০৬:০৩ পি.এম
ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জেদ্দা বন্দরসহ লোহিত সাগরের উপকূলের সমস্ত বন্দরে হামলার হুমকি প্রদান করেছে। রোববার (২৯ নভেম্বর) গোষ্ঠীটি এই হুমকি দেয়, যখন সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা ইয়েমেনের রাস ইসা বন্দরে হামলা চালিয়েছে।
এই পরিস্থিতিতে সৌদি আরব এবং হুতিদের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই একে অপরের অর্থনৈতিক স্থাপনার ওপর হামলা চালাচ্ছে।
হুতিদের নিয়ন্ত্রণাধীন টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানায়, সৌদি আরব ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা প্রদেশের রাস ইসা বন্দরে হামলা করেছে। এটি হুতি নিয়ন্ত্রিত এলাকায় জ্বালানি আমদানির জন্য প্রধান বন্দর হিসেবে পরিচিত।
আরও পড়ুন: মুঙ্গেরের ধানক্ষেত থেকে নারীর গলা কাটা লাশ উদ্ধার, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ
এর আগে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বন্দরটির আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যার সঙ্গে একটি মানচিত্রও দেওয়া হয়।
এরপর হুতিরা সৌদি আরবের লোহিত সাগরের উপকূলের বন্দরের কর্মী এবং আশপাশের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি, এসব বন্দরে অবস্থানরত জাহাজগুলো সরিয়ে নিতে শিপিং কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
২০১৪ সালে ইয়েমেনের যুদ্ধ শুরু হওয়ার আগে রাস ইসা বন্দরটি অপরিশোধিত তেল রপ্তানির টার্মিনাল হিসেবে ব্যবহৃত হতো। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলও বন্দরটিতে হামলা চালিয়েছে।
২০২৫ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বন্দরটিতে হামলা করে। তাদের দাবি ছিল, হুতিদের জ্বালানির উৎস বন্ধ করা এবং গোষ্ঠীটির আয় কমানোই ছিল এ অভিযানের উদ্দেশ্য। একই বছরের জুলাইয়ে ইসরাইল রাস ইসা সহ ইয়েমেনের তিনটি বন্দরে হামলা চালায়।
আরও পড়ুন: মিয়ানমারে বিমান হামলায় নিহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে
ইসরাইলের দাবি ছিল, তাদের ওপর হুতিদের ধারাবাহিক হামলার জবাবে এই অভিযান পরিচালিত হয়েছে।
২০১৪ সালের শেষের দিকে ইরানপন্থি হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে, যার ফলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে অভিযান শুরু করে।
জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে চলতি বছরের জুলাইয়ে আবারও সংঘাত শুরু হয়, যা ইয়েমেনের দীর্ঘদিনের মানবিক সংকটকে আরও গভীর করেছে।
আরও পড়ুন: ইসলামাবাদে স্পিকারের বক্তব্যে ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে নতুন আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন