০৩:২৯ পি.এম
ভাষার দক্ষতা হচ্ছে প্রধান যোগ্যতা। বিদেশী ভাষা শিখে ঘরে বসে অনলাইনে কাজ করে ডলার উপার্জন করা সম্ভব। এছাড়া, উচ্চ বেতনে বিদেশে কাজের সুযোগও কয়েকগুণ বেড়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে টাঙ্গাইলে আরবী, ইংরেজি সহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। এর ফলে বেকারত্বের হতাশা কাটিয়ে নতুন স্বপ্ন দেখছেন তরুণরা। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান এই উদ্যোগ গ্রহণ করেছেন, যা দেশের জন্য একটি নতুন পদক্ষেপ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তরুণ সমাজ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষজন।
ভূঞাপুর উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার বেকারত্ব সমস্যা দূর করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। ২০২৬-২৭ অর্থ বছরের আওতায় গোবিন্দাসী ও ফলদা ইউনিয়নের বেকার তরুণদের জন্য ভাষা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিনা খরচে আরবী, ইংরেজি সহ বিভিন্ন ভাষার প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন তারা। প্রতি ব্যাচে ১৫ জন করে ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিদেশী ভাষা শিখে অংশগ্রহণকারীরা সৌদি আরব, দুবাই, কাতার, মালেশিয়া, চীন, জাপান এবং ইউরোপসহ বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাবেন। এক মাস মেয়াদী এই কোর্সে ভাষা শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং, কাস্টমার সাপোর্ট এবং বিদেশগামী তরুণদের জন্য প্রয়োজনীয় দক্ষতা শেখানো হচ্ছে।
ভাষা শেখার প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাউৎবাড়ী গ্রামের মাহবুব হোসেন এবং কষ্টাপাড়ার হাফিজুর রহমান বলেন, "এটি আমার প্রথম বিদেশী ভাষা শিখন প্রশিক্ষণে অংশগ্রহণ। ভাষা না শিখলে প্রবাসে গিয়ে বিদেশিদের সাথে কাজের ক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়তে হয়। বিনা খরচে বিদেশী ভাষা শেখানোর এই উদ্যোগটি আমাদেরকে দক্ষ করে তোলার একটি বড় সুযোগ। বিদেশী মানুষের সাথে তাদের কর্মক্ষেত্রে তাল মিলিয়ে কাজ করা অনেক সহজ হবে।"
আরও পড়ুন: ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা হলো না অভির
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, "সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিদেশগামী তরুণদের কর্মদক্ষ হিসেবে গড়ে তোলার জন্য চর ও গ্রাম পর্যায়ে তরুণদের বিনা খরচে ভাষা শেখানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন