ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সশস্ত্র বাহিনী গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী


সশস্ত্র বাহিনী গণঅভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী একটি যুগান্তকারী ভূমিকা পালন করেছে।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও ছাত্র-জনতা একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষা করেছেন।

আরও পড়ুন: মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নির্বাচন: সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সুজন

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করার জন্য সুগভীর ষড়যন্ত্র চলছিল। বাংলাদেশের সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করার চেষ্টা অব্যাহত ছিল।

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা, জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্ম ও ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মাধ্যমে সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা সেনাবাহিনীর জন্য গর্বের বিষয়। বক্তব্যের এক পর্যায়ে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন।

আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে হিন্দুদের কীর্তন অনুষ্ঠানে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় চাঁদা না পেয়ে ভেকু দিয়ে বাড়ির প্রাচীর ও গেট ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


কুমিল্লায় চাঁদা না পেয়ে ভেকু দিয়ে বাড়ির প্রাচীর ও গেট ভাঙচুর

কুমিল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভেকু মেশিন ব্যবহার করে এক নারীর বাড়ির সীমানা প্রাচীর ও গেট ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন।

এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) কুমিল্লার বাঙ্গরা উপজেলার হাটাশ গ্রামে। জানা গেছে, হাটাশ গ্রামের মো. আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল স্থানীয় একটি মহলের। এই বিরোধের কারণে বাছির মিয়া ও মুখলেছুর রহমান হিরনসহ প্রধান আসামিরা দীর্ঘদিন ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে বাড়ি থেকে উচ্ছেদ এবং ইটও আস্ত না রাখার হুমকি দেয়া হয়েছিল।

গত মঙ্গলবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা ভেকু মেশিন নিয়ে বাদিনীর বাড়ির সামনে হাজির হন। ১ থেকে ৫ নম্বর আসামির নেতৃত্বে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় সীমানা প্রাচীর ও প্রধান গেট। এ সময় বাধা দিতে গেলে বাদী নাছিমা বেগমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

মামলার বাদী নাছিমা বেগম জানান, "ওরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা টাকা দিতে অস্বীকার করায় গত মঙ্গলবার দুপুরে হঠাৎ করে দলবল নিয়ে ভেকু মেশিন এনে আমাদের সীমানা প্রাচীর ও গেট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি।"

বাদীর ছেলে লেয়াকত আলী অভিযোগ করেন, এ সময় প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, "প্রভাবশালী এই মহলটা জোরপূর্বক আমাদের জমি দখল করতে চায়। চাঁদা না দেয়ায় তারা দিনদুপুরে ভেকু দিয়ে আমাদের বাড়িঘর ও সীমানা প্রাচীর ভেঙে তছনছ করেছে। থানায় মামলা নিতে চায়নি, এখন বাধ্য হয়ে আদালতে গিয়েছি। আমাদের ওপর করা এই জুলুমের বিচার চাই।"

ঘটনার পর অভিযুক্ত বাছির মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, তবে অপর অভিযুক্ত মুখলেছুর রহমান হিরন দাবি করেছেন, "তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়, জনগণ একত্রিত হয়ে সীমানা প্রাচীর ভেঙে খাস জমি উদ্ধার করেছে।"

বাদীপক্ষের আইনজীবী জানান, এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করতে গেলে আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তা গ্রহণ করেনি। পরবর্তীতে ন্যায়বিচার পাওয়ার আশায় বাধ্য হয়ে দ্রুত বিচার আদালতে এই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাকিব হাসান খান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের বন্ধু পুতিন আমাদের কাছে খুনিঃ জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


ট্রাম্পের বন্ধু পুতিন আমাদের কাছে খুনিঃ জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রতি কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চীনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের প্রাক্কালে ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে সিএনএন-কে জেলেনস্কি বলেন, পুতিনকে কীভাবে ডাকা হবে তা ট্রাম্পের নিজস্ব বিষয়, কিন্তু ইউক্রেনের জনগণের কাছে তিনি একজন শত্রু এবং খুনি। জেলেনস্কির মতে, পুতিনের কারণে মানুষের হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যা তাকে বিশ্বের অধিকাংশ মানুষের কাছে খুনি হিসেবে চিহ্নিত করে। তাকে ‘বন্ধু’ বলার মাধ্যমে তার ওপর কোনো চাপ সৃষ্টি হয় না।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-এ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। খারকিভে ১১ জন এবং রিভনেতে একজন আহত হয়েছেন। এর আগে, শুক্রবার কিয়েভ ও পশ্চিম ইউক্রেনে শতাধিক ক্ষেপণাস্ত্র এবং চার শতাধিক ড্রোনের হামলায় অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন, যা জেলেনস্কির মতে চলতি বছরের সবচেয়ে বড় হামলা।

শুক্রবার ট্রাম্প দাবি করেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং তাদের সুসম্পর্ক ইতিবাচক। অন্যদিকে, শুক্রবার ভোরে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করায় ওয়ারশ একে মস্কোর ‘উসকানি’ বলে অভিহিত করেছে এবং ন্যাটো যুদ্ধবিমান মোতায়েন করেছে। তবে রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর প্রকাশ, জানা যাবে তিন উপায়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর প্রকাশ, জানা যাবে তিন উপায়ে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফল ২৩ নভেম্বর প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু শনিবার (২১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানান যে, ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। পরীক্ষকেরা টানা ১৪ দিনের মধ্যে এসব খাতার পুনঃনিরীক্ষণ সম্পন্ন করেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে আবেদনের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। ১১টি বোর্ডের মধ্যে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন, এবং ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন অকৃতকার্য হয়েছেন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

গত ২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা এবং ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন শিক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। এবারের আবেদনের সংখ্যা আগের যেকোনো বছরের তুলনায় বেশি। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা পড়েছে।

যেভাবে ফল দেখা যাবে

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি উপায়ে পরিবর্তিত ফল জানতে পারবেন—

ওয়েবসাইটে : শিক্ষা বোর্ডের সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইটে (rescrutiny.eduboardresults.gov.bd) গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর (২০২৬) দিয়ে সাবমিট করতে হবে।

পিডিএফে : নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে 'HSC Re-scrutiny Changed Result 2026' শিরোনামের পিডিএফ ডাউনলোড করে রোল নম্বর দিয়ে খুঁজলে সংশোধিত বিষয় কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড দেখা যাবে।

এসএমএসে : আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে, যাদের ফল পরিবর্তন হবে (ফেল থেকে পাস বা গ্রেড বৃদ্ধি), তাদের বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাস পর দলে ফিরছেন এভারটনের ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


এক মাস পর দলে ফিরছেন এভারটনের ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ

এভারটনের ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ এক মাস পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের একাদশে ফিরে আসছেন। তিনি দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে প্রায় এক মাস ধরে দলের বাইরে ছিলেন। আগামী সোমবার প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আবারও এভারটনের স্কোয়াডে ফিরবেন এই ইংলিশ তারকা। এভারটন কোচ ডেভিড ময়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে ডার্বি কাউন্টির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে মাঠে ফেরার প্রস্তুতি নিয়েছেন গ্রিলিশ। ব্রেন্টফোর্ড ম্যাচের আগে ময়েস জানান, এই ইংলিশ ফুটবলার অনুশীলনে ফিরে এসেছেন এবং খেলার জন্য প্রস্তুত রয়েছেন।

দলের বাইরে থাকার সময় গ্রিলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এভারটন ও সমর্থকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তবে ময়েস জানিয়েছেন, তিনি খেলোয়াড়ের এই পোস্টে খুব একটা গুরুত্ব দেননি। কোচ বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, তবে বিষয়টি শুনেছি।’

গ্রিলিশের সাথে পরিস্থিতি স্বাভাবিক করতে আলাদা কোনো বিশেষ আলোচনার কথাও নাকচ করে দিয়েছেন ময়েস। পুরো দলের ওপরই তাঁর মূল মনোযোগ—এমনটাই জানিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছি। আমার আরো অনেক খেলোয়াড় আছে, যাদের ওপর মনোযোগ দিতে হয়। আমি কেবল একজন খেলোয়াড়ের দিকেই সব নজর দিতে পারি না।’

চলতি মৌসুমে এভারটনের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয়টি ম্যাচ খেললেও গ্রিলিশ এখনো কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি।

আগামী সোমবার ব্রেন্টফোর্ডের মুখোমুখি হওয়ার আগে পুরো দলকে ঠিকঠাক প্রস্তুত করার দিকে নজর দিচ্ছেন ময়েস। তিনি আরো যোগ করেন, ‘আমি নিশ্চিত করার চেষ্টা করছি যেন সবাই সঠিক প্রস্তুতি নেয় এবং ব্রেন্টফোর্ডের বিপক্ষে পরের ম্যাচের জন্য তৈরি থাকে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%