কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
০৩:৫৩ পি.এম
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে। এদিন চারজন যুব উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হয় মোট ৪ লাখ টাকার ঋণের চেক।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুল আলম।
স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তাদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। যুবকদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।
আলোচনা সভা শেষে চারজন যুব উদ্যোক্তার মধ্যে মোট ৪ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। প্রত্যেক উদ্যোক্তাকে ১ লাখ টাকা করে ঋণের চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুবক-যুবতী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ নভেম্বর পর্যন্ত আরও কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, সনদপত্র বিতরণ, ‘সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা এবং প্রশিক্ষণ উদ্বোধন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারী সদর উপজেলার ৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনা ও জনসমর্থনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জননেতা মাওলানা আমিজা রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নিবেদিতপ্রাণ ও যোগ্য প্রার্থী হিসেবে তিনি দীর্ঘকাল ধরে পঞ্চপুকুর ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জনকল্যাণ, মানবসেবা এবং সামাজিক দায়বদ্ধতাকে নিজের রাজনৈতিক জীবনের ব্রত হিসেবে বেছে নিয়েছেন তিনি। ব্যক্তিস্বার্থের সম্পূর্ণ ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা রক্ষা এবং জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আমিজা রহমান সকালের ফজর নামাজের পর থেকেই গভীর রাত পর্যন্ত পঞ্চপুকুর ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন। গ্রামীণ জনপদের সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া, সুখ-দুঃখের অংশীদার হওয়া এবং যেকোনো বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়ানো যেন তাঁর দৈনন্দিন রুটিন। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর এই নিবিড় যোগাযোগ, গণসংযোগ এবং তৃণমূল মানুষের সমস্যা ও সম্ভাবনার গভীর অনুধাবন তাঁকে স্থানীয় রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনে একটি মানবিক, সমৃদ্ধ, দুর্নীতি ও বৈষম্যহীন ৮ নং পঞ্চপুকুর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ দায়বদ্ধতার সঙ্গে জনসেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করে মাওলানা আমিজা রহমান বলেন, "জনগণের ভালোবাসা, আস্থা এবং অকুণ্ঠ সমর্থনই আমার কাজের সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা।"
এলাকার সর্বস্তরের জনগণ এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে একজন সৎ ও জনদরদী নেতা হিসেবে মাওলানা আমিজা রহমানের পক্ষেই নিজেদের রায় দিতে প্রস্তুত হচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. রতন শেখ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার দেওয়ান শাহরুখ রাজা চৌধুরীর ছেলে, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), একই এলাকার দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৬), তার স্ত্রী শাম্মী আক্তার পলি (৩৮), তাদের ছেলে দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল (২০) ও মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা (১৬)।
এছাড়া দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ (২১), ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক মিয়ার ছেলে কাওছার আহমদ সোহাগ (২১) এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর গ্রামের ওলিওর রহমান মানিকের ছেলে তাকবির রহমান তানহির (২০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার করে সদর মডেল থানায় নিয়ে আসা হয়। থানায় আনার কিছু সময় পর তিনি অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য প্রথমে সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
চিকিৎসা চলাকালীন গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রিন্সের পরিবারের লোকজন ও বন্ধুরা মিলে পূর্বপরিকল্পিতভাবে মব (উত্তেজিত জনতা) সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালান। এ ছাড়া হাসপাতালের সুযোগ নিয়ে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা চালান প্রিন্স।
এ ঘটনায় সদর মডেল থানার এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. রতন শেখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর দেশের ২২৯টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে, ২০২১ ও ২০২৪ সালে পরবর্তী দুটি নির্বাচন হওয়ার কথা থাকলেও সেগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়নি।
তফসিল অনুযায়ী— আগামী ৫ ও ৬ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১০ ও ১১ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১২ নভেম্বর মনোনয়নপত্রের ওপর আপিল ও শুনানি অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৪ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং একই দিন থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে বাগানের পঞ্চায়েত কমিটির প্রাথমিক কার্যকরী পরিষদ, বিভিন্ন ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকেরা দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছেন। অবশেষে নির্বাচনের তফসিল ঘোষণা করায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজয় হাজরা আরও বলেন, তারা একটি অবাধ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন। নবনির্বাচিত নেতৃত্ব শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়, মজুরি ও অধিকারসংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং বাগান পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নৌ পুলিশ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে আটক করেছে। সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টঙ্গী নৌ পুলিশের সূত্র থেকে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে আটক করা হয়।
একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে, তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জিজ্ঞাসাবাদ চলাকালে দীপ তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন।
গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ এবং ওই তরুণী। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে দীপ সেখানে পৌঁছান। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় ক্যামেরায়।
রেস্টুরেন্টের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ