বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১৯ পি.এম
ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার রুপালি পর্দায় উপস্থাপন হতে যাচ্ছে। প্রথম ভারতরত্নপ্রাপ্ত এই সুরসম্রাজ্ঞীর চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এই বড় বাজেটের জীবনীভিত্তিক সিনেমাটি একাধিক ভারতীয় ভাষায় নির্মাণ করা হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মিউজিক একাডেমিতে এম এস সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির মহরৎ ও পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম দৃশ্যের সূচনা করেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসন।
এ সময় এম এস সুব্বুলক্ষ্মীর পরিবারের সদস্য, খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং ভারতীয় চলচ্চিত্র জগতের প্রযোজক ও পরিচালকেরা উপস্থিত ছিলেন।
দক্ষিণী সিনেমার নির্মাতা গৌতম তিন্নানুরি প্রায় এক বছর গবেষণা করে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন। প্রযোজক আল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বানি ভাসে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন। সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।
অনুষ্ঠানে পরিচালক গৌতম তিন্নানুরি মন্তব্য করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ও পছন্দের সংখ্যা বাড়িয়ে খুব দ্রুত তারকা হওয়া সম্ভব। কিন্তু এম এস সুব্বুলক্ষ্মী তার জীবনজুড়ে সাধনা, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেছিলেন। তিনি তার গানের পাশাপাশি সেই মহান ব্যক্তির জীবনও পুরো বিশ্বের সামনে তুলে ধরতে চান।
এদিকে কিংবদন্তি এই শিল্পীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আবেগাপ্লুত রাশমিকা মান্দানা। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, "আমার মনে হচ্ছে আমি এক ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি। আম্মার ঐতিহাসিক জীবনের একটি ছোট অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আম্মা নিজেই হয়তো আমাকে এই কাজের জন্য বেছে নিয়েছেন। আমি কথা দিচ্ছি, এই চরিত্রের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততা রেখে নিজের সেরাটা দেব।"
সিনেমাটির মহরৎ অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রশংসা করেন কমল হাসনও। এম এস সুব্বুলক্ষ্মীর সংগীত কীভাবে পুরো ভারতকে এক সুতোয় বেঁধেছিল, তা উল্লেখ করে তিনি রাশমিকার এই চরিত্রে অভিনয় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান।
রসিকতা করে কমল হাসন বলেন, "আজকের দিনে রাশমিকা এই চরিত্রটি পাওয়ায় আমার এতটুকু হিংসা হচ্ছে না। কারণ আমি যদি নিজের দাড়িও কামিয়ে ফেলতাম, তাহলেও এম এস আম্মার চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারতাম না।"
তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম—এই চারটি প্রধান ভাষায় সিনেমাটি নির্মাণ ও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটির নাম ও প্রথম ঝলক খুব শিগগির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের লালপুরে একটি সড়ক দুর্ঘটনায় ১৮ বছর বয়সী মোটরসাইকেল চালক আব্দুল্লাহ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানাধীন শিমুলতলা পুলিশ চেকপোস্টের নিকটবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্র অনুযায়ী, আব্দুল্লাহ, যিনি উত্তর লালপুর গ্রামের মৃত শহিদুজ্জামানের ছেলে, মোটরসাইকেল নিয়ে লালপুর থেকে গোপালপুরের দিকে যাচ্ছিলেন। শিমুলতলা পুলিশ চেকপোস্টের প্রায় ৫০ গজ উত্তরে পৌঁছানোর পর, বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান এবং নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তার মৃত্যু আঘাতজনিত কারণে হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত অটোভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাজারের ‘কামরুল স্টোর’-এর মালিক মোহাম্মদ কামরুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও সয়াবিন তেলের বোতলের মোড়কে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি লেখা থাকার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উত্তর বাজারের ‘বিসমিল্লাহ স্টোর’-এর মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনকে একই ধরনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম বখতিয়ার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মেহেদী হাসান এবং কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন,
"আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ কাউখালী বাজারে অভিযান পরিচালনা করেছি। দক্ষিণ ও উত্তর বাজারের দুটি দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরে ট্রেনে উঠতে দৌড়ানোর সময় পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু ঘটেছে আব্দুল মালেক (৫৫) নামের এক ব্যক্তির।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু ঘটে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল মালেক সরিষাবাড়ি উপজেলার বয়রা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে সার ব্যবসায়ী হিসেবে কর্মরত ছিলেন।
জামালপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। নির্ধারিত সময় দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয়। এ সময় আব্দুল মালেক ট্রেনে দৌড়াতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনের চাকার নিচে পড়ে গিয়ে আব্দুল মালেকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ওসি রবিউল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত একটি বৈঠকে মিলিত হয়েছে। বৈঠকের আয়োজন করা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে।
আজ বৃহস্পতিবার, আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
এই বৈঠকে ২৬টি মন্ত্রণালয়, সংস্থা বা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কমিশন জানিয়েছে, বৈঠকের আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ