০৭:৫৯ পি.এম
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর বাইতুল মাল সম্পাদক আসাদুল ইসলামের হত্যার ঘটনার পর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে সাড়ে ৫টায় এলাকাবাসী কর্তৃক আয়োজিত এই মানববন্ধন রাজবাড়ী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক হেলাল উদ্দীন, কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর বর, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. মো. হাফিজুর রহমান, মদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ফিরোজ আহমেদ এবং নিহতের পিতা শাহজাহান মণ্ডল।
আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসাদুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত গ্রেফতার করা প্রয়োজন। হত্যাকাণ্ডের দিন আসাদুলকে প্রকাশ্যে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। থানায় খবর দেওয়ার পরও দ্রুত সময়ের মধ্যে জিডি গ্রহণ করা হয়নি বলেও বক্তারা অভিযোগ করেন। হত্যাকাণ্ডের পর মিজানসহ তিন আসামিকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ হত্যার কারণ হিসেবে বলছে, মিজানের কাছ থেকে ৬৮ হাজার টাকা ধার নেওয়া হয়েছে। বক্তারা পুলিশের এই দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তারা হুঁশিয়ারি দেন, যদি দ্রুততম সময়ের মধ্যে হত্যার সঠিক তদন্ত ও আসামি গ্রেফতার না করা হয়, তাহলে বড় পরিসরে আন্দোলন করা হবে।
এই মানববন্ধনে রাজবাড়ী জামায়াতে ইসলামের বিভিন্ন নেতাকর্মীসহ সহস্রাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন