১১:৩৯ পি.এম
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৫৩ জন সদস্য এবং পুলিশের ২৪ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন।
বুধবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। প্রশ্নোত্তর অধিবেশনটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: উত্তরায় পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা গ্রেফতার
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে সুপরিকল্পিত ও সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন প্রকার সমরাস্ত্র তৈরির কার্যক্রম চলছে। আধুনিক সমরাস্ত্র নিজ দেশে উৎপাদনের লক্ষ্যে বর্তমান সরকার বিদেশি স্বনামধন্য কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের কার্যক্রমও বেগবান করছে।
তিনি বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বনির্ভর ও রপ্তানিমুখী করার উদ্দেশ্যে চট্টগ্রামে দ্বিতীয় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, ২০১১-১২ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ৪ লাখ ৯৪ হাজার ৮৬৯ পরিবারকে ১ লাখ ২২ হাজার ৫৪৪ দশমিক ৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে
বিএনপির এমপি সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী জানান, দেশে কৃষি খাসজমির পরিমাণ ১৮ লাখ ২৫ হাজার ২০৭ দশমিক ৭৪ একর। বান্দোবস্তযোগ্য কৃষি খাসজমির পরিমাণ ১৩ লাখ ২৮ হাজার ৪৪৫ দশমিক ২৭৪৫ একর। ২০২৫-২৬ অর্থবছরে ১৯০ দশমিক ০১ একর কৃষি খাসজমি বন্দোবস্তপ্রাপ্ত যোগ্য। বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীন পরিবারের সংখ্যা ১ হাজার ৮৮২টি। অকৃষি খাসজমির পরিমাণ ২১ লাখ ৪ হাজার ৩৭৫ দশমিক ৯১০৯ একর। বন্দোবস্তযোগ্য অকৃষি খাসজমির পরিমাণ ১ লাখ ১২ হাজার ৭২৩ একর।
নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, দেশে কৃষি বীজাগারের সংখ্যা ৩ হাজার ৫২৯টি এবং অব্যবহৃত কৃষি বীজাগারের সংখ্যা ৩ হাজার ২৯৬টি।
বিএনপির এমপি লুৎফুর রহমান কাজলের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের আওতায় গবেষকরা এ পর্যন্ত ১ হাজার ১৯৩টির অধিক উচ্চফলনশীল ও প্রতিকূলতাসহিষ্ণু ফসলের জাত এবং ১ হাজার ৭৭৫টি আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
বগুড়া-৪ আসনের মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, ভবিষ্যতের ক্রমবর্ধমান যাত্রী ও কার্গো চাহিদা মেটানোর জন্য এবং বাংলাদেশকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে সরকারের ঢাকার আশেপাশে একাধিক রানওয়ে বিশিষ্ট নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক
বিএনপির এমপি লুৎফুর রহমান কাজলের প্রশ্নের জবাবে বেসামরিক বিমানমন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশে ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টিসহ মোট ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। বোয়িংগুলো ২০৩১ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে এবং এয়ারবাসগুলো ২০৩৩ সাল থেকে ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হবে।
জামায়াতের এমপি মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান জানান, বর্তমানে দেশে মোট ভাতা ভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬ জন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে।
সংরক্ষিত আসনের জামায়াত দলীয় এমপি নাজমুন নাহারের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, দেশে সরকারি বনভূমির ২ লাখ ১৭ হাজার একর অবৈধ জবরদখলে রয়েছে। দখলকৃত জমি উদ্ধারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।
সংরক্ষিত আসনের এমপি মাহবুবা হাকিমের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বনভূমি অবৈধ দখলদারদের মধ্যে ৮৮ হাজার ২১৫ ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। বনভূমি পুনরুদ্ধারে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে
বিএনপির এমপি কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সরকারের রাজস্ব বাজেট থেকে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত ১৮টি অর্থবছরে জলবায়ু ট্রাস্ট ফান্ডে ৪ হাজার ২৫১ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৭শ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিএনপির এমপি হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী জানান, বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী বনভূমির পরিমাণ মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন