০৮:৩৮ পি.এম
জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম আগামী ৩ ডিসেম্বর সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট সফরে আসছেন। সফরের উদ্দেশ্য হলো জকিগঞ্জকে মুক্তিযুদ্ধের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন এবং শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করা। এই সফরটি সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে।
সফরের সময় স্পিকার কানাইঘাটের সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করবেন। এরপর তিনি জকিগঞ্জের চারিগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করবেন এবং উপজেলা সদরে জেলা প্রশাসনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন সম্মুখযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। ২২ নভেম্বর কানাইঘাটের চাপনগরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম। ওই যুদ্ধে মেজর হাফিজও অংশ নেন এবং তাঁর সামনে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। পরে তাঁকে কানাইঘাটের মাটিতেই সমাহিত করা হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নির্বাচন: সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সুজন
জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং ঐতিহাসিক স্থানগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি গত ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
সফর বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি সিলেট সার্কিট হাউসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি। এতে সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক এম এ কাইয়ূম চৌধুরী, মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সিলেট বিভাগের মন্ত্রী ও সংসদ সদস্যরা সফরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ৩ ডিসেম্বর সকাল ১০টায় হেলিকপ্টারে জকিগঞ্জে পৌঁছে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন স্পিকার। বিকেল ৪টায় তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ২১ নভেম্বর সশস্ত্র যুদ্ধের মাধ্যমে জকিগঞ্জ হানাদারমুক্ত হয়। দিনটি স্থানীয়ভাবে ‘জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। মুক্তিযোদ্ধা ও স্থানীয় সচেতন নাগরিকেরা দীর্ঘদিন ধরে জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে হিন্দুদের কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি
স্থানীয়দের প্রত্যাশা, স্পিকারের সফরের মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন