০৪:০১ পি.এম
বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি জামায়াতকে আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কাজের জন্য প্রশংসা করেছেন।
রাষ্ট্রদূত বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য অভিনন্দন জানান।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্যের সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: এনসিপি নেতাদের শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের নাগরিকদের জন্য দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন এবং সেই যুদ্ধে জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতির জন্য শোক প্রকাশ করেন। জামায়াতের আমির এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ডা. শফিকুর রহমান শান্তিচুক্তির স্বার্থে যুদ্ধবিরতি ত্বরান্বিত করার জন্য ইরানকে ধন্যবাদ জানান এবং শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মতো ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, চুক্তি কার্যকর থাকবে। জামায়াতের আমির ভবিষ্যতে ইরান প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে এবং ইরান ও বাংলাদেশের সম্পর্ক আরও সমৃদ্ধ ও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
দুই পক্ষ এসময় পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট, মেডিকেল টুরিজম নিয়ে আলোচনা করেন। আলোচনা চলাকালীন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ইরান সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল চালু করার প্রস্তাব দেন।
ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে ইরানের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছা পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার
এ সময় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোরজাদ্দিনি, ইরান কালচারাল কাউন্সেলর মাহদি মোলারস এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার (দোভাষী) মাহফুজুল হক, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন