলা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’

সুদানের সেনাবাহিনীর আরেক সমর্থক মিসরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ড্রোন হামলায় বাড়ছে প্রাণহানি

হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে চলমান সংঘাতে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করছেন ত্রাণকর্মীরা। এ সংঘাতের কারণে বিশ্বে সবচেয়ে বড় খাদ্যসংকট ও বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয়েছে।

ড্রোনের ব্যাপক ব্যবহার নিয়ে জাতিসংঘ বারবার উভয় পক্ষের সমালোচনা করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ড্রোন হামলায় এক হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ আরও জানিয়েছে, চলতি বছর ড্রোন হামলায় হতাহত হওয়া শত শত শিশুর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ নিহত হয়েছে অথবা আহত হয়েছে।

কয়েক দিন আগে পশ্চিম কর্দোফান রাজ্যের একটি গ্রামে সুদানের সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ ১৫ জন নিহত হন। ওই সময় রাজ্যটিতে আরএসএফের কাছ থেকে এলাকা পুনর্দখলে অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী।

গত এক বছর ধরে দুই পক্ষই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দক্ষিণ কর্দোফান অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে। অঞ্চলটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সুদানের মধ্য ও পূর্বাঞ্চলের সঙ্গে আরএসএফের নিয়ন্ত্রণে থাকা দারফুরকে সংযুক্ত করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ উভয় পক্ষই ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। এসব ড্রোন যোদ্ধাদের সরাসরি ঝুঁকিতে না ফেলেই কয়েক শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি: ইউপি নির্বাচনের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি: ইউপি নির্বাচনের প্রস্তুতি

॥ হাবিবুর রহমান ॥

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে।

নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে।

তারা উল্লেখ করেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হবে। এ অনুযায়ী, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এ সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও সংলাপ শুরু করার সম্ভাবনা রয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে বলে তারা জানান।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়েই ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।

তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী ইউপি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা দেখছেন না কমিশনের শীর্ষ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

ইসির কর্মকর্তারা আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে তারা আশাবাদী। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সেসব দলের সাথে তিনদিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে তাদের সাথেও আলোচনায় বসা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ইউপি নির্বাচনের জন্য ইসির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারির কমবেশি ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে বলে আমি মনে করি।

তিনি জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয়ভাবে এবং এলাকা ভিত্তিকও মিটিং হবে। ইউপি নির্বাচন শুরু হলে মানুষ ভোটের দিকে ঝুঁকে পড়বে এবং উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টি হবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে বলেন, কমিশনের সিদ্ধান্ত এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে হবে। আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করা হবে। রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪ টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।

গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিনদিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎দুর্গম নানিয়ারচরে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


‎দুর্গম নানিয়ারচরে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন শতাধিক মানুষ

রাঙামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন। ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি এলাকা থেকে অনেক মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন।
‎
‎চিকিৎসা ক্যাম্পে রোগীদের শারীরিক বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। স্থানীয়দের জন্য এ উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‎
‎চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন নানিয়ারচর জোন কমান্ডার মশিউর রহমান, পিএসসি। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। তিনি ক্যাম্পের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
‎
‎এ সময় রোগীদের আশ্বস্ত করে জোন কমান্ডার বলেন, প্রয়োজনীয় কোনো ওষুধ জোনে পাওয়া না গেলে শহর থেকে সংগ্রহ করে তা বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করা হবে।
‎
‎স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানিয়ারচরের বেশ কিছু এলাকা দুর্গম হওয়ায় অসুস্থ অবস্থায় দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া অনেকের জন্য কঠিন। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য চিকিৎসা ব্যয়ও বড় ধরনের চাপ তৈরি করে। এমন বাস্তবতায় সেনাবাহিনীর বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।
‎
‎চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী বলেন, দূরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া তাদের জন্য সময় ও ব্যয়সাপেক্ষ। কাছে এসে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
‎
‎নানিয়ারচর জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, শুধু চিকিৎসাসেবা নয়, দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করছে।
‎
‎সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি ও দুর্গম জনপদে সাধারণ মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। নানিয়ারচরের এ চিকিৎসা ক্যাম্পও সেই ধারাবাহিকতার অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%