জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
০১:১২ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী মৎস্যচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণ ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এর আয়োজনে বালিয়াকান্দির বহরপুর কলেজে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন বরাবর ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের কোস্টাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রাকিব আহমেদ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সাউথ-ওয়েষ্ট অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার কিংকর হালদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুর অঞ্চলের ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সেলস অফিসার মো: আমিরুল ইসলাম এবং ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের পরিবেশক আল মামুন।
বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা বৃদ্ধি করা সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা সম্ভব।
আয়োজকরা জানান, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এর উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। যা মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও খামারিদের আর্থিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পানি ব্যবস্থাপনার বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে চাষীরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিশেষে, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিছিয়ে থেকেও চলতি বিশকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ড্র করেছে উরুগুয়ে। আজ ভোরে ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরবের সাথে ১-১ গোলে ড্র করে উরুগুয়ে।
২০২২ সালের বিশকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ^কে চমকে দিয়েছিল সৌদি আরব। এবার জয় না পেলেও, উরুগুয়ের সাথে ড্র করে নিজেদের চমক অব্যাহত রেখেছে তারা।
মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩০ মিনিটে গোলের বড় সুযোগ পায় উরুগুয়ে। ফেদেরিকো ভিনাসের নেওয়া দারুণ হেড দক্ষতার সাথে হাত দিয়ে ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইজ।
প্রথমার্ধে খুব বেশি সময় বল দখলে রাখতে না পারলেও, ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোল পায় সৌদি আরব। কর্নার থেকে আল জুয়াইর দেওয়া বলে জোড়ালো শটে গোল করেন আবদুল্লাহ আল আমরি। ১-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে সৌদি আরব।
ম্যাচের সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে সৌদি আরবকে আক্রমণে কোনঠাসা করে ফেলে উরুগুয়ে। কিন্তু সৌদি আরবের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না উরুগুয়ে।
অবশেষে অনেক চেষ্টার পর ৮০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় উরুগুয়ে। ফেদেরিকো ভিনাসের হেড সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইজ ফিরিয়ে দেন। ফিরতি বলে ডি-বক্স থেকে জোরাল শটে গোল করেন মাক্সি আরাউহো। ম্যাচে ১-১ সমতা ফিরে।
ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে সৌদি আরব ও উরুগুয়ে।
আগামী ২১ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেড ভার্ডের বিপক্ষে খেলতে উরুগুয়ে। একই দিন সৌদি আরবের প্রতিপক্ষ স্পেন। নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে স্পেন ও কেপ ভার্দে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে ১১ জনের নাম উল্লেখ করে, মামলাটিতে আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি জানিয়েছেন, নিহতের ভাই এবং রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা যায়, এজাহারে সিসিটিভিতে শনাক্ত করা পাঁচজনের নাম রয়েছে এবং সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা জাকের মিয়াসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আশরাফিয়া ফার্মেসি নামে একটি ওষুধের দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে। গুলিতে তার মাথার খুলি উড়ে যায়। মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের অনূর্ধ্ব-এ দলের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী প্রথমবারের জন্য বিতর্কে জড়ালেন। ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচের শেষে তিনি লঙ্কান ক্রিকেটার বিশেন হালাম্বাগের সঙ্গে একটি বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনায় জড়িয়ে পড়েছেন, যা তাকে শাস্তির শঙ্কায় ফেলেছে।
রানগিরি ডাম্বুলা স্টেডিয়ামে ম্যাচটি বেশ নাটকীয়তায় ভরা ছিল। ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে থাকা শ্রীলঙ্কা শেষ ওভারে জয়ের খুব কাছে চলে আসে। শেষ বলের সময়ে রান আউট হয়ে ম্যাচটি টাই হয় এবং সুপার ওভারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শেষ ওভারের চাপ, আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত ও আলোর পরিস্থিতির কারণে দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে যায়। তিলাক ভার্মাকে আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায়, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
সুপার ওভারে শ্রীলঙ্কা ভারতকে ১৭ রানের লক্ষ্য দেয়। কিন্তু ভারত সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়নি। ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড়রা মাঠ ছাড়ছিলেন, তখন ফের উত্তেজনা দেখা দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, সূর্যবংশী এবং হালাম্বাগ মুখোমুখি হয়ে কথোপকথনে লিপ্ত হন এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কির পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন লঙ্কান উইকেটকিপার নিরোশান ডিকওয়েলা।
এই ঘটনার পর ম্যাচ রেফারি বিষয়টি পর্যালোচনা করছেন। সূর্যবংশী এবং হালাম্বাগ উভয়েই শাস্তির মুখোমুখি হতে পারেন। সিরিজে সূর্যবংশীর বড় ইনিংস এখনও হয়নি। বিতর্কিত এই ম্যাচে তিনি আবারও আলোচনায় উঠে এসেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাগুরায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতের ফলে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) মাগুরা সদর উপজেলার কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আরব আলী (৭০) ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রমতে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে চাচা এবং ভাতিজার মধ্যে কথা-কাটাকাটির পরে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি দেখতে গিয়ে আরব আলীকে একপর্যায়ে একটি ইট মাথায় আঘাত করে, যার ফলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা ও স্বজনরা তাঁকে উদ্ধার করে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির পাশের এলাকা মারামারি চলছিল। সেই ঘটনার মধ্যেকার অস্থিরতা দেখতে গিয়ে আরব আলী ইটের আঘাতে গুরুতর আহত হন। হাসপাতাল নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
এই বিষয়ে মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পরেনি।
তিনি আরও বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ