ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লে পেন ও মেলঁশোঁর এগিয়ে থাকা জরিপে প্রকাশ


ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লে পেন ও মেলঁশোঁর এগিয়ে থাকা জরিপে প্রকাশ

ফ্রান্সের আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটারদের পছন্দের তালিকায় কট্টর ডানপন্থী নেত্রী মারিন লে পেন এবং কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ এগিয়ে রয়েছেন। সোমবার প্রকাশিত একটি জনমত জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে। জরিপের ফলাফল নির্দেশ করে যে, দেশে রাজনৈতিক বিভাজন আরও বৃদ্ধি পাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জরিপ পরিচালনাকারী সংস্থা তোলুনা হ্যারিস ইন্টারঅ্যাকটিভের তথ্য অনুযায়ী, নির্বাচনের প্রথম দফায় লে পেন সবচেয়ে বেশি ভোট পেতে পারেন। বিভিন্ন পরিস্থিতির ভিত্তিতে তার পক্ষে ৩৪ থেকে ৩৬ শতাংশ ভোট আসতে পারে। এই জরিপটি ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে পরিচালিত হয়। এর আগে, গত মাসে একই ধরনের একটি জরিপে লে পেনের পক্ষে ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা প্রকাশিত হয়েছিল।

অন্যদিকে, কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবাউডের (এলএফআই) প্রার্থী মেলঁশোঁ জরিপে বিবেচনা করা পাঁচটি পরিস্থিতির সব কটিতেই দ্বিতীয় দফার ভোটে যাওয়ার জন্য প্রস্তুত অবস্থায় রয়েছেন। তার পক্ষে ১৮ থেকে ১৯ শতাংশ ভোট পড়তে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। তবে দ্বিতীয় দফার ভোট হলে লে পেনের কাছে বড় ব্যবধানে পরাজিত হতে পারেন মেলঁশোঁ।

আরও পড়ুন: বিদেশ সফরে ব্যস্ত পাকিস্তানের শাসকগোষ্ঠী, দেশের সংকট উপেক্ষিত

ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর দ্বিতীয় ও শেষ পাঁচ বছরের মেয়াদ শেষ হতে চলেছে। এই সময়ে তার জনপ্রিয়তা কমে গেছে। তার বিদায়ের সময় দেশটির মধ্যপন্থী রাজনৈতিক শক্তিও দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে দেশের অর্থনীতি চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে কট্টর ডান ও বামপন্থী দলগুলোর ক্ষমতায় আসার সুযোগ তৈরি হয়েছে।

মেলঁশোঁ এর আগে ২০১২, ২০১৭ এবং ২০২২ সালে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে তিনি কোনোবারই দ্বিতীয় দফার ভোটে উঠতে সক্ষম হননি। অন্যদিকে, লে পেনও ওই তিনটি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে দ্বিতীয় দফায় ম্যাখোঁর কাছে পরাজিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় সৌদি কর্তৃপক্ষের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় সৌদি কর্তৃপক্ষের সতর্কতা

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার আকাশপথে হামলার সম্ভাবনা সম্পর্কে বাসিন্দাদের জন্য একটি সাময়িক সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

একদিন পূর্বে নগরীর বাণিজ্যিক অঞ্চলে হামলার ঘটনা ঘটেছিল।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ‘সতর্কতা। এই এলাকাটি আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকির মুখে রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন। ঘরের ভেতরে অথবা জানালা ও দরজা থেকে দূরে নিরাপদ স্থানে অবস্থান করুন। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করুন।’ তবে, কিছু মিনিটের মধ্যে সতর্কতা প্রত্যাহার করা হয়।

রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

গত অক্টোবর মাস থেকে সৌদি আরবে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

রোববার হুথিরা রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে সৌদি তেল কোম্পানি আরামকোর একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, ভবনটিতে হামলার চেষ্টা করা হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে হুথিদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে আরামকোর বিভিন্ন স্থাপনা চিহ্নিত হয়েছে। এসব হামলায় তেলবাহী ট্যাংকার, শোধনাগার, তেল সংরক্ষণাগার এবং কোম্পানিটির সদর দপ্তরও অন্তর্ভুক্ত রয়েছে।

ইয়েমেনে দীর্ঘকালীন সংঘাত বন্ধে ২০২২ সালে অনুষ্ঠিত যুদ্ধবিরতি গত জুলাই মাসে ভেঙে যায়। এরপর থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হুথিরা সৌদি আরবের বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের আয়োজন বন্ধে সপ্তম শ্রেণির ছাত্রীর আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


বিয়ের আয়োজন বন্ধে সপ্তম শ্রেণির ছাত্রীর আবেদন

পটুয়াখালীর গলাচিপায় এক শিক্ষার্থী (১৪) জোরপূর্বক বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। সোমবার (৯ নভেম্বর) বিয়ের দিন নির্ধারণ করা হলেও, আগের দিনই ওই ছাত্রী তার মাদরাসার সুপারের কাছে লিখিত আবেদন করে বিয়ে বন্ধ করার এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানায়। অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।

ওই কিশোরী উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে বর্তমানে ওই শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে। তার জন্ম ২০১২ সালে, ফলে বর্তমানে তার বয়স ১৪ বছর।

রবিবার (৮ নভেম্বর) বিয়ে বন্ধের জন্য মাদরাসা সুপার বরাবর একটি লিখিত আবেদন পাঠিয়েছে ওই কিশোরী। আবেদনপত্রে সে উল্লেখ করেছে, ‘বিনীত নিবেদন এই যে আমি আপনার মাদরাসার সপ্তম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। পরিবার জোরপূর্বকভাবে আমার বিবাহ ঠিক করিয়াছে। আগামী ৯ নভেম্বর যোহর নামাজের পরে আমাকে স্বর্ণ পরোতে আসবে। যা আমার ইচ্ছের বাইরে কাজ করতেছে, আমি লেখাপড়া করতে চাই।’

আবেদনে সে আরো জানায়, ‘আমি যাদি পরিবারের মধ্যে অতিরিক্ত হয়ে থাকি তাহলে আমার মাদরাসার দায়িত্ব আমাকে লেখাপড়া করাবে তবুও আমি এখন বিবাহে বসব না। অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন এইযে যাহাতে আমার বিবাহ না হয়, তার সুব্যবস্থা করতে আপনার মর্জি হয়।’

মাদরাসার সুপার মো. হারুন অর রশিদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তিনি জানান, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ছাড়া আমার কাছে করার কিছু নেই। আমারও তো এলাকায় থাকতে হবে।’

গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম বলেন, এ ধরনের বিষয় ইউএনও, ওসি ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাতে হয়। তারা এ বিষয়ে কাজ করে থাকেন।

গলাচিপা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা জানান, তিনি বিষয়টি জানেন না। তার প্রশাসনিক ক্ষমতা নেই।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, বিষয়টি জেনেছি। আমি প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব।

বাংলাদেশে মেয়েদের বিয়ের জন্য ন্যূনতম আইনগত বয়স ১৮ বছর হতে হয়। বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য। সে হিসেবে ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীর বিয়ের আয়োজন আইনবিরোধী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারবেন না: আসিফ নজরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারবেন না: আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছেন যে, পলাতক শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তিনি উল্লেখ করেছেন, "প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না।"

সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, "বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা (রয়টার্সের খবর অনুযায়ী)।" তার বক্তব্য থেকে বোঝা যায়, তিনি মনে করছেন যে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, "সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী।" বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়ে তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, "প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না।"

আসিফ নজরুল আরও বলেন, তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য তার পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।

তিনি উল্লেখ করেন, "পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা।" বাংলাদেশ সরকার এখন দাবি করতে পারে যে, দেশে ন্যায়বিচার রয়েছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে-এই অজুহাতে তাকে ফেরত না দেয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।

শেখ হাসিনার উদ্দেশে আসিফ নজরুল বলেন, "আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে।" তিনি সতর্ক করেন যে, "শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী তদন্তের নির্দেশ দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী তদন্তের নির্দেশ দিলেন

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন যে, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকার বাজেট বরাদ্দ দিয়ে শুধুমাত্র দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে এবং বাকি পুরো অর্থ বিগত সরকারের দ্বারা লোপাট করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সংসদে এর জবাবে জানিয়েছেন, অতীতে নামমাত্র অবকাঠামো নির্মাণ করে স্টেডিয়াম হিসেবে চালিয়ে দেওয়ার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বাউফলের তরুণদের মাদক ও কিশোর গ্যাং থেকে ফিরিয়ে আনতে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তিনি জানান, ডিও লেটার নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করার পর জানা যায়, নথিপত্রে বাউফলে ইতোমধ্যেই একটি মিনি স্টেডিয়াম বিদ্যমান রয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, খোঁজখবর নেওয়ার পর জানা যায়, সেখানে ৩৮ লাখ টাকার বাজেট বরাদ্দ হয়েছিল। কিন্তু তার বিনিময়ে বিগত ফ্যাসিস্ট সরকার শুধুমাত্র দুটি টয়লেট বানিয়ে রেখে বাকি পুরো টাকা লোপাট করে খেয়ে ফেলেছে। কাগজে-কলমে ভাউচার থেকে শুরু করে মাঠের বাস্তবায়ন সবই দেখানো হয়েছে। তিনি জানতে চান, এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে এবং প্রকৃত স্টেডিয়াম পেতে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সংসদ সদস্যের বক্তব্যকে অত্যন্ত যৌক্তিক উল্লেখ করে বলেন, অতীতে প্রথম পর্যায়ে যেসব মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল, তার মধ্যে ১২৫টিতে কেবল দুটি রুম—একটি টয়লেট ও আরেকটি ড্রেসিংরুম বানিয়ে পুরো খালি মাঠকে স্টেডিয়াম বলে চালিয়ে দেওয়া হয়েছিল। তবে সেগুলোকে কোনোভাবেই পূর্ণাঙ্গ মিনি স্টেডিয়াম বলা যায় না।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। এখন প্রতিটি উপজেলা স্টেডিয়ামে প্যাভিলিয়ন, দর্শক গ্যালারি, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা রাখা হচ্ছে। একটি মানসম্মত স্টেডিয়ামের জন্য প্রায় ৩ একর জায়গা নির্ধারণ করে জমি অধিগ্রহণ কিংবা খাস জমি প্রাপ্তিসাপেক্ষে আধুনিক অবকাঠামো নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। বর্তমানে সারাদেশে ২০১টি উপজেলা স্টেডিয়ামের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

অতীতে স্টেডিয়াম প্রকল্পের নামে হওয়া অনিয়ম প্রসঙ্গে প্রতিমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে আর এমন নামসর্বস্ব স্টেডিয়াম করার কোনো সুযোগ নেই। বিগত সময়ে উপজেলা স্টেডিয়াম নির্মাণের নামে যে দুর্নীতি ও অর্থ লোপাট হয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%