ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বায়ার্ন মিউনিখে কোচ ভিনসেন্ট কোম্পানির সুস্থতা, ফিরছেন অনুশীলনে


বায়ার্ন মিউনিখে কোচ ভিনসেন্ট কোম্পানির সুস্থতা, ফিরছেন অনুশীলনে

জামার্নির জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ শিবিরে দারুণ সুসংবাদ এসেছে। ব্রেন বা মেরুদণ্ডের পর্দার প্রদাহজনিত অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে বায়ার্নের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি ক্লাবের অনুশীলন মাঠে ফিরেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি ক্লাবে যোগ দেন।

ক্রীড়া সংবাদমাধ্যম ট্রিবুনাডটকমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৪০ বছর বয়সী এই কোচ ক্লাবে পৌঁছানোর পর তার নিজ অফিসের কম্পিউটারে কাজ শুরু করেন। সেখানে তার সহকারী ফ্লোরিবের্ট এনগালুলা তাকে স্বাগত জানান।

অফিসে কাজের পাশাপাশি কোম্পানি ক্লাবের ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের পুনর্বাসন প্রক্রিয়া ও অনুশীলন নিজ চোখে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে লুইস দিয়াজও রয়েছেন।

আরও পড়ুন: মেসিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, সেমিফাইনাল বৃহস্পতিবার

সম্প্রতি কোম্পানি হঠাৎ শারীরিকভাবে ভেঙে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসার পর তিনি বাড়ি ফেরার অনুমতি পান। অসুস্থ অবস্থায় তার সহকারীরা, বিশেষ করে অ্যারন ডাঙ্কস, দলের দায়িত্ব সামলান।

ক্লাবের কিংবদন্তি উলি হোনেস জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতি শেষ হলেই কোম্পানি আবার কোচের আসনে বসবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর এফসি কোলোনের বিপক্ষে ম্যাচ দিয়েই তিনি আবার মাঠের লাইনে দাঁড়িয়ে দলকে নির্দেশনা দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ, মোট মৃত্যু ৪৭৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ, মোট মৃত্যু ৪৭৪ জন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য উপস্থাপন করেছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডেঙ্গুতে মৃত্যুবরণকারী ৮ জনের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগের ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৪৭৪ জনে পৌঁছেছে।

এছাড়া, এই বছর দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠনের পর প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন প্রদান করা হয়েছে।

ভবন মালিকরা সন্তোষ প্রকাশ করেছেন, কারণ তারা আবেদন জমা দেওয়ার এক মাসের মধ্যে কোনো ধরনের ভোগান্তি ও বাড়তি অর্থ ব্যয় ছাড়াই অনুমোদন পেয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নকশার কপি আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হয়।

চলতি বছরের মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর এটিই প্রথম নকশা অনুমোদন সংক্রান্ত সভা। সভাটির সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

ভবন মালিকরা জানান, অনুমোদিত নকশার কপি পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেন যে, স্বল্প সময়ের মধ্যে কোনো ধরনের বাড়তি অর্থ ব্যয় ছাড়াই নকশার অনুমোদন পেয়েছেন। ফলে তাদের ভোগান্তি কমেছে।

সভায় কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, "এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নকশা অনুমোদন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।" তিনি আরও জানান, আবেদনকারীদের কোনো ধরনের ভোগান্তিতে না ফেলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নকশার অনুমোদন দেওয়া হবে।

এ সময় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান এবং সহকারী অথরাইজড অফিসার ও তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেন্ডারবিহীন খরচ ও এমপিদের কাজে বাধা দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী আব্দুল বারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


টেন্ডারবিহীন খরচ ও এমপিদের কাজে বাধা দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী আব্দুল বারী

জাতীয় সংসদে কঠোর বার্তা প্রদান করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি জানিয়েছেন, আমলাদের অসহযোগিতা, টেন্ডার ছাড়া সরকারি বরাদ্দ খরচ এবং নির্বাচিত সংসদ সদস্যদের উন্নয়নকাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট তথ্য বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এ বক্তব্য দেন প্রতিমন্ত্রী। হান্নান মাসউদ উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে গড়ে ওঠা আমলাকেন্দ্রিক ব্যবস্থার কারণে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রায়ই হেনস্তার শিকার হয়েছেন এবং সেই মনোভাব এখনও পুরোপুরি কাটেনি। তিনি অভিযোগ করেন, নির্বাচিত সংসদ সদস্যদের এড়িয়ে এবং বিভিন্ন বরাদ্দ টেন্ডারবিহীনভাবে খরচ করার বিষয়টি নিয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন এবং সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান।

এর জবাবে, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে এবং প্রতিটি কাজে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।

প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, টেন্ডারবিহীনভাবে অর্থ খরচ করা কিংবা সংসদ সদস্যদের উন্নয়ন কাজে কোনো কর্মকর্তার বাধা সৃষ্টি করার বিন্দুমাত্র সুযোগ নেই। যদি এ ধরনের কোনো ঘটনার সুনির্দিষ্ট তথ্য বা লিখিত প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। নিয়োগ, পদোন্নতি ও পদায়নের প্রতিটি ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে কোনো কর্মকর্তা স্বেচ্ছাচারিতা করলে কিংবা দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমির হামজার ভাইরাল অডিওতে এআই ব্যবহারের প্রমাণ নেই : দ্য ডিসেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


আমির হামজার ভাইরাল অডিওতে এআই ব্যবহারের প্রমাণ নেই : দ্য ডিসেন্ট

সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওর বিশ্লেষণ করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।

ডিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ছড়িয়ে পড়া অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে।

 

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা নিশ্চিত করার জন্য প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে, আমির হামজা এবং তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনগুলো কাদের সঙ্গে এবং কী প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। পোস্টে তিনি উল্লেখ করেন যে, ফ্যাক্টচেক করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।

ফাঁস হওয়া বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে (আমির হামজার কণ্ঠ) ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

অডিওতে আরও বলা হয়, ‘একদম হুলুস্থুল করে ফেললো বিষয়টা, বিষয়টা একটু ঘুলিয়ে পাকিয়ে গেলো। আমি আপনাদেরকে এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরেও আপনারা বললেন যে কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না। এই যে এখন কি, কোন জায়গায় যেয়ে ঠেকবে ঠিক নাই।...আপনাদের ওপর আমার কোনো রাগ ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

এদিকে গত ৬ নভেম্বর বগুড়ার একটি ওয়াজ মাহফিলে আমির হামজা অভিযোগ করেন, তার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি এই ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। পরে, তার বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%