ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভোলার মানসিক ভারসাম্যহীন ইয়াসিন ফরাজী ঢাকায় নিখোঁজ, সন্ধান চায় অসহায় পরিবার


ভোলার মানসিক ভারসাম্যহীন ইয়াসিন ফরাজী ঢাকায় নিখোঁজ, সন্ধান চায় অসহায় পরিবার

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন ইয়াসিন ফরাজী। দীর্ঘ ৮ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। প্রিয়জনকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

পরিবার সূত্রে জানা যায়, ইয়াসিন ফরাজী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য প্রায় এক মাস আগে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে যাত্রাবাড়ীর কাজলা এলাকার বউ বাজারে মেয়ের বাসায় রেখে তাঁর চিকিৎসা চলছিল।
প্রতিদিন সকাল ও বিকেলে বাসার সামনের একটি দোকানে চা পান করতে যেতেন ইয়াসিন ফরাজী। চা পান শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই আবার বাসায় ফিরে আসতেন তিনি। কিন্তু গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে বউ বাজার এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এরপর আর বাসায় ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই আত্মীয়স্বজন ও পরিচিতজনদের পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় তাঁকে খুঁজে বেড়াচ্ছেন তাঁরা। কিন্তু দীর্ঘ ৮ দিন পার হলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিখোঁজ হওয়ার সময় ইয়াসিন ফরাজীর পরনে ছিল লুঙ্গি এবং গায়ে ছিল জলপাই রঙের পাঞ্জাবি। তাঁর শারীরিক ও মানসিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাঁকে কোথাও দেখে থাকেন কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে দয়া করে নিচে দেওয়া যোগাযোগ নম্বরগুলোতে ফোন করে জানানোর অনুরোধ রইল।

একটি মানুষের সন্ধান তাঁর পরিবারের কাছে অনেক বড় পাওয়া। আপনাদের সামান্য সহযোগিতায় হয়তো ইয়াসিন ফরাজী ফিরে পেতে পারেন তাঁর প্রিয়জনদের। তাই মানবিক দিক বিবেচনা করে সংবাদটি বেশি বেশি প্রচার ও শেয়ার করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
নিখোঁজ ইয়াসিন ফরাজীর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগের নাম্বর:01714700954:01813648971

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুর মোহাম্মদ সাদ্দাম সোনাইমুড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব নিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


নুর মোহাম্মদ সাদ্দাম সোনাইমুড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব নিযুক্ত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে নুর মোহাম্মদ সাদ্দাম দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, উপজেলা যুবদলের সাংগঠনিক সব সিদ্ধান্ত আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে গৃহীত হবে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনা ব্যাংকের কার্ডধারীরা কনকর্ডে বিশেষ ছাড় পাবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


মেঘনা ব্যাংকের কার্ডধারীরা কনকর্ডে বিশেষ ছাড় পাবেন

মেঘনা ব্যাংক পিএলসির ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা বিশেষ ছাড়ের সুবিধা পাবেন কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের বিভিন্ন সেবায়। এছাড়া, পরিবারসহ ফ্যান্টাসি কিংডম ও ফয়েজ লেক রিসোর্টে থাকার ক্ষেত্রেও তারা ছাড় উপভোগ করবেন।

সম্প্রতি, মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, মেঘনা ব্যাংকের কার্ডধারীরা কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেড থেকে ডিজাইন কনসালটেন্সি ও বাস্তবায়ন সেবায় বিশেষ অফার গ্রহণ করতে পারবেন। তাছাড়া, ফ্যান্টাসি কিংডম ও ফয়েজ লেক রিসোর্টে পরিবারসহ অবস্থানের ক্ষেত্রে তারা বিশেষ ছাড় পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসির হেড অব রিটেইল ব্যাংকিং সামিউল কবির এবং কনকর্ড আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোর লিমিটেডের ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মো. নাজমুল ইসলাম (তানিম), যারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের হেড অব কার্ডস মোকসেদুর রহমান, হেড অব কার্ড অ্যালায়েন্স অ্যান্ড সেলস গভর্ন্যান্স ফখরুল ইসলাম জুয়েল এবং কনকর্ডের সিনিয়র এক্সিকিউটিভ-ব্র্যান্ড মার্কেটিং মো. মাজাহার আলী হিমুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


খুলনায় কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম গ্রেফতার

খুলনা, ১৯ নভেম্বর, ২০২৬ : পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে।

গতকাল বুধবার রাতে, তাকে সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার, যখন তাকে আদালতে হাজির করা হয়, বিচারক নির্দেশ দেন তাকে কারাগারে পাঠানোর জন্য।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী বাসসকে জানিয়েছেন, বুধবার রাত ১০টার দিকে পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালিয়ে মোল্লা আকরাম হোসেনকে সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।

মোল্লা আকরাম হোসেনের বিরুদ্ধে দিঘলিয়া থানায় নাশকতা মামলা রয়েছে। আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি

চোখে জল নিয়ে, দুহাত তুলে তারা মোনাজাত করছেন। কেউ কেউ নীরবে কাঁদছেন, আবার কেউ অপলক দৃষ্টিতে পর্দায় তাকিয়ে আছেন। তাদের প্রার্থনা হলো- দীর্ঘদিনের নির্যাতনের বিচার হোক এবং একদিন যেন তারা নিরাপদে নিজেদের ভিটেমাটিতে ফিরে যেতে পারেন। কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরগুলোতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণার প্রেক্ষিতে এমন আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কার্যক্রম দেখার জন্য রোহিঙ্গারা বিভিন্ন ক্যাম্পে সরাসরি সম্প্রচারের আয়োজন করেন।

রোহিঙ্গা নারী-পুরুষরা একত্রে বসে আদালতের কার্যক্রম দেখছেন। কোথাও তারা রায় দেখার পাশাপাশি মোনাজাত করছেন। আল্লাহর কাছে তাদের প্রার্থনা, ন্যায়বিচারের পাশাপাশি যেন তারা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পান।

এই রায় রোহিঙ্গাদের কাছে কেবল একটি আন্তর্জাতিক মামলার সিদ্ধান্ত নয়। ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানে স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে পালানো এবং প্রায় নয় বছর ধরে শরণার্থী জীবন কাটানোর বেদনার সঙ্গে এই বিচারপ্রক্রিয়া জড়িয়ে আছে। তাই লাখো রোহিঙ্গা আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।

দ্য হেগের পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১০ মিনিট) রায় পাঠ শুরু করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। জাপানের এই বিচারপতি ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের সিদ্ধান্ত পাঠ করেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় এবং আদালতকক্ষে মিয়ানমারের প্রতিনিধিদলের নেতা কো কো হ্লাইংকেও দেখা যায়।

রায় পাঠের শুরুতে ২০১৭ সালের অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি উঠে আসে। আদালতের পর্যবেক্ষণে ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়ও উল্লেখ করা হয়।

ন্যায়বিচারের আশায় রোহিঙ্গারা

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, "প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আমরা আইসিজের রায় নিয়ে আশাবাদী। অতীতের বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে প্রত্যাশিত পরিবর্তন না এলেও এবার ভালো ফলের আশা করছি। অনুকূল রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং আমাদের নিজ দেশে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে।"

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নে সান লুইনের মতে, "প্রকৃত ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়; এর সঙ্গে পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ জড়িত।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, "আইসিজের অনুকূল রায় রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি করতে পারে। তবে রায় ঘোষণার পরপরই প্রত্যাবাসন শুরু হবে, এমন প্রত্যাশা করা ঠিক হবে না। এ ধরনের পরিবর্তনে সময় লাগবে।"

রায় গুরুত্বপূর্ণ, প্রত্যাবাসন এখনো অনিশ্চিত

বাংলাদেশ সফর শেষে বুধবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। তিনি বলেন, "এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। রায়ের পর জাতিসংঘের সদস্যদেশগুলোর দায়িত্ব হবে তা বাস্তবায়নে সহযোগিতা করা।"

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের প্রত্যাশা হলো, আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে মিয়ানমারের পক্ষ থেকে তাদের ‘বহিরাগত’ হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক ভিত্তি তৈরি হতে পারে।

তবে আইসিজের রায় সরাসরি রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে না কিংবা প্রত্যাবাসনের দিনক্ষণ নির্ধারণ করবে না। রাখাইনে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসনও টেকসই হবে না।

২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। ২০২০ সালে আদালত অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গাদের সুরক্ষা এবং গণহত্যার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির চূড়ান্ত রায় পাঠ করা হয়।

হেগের আদালতে রায় পাঠ শেষ হলেও কক্সবাজারের ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের অপেক্ষা শেষ হবে কিনা, তা এখনো অনিশ্চিত। তাদের চোখে জল, হাতে মোনাজাত। প্রার্থনা কেবল একটি, ন্যায়বিচার পেয়ে একদিন যেন নিরাপদে ফিরতে পারেন নিজের ঘরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%