০৬:১১ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘আকভান’ নামের ঘুর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। পাকা ধান কাটতে না পারার পাশাপাশি ইতোমধ্যে কেটে রাখা ধান মাঠ থেকে বাড়িতে তুলতে না পারায় স্থানীয় কৃষকরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষি জমিতে ধানের আবাদ করা হয়েছে। গত তিন দিনের মুষলধারে বৃষ্টির ফলে ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে।
শনিবার সরেজমিনে বিভিন্ন মাঠ পরিদর্শন করে দেখা গেছে, বিস্তীর্ণ জমিতে কাটা ধান সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। আবার অনেক জমির পাকা ধান বৃষ্টির পানিতে হেলে ও নুইয়ে পড়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কাটা ধান শুকানো এবং নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: মালিকপক্ষ প্রস্তাব না দিলে পরবর্তী পদক্ষেপ নেবে নিম্নতম মজুরি বোর্ড
এ অবস্থায় মাঠে অবশিষ্ট পাকা ধান দ্রুত ঘরে তোলার জন্য কৃষকরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
উপজেলার চিওড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইউসুফ মজুমদার, কাজী আবুল কালাম, মোঃ এয়াছিন, সারপটির আবদুল কাদের মোল্লা, পাতড্ডার আবদুর রহিম, বেরলার মোহাম্মদ হারুন, বাতিসা ইউনিয়নের লুদিয়ারার লিটন চৌধুরী, ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলীর মোঃ সেলিম, মোঃ ইউনুছসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমন মৌসুমের পাকা ধান তোলা শুরু হয়েছিল। কিন্তু গত তিন দিনের বৃষ্টির কারণে পাকা ধান নুইয়ে পড়ায় অধিকাংশ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অপরদিকে কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের কাজী আহসান উল্লাহ বলেন, ৬২ শতক জমিতে আমন ধান চাষ করেছি। এর মধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে ১০ শতক জমি পাকা ধান নুইয়ে পড়েছে। এতে আমার কৃষি খরচ বেড়েছে। আমি সরকারের নিকট সহযোগিতার দাবি জানাচ্ছি।
শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের আহমেদ বলেন, গত তিন দিনের হালকা বৃষ্টির ফলে কিছু এলাকায় পাকা আমন ধান নুইয়ে পড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে ক্ষতির পরিমাণ কমে যাবে। স্ব স্ব এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ প্রদান করছেন।
আরও পড়ুন: কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি নিশাত ও সম্পাদক জামির নির্বাচিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন