ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-৬ এর প্রস্তুতি


খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-৬ এর প্রস্তুতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার ঐতিহ্যবাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)।

শনিবার (১৭ অক্টোবর) পরিদর্শনকালে এসআরবি-৬, খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন।

ব্রিফিংয়ে তিনি উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে এসআরবি-৬ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। গত ১৩ অক্টোবর থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: কালীগঞ্জের নলতা কালীবাড়ি শারদীয় দূর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মিছ কাওছার আজিজ

তিনি আরও জানান, খুলনা জেলা ও মহানগর এলাকার ৩৯৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়মিত টহল, অস্থায়ী চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সতর্কতামূলক সাইবার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।

পূজা উদ্যাপন কমিটি, সাধারণ মানুষ, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারের অতিরিক্ত দাম নিয়ে প্রতিবাদ, বিহারের সাংবাদিক মোঈদ আলম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৩ এম


সারের অতিরিক্ত দাম নিয়ে প্রতিবাদ, বিহারের সাংবাদিক মোঈদ আলম গ্রেপ্তার

বিহারের আররিয়া জেলার জোকিহাটের ডিজিটাল সাংবাদিক মোঈদ আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সার নির্ধারিত দাম ২৬৬ টাকার পরিবর্তে ৪০০ টাকায় বিক্রি করার বিষয়টি তুলে ধরার পর এই ঘটনা ঘটে।

তবে ঘটনার মোড় ঘোরে ব্যবসায়ী পীযূষ আগরওয়ালের পাল্টা অভিযোগের মাধ্যমে। আগরওয়ালের দাবি, মোঈদ আলম তাঁর কাছ থেকে ১২ লাখ টাকা চাঁদাবাজি করেছেন এবং তাঁকে প্রাণে মারার হুমকি দিয়েছেন।

জানা যায়, জোকিহাট এলাকায় নির্ধারিত মূল্য ২৬৬ টাকার সার ৪০০ টাকায় বিক্রি করে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ধরেন সাংবাদিক মোঈদ আলম।

ফোর্বসগঞ্জের 'মেসার্স গণেশ ট্রেডিং'-এর স্বত্বাধিকারী ব্যবসায়ী পীযূষ আগরওয়াল অভিযোগ করেন, গত ১২ অক্টোবর মোঈদ আলম তাঁর দোকানে আসেন এবং সারের পিওএস মেশিন নিয়ে তথ্য চান। সে সময় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গালিগালাজ করেন এবং দোকানের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেন।

ব্যবসায়ী আগরওয়ালের দাবি, পরবর্তীতে মোঈদ আলম আবার তাঁর দোকানে গিয়ে ১২ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাঁকে মেরে ফেলার হুমকি দেন। মিথ্যা মামলায় ফেঁসে যাওয়ার আশঙ্কায় আগরওয়াল পুলিশের কাছে নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানান।

ফোর্বসগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার জানান, ব্যবসায়ী আগরওয়ালের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

সারের কালোবাজারি ও অতিরিক্ত দামের বিরুদ্ধে মুখ খোলায় সাংবাদিক মোঈদ আলমকে জেলে পাঠানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের অনেকেই সাংবাদিকের পাশে দাঁড়িয়ে তাঁর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং বিধিমালার সার্কুলার জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৪ এম


বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং বিধিমালার সার্কুলার জারি

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্স প্রদান এবং নবায়ন সংক্রান্ত বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনাগুলো একত্রিত করে একটি সমন্বিত সার্কুলার জারি করেছে। এই সার্কুলারে অনুমোদিত ডিলার (এডি), মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, অনুমোদিত স্বর্ণ ডিলার (এজিডি) এবং স্বর্ণ আকরিক ও ডোরে আমদানিকারকদের লাইসেন্স সম্পর্কিত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই সার্কুলারটি শনিবার (১৭ অক্টোবর) জারি করা হয়েছে এবং এর লক্ষ্য হলো— প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদসহ বিদ্যমান নির্দেশনাগুলো একটি নথিতে সংকলন করে লাইসেন্স প্রদান ও কার্যক্রম পরিচালনার প্রক্রিয়াকে সহজ করা। সার্কুলারটির কার্যকারিতা জারির তারিখ থেকে এক বছর পর্যন্ত থাকবে। এই ক্ষেত্রে, সার্কুলারের আওতাভুক্ত বিষয়গুলোর জন্য পূর্বের নির্দেশনাগুলো সংশ্লিষ্ট ক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে।

সার্কুলারটি ছয়টি অংশে বিভক্ত, যেখানে লাইসেন্স প্রদান ও নবায়ন, বৈদেশিক মুদ্রার লেনদেন, স্বর্ণ আমদানি ও রপ্তানি, এএমএল বা সিএফটি পরিপালন, প্রতিবেদন দাখিল এবং লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও লাইসেন্স বাতিলের ক্ষমতা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক নতুন লাইসেন্স প্রদান করার সিদ্ধান্ত নিলে, অনুমোদিত ডিলাররা গ্রাহকদের পক্ষে মানি চেঞ্জার ও অনুমোদিত স্বর্ণ ডিলারের লাইসেন্সের আবেদন প্রক্রিয়াকরণ করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে পারবেন।

ব্যাংক সংশ্লিষ্টরা সার্কুলার জারির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বিভিন্ন সময়ে জারি করা ছড়িয়ে-ছিটিয়ে থাকা সার্কুলার ও নির্দেশনা একত্রিত হওয়ার ফলে সংশ্লিষ্ট বিধিবিধান সহজে জানা যাবে। পাশাপাশি, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়া এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় এটি একটি কার্যকর নির্দেশিকা হিসেবে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উদ্ঘাটন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৪ এম


চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উদ্ঘাটন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য হিসেবে ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়ার আটটি ঘটনা উন্মোচন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং চট্টগ্রাম কাস্টমস হাউস।

এই ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারক ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩-এর ৩৩ ও ১৭১ ধারায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সিআইসি ও চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার যৌথ অভিযানে কন্টেইনারগুলো কায়িক পরীক্ষা করে এসব অনিয়ম উদ্ঘাটন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি কাজে ব্যবহৃত পাওয়ার স্প্রেয়ার মেশিন, টুথপিক, প্রিন্টিংয়ের হিট ট্রান্সফার পেপার, রবার বুশ এবং স্টেইনলেস স্টিল সার্কেলের মতো পণ্যের ঘোষণা দিয়ে চীন, পাকিস্তান ও থাইল্যান্ড থেকে উচ্চ শুল্কের বিভিন্ন পণ্য আমদানি করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে- নামী ব্র্যান্ডের প্রসাধনী, ফেস ক্রিম, অ্যান্টি-এজিং জেল, নিষিদ্ধ ক্রিম, লেজার লাইট, গাড়ির ইঞ্জিনের যন্ত্রাংশ, বিয়ারিং, নাট-বল্টু ও পিভিসি ফ্লেক্স ব্যানার।

পাওয়ার স্প্রেয়ারের ঘোষণায় প্রসাধনী: ঢাকার নিউ মার্কেটের আমদানিকারক প্রতিষ্ঠান ফরচুন গ্লোবাল ট্রেডিং চীন থেকে ১১ হাজার ৯৫৬ কেজি পাওয়ার স্প্রেয়ার মেশিন আমদানির ঘোষণা দেয়। তবে কায়িক পরীক্ষায় কন্টেইনারে স্টেজ লাইট, ফেস ক্রিম, সান ক্রিম, টুথপেস্ট, পিলিং জেল, সিরাম, এলইডি লাইট, সানগ্লাস ও ব্ল্যাক হেয়ার শ্যাম্পুসহ বিভিন্ন অঘোষিত পণ্য পাওয়া যায়। ঘোষিত ওজনের চেয়ে প্রায় ১ হাজার ৮১৭ কেজি অতিরিক্ত পণ্য পাওয়া যায়। এ চালানে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়।

টুথপিকের চালানে নিষিদ্ধ ক্রিম: পুরান ঢাকার চকবাজারের কাফ কর্পোরেশন চীন থেকে সাড়ে ২২ টন টুথপিক আমদানির ঘোষণা দিলেও বাস্তবে মাত্র ১ হাজার ৬২০ কেজি টুথপিক পাওয়া যায়। বাকি পণ্যের মধ্যে পাকিস্তানের গোরি বিউটি ক্রিম, ফেস ক্রিম, সান ক্রিম, অ্যান্টি-এজিং জেল, হেয়ার রিমুভার স্প্রে, সানগ্লাস ও ডিলে স্প্রে পাওয়া যায়। এ চালানে আনুমানিক ২ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়।

গাড়ির যন্ত্রাংশ ও ফ্লেক্স ব্যানার: ঢাকার এইচ.আর এন্টারপ্রাইজ থাইল্যান্ড থেকে ১৬ হাজার ৪০ কেজি ইঞ্জিন রবার বুশ আমদানির ঘোষণা দিলেও পরীক্ষায় প্রকৃত রবার বুশ পাওয়া যায় ৬ হাজার ৬২৫ কেজি। বাকি পণ্যের মধ্যে ইঞ্জিন মাউন্টিং, সাসপেনশন বুশ, আর্ম বুশ, সেন্টার বিয়ারিং, স্প্রিং শ্যাকল ও স্টিয়ারিংসহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায়। এ ঘটনায় আনুমানিক ৪৪ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য জানানো হয়েছে।

নিউ ট্রাস্ট ট্রেডার্স চীন থেকে ২৩ হাজার ৬১৮ কেজি হিট ট্রান্সফার পেপার আমদানির ঘোষণা দিলেও কায়িক পরীক্ষায় মাত্র ৩ হাজার ১৬০ কেজি পেপার পাওয়া যায়। বাকি প্রায় ২১ হাজার ৪৬৭ কেজি পণ্যের মধ্যে উচ্চ শুল্কের পিভিসি ফ্লেক্স ব্যানার পাওয়া যায়। এ চালানে আনুমানিক ৪০ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়।

নাট-বল্টু ও বিয়ারিং আমদানিতে অনিয়ম: বংশালের নিউ রনি এন্টারপ্রাইজ এবং ওয়ারীর মোহাম্মাদীয়া ট্রেড নামের দু’টি প্রতিষ্ঠানের চালানেও অনিয়ম পাওয়া যায়।

মোহাম্মাদীয়া ট্রেড ২২ টন স্টেইনলেস স্টিল সার্কেল ও এক্সকাভেটর গিয়ার আমদানির ঘোষণা দিলেও কায়িক পরীক্ষায় ৩ দশমিক ৮ টন ঘোষিত পণ্য পাওয়া যায়। কন্টেইনারে অতিরিক্তভাবে ২২ হাজার ১১৩ কেজি নাট, বল্টু ও স্ক্রু পাওয়া যায়। এ চালানে আনুমানিক ৩২ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়।

অন্যদিকে, নিউ রনি এন্টারপ্রাইজের চালানে ১৭ হাজার ৫৯২ কেজি নাট-বল্টু, ২ হাজার ৭৮৭ কেজি ভারী রোলিং বিয়ারিং এবং ২ হাজার ৩৩৬ কেজি রিভলভিং চেয়ারের গ্যাস লিফট সিলিন্ডার পাওয়া যায়। এ ঘটনায় আনুমানিক ৪২ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য জানানো হয়েছে।

কন্টেইনারের সিল পরিবর্তনের অপচেষ্টা: কাস্টমসের নজরদারিতে থাকা কাফ কর্পোরেশনের আরেকটি কন্টেইনার অবৈধভাবে সরানোর চেষ্টার তথ্যও উদ্ঘাটিত হয়েছে। কন্টেইনারটি এএসওয়াইসিইউডিএ ওয়ার্ল্ড সিস্টেমে লক করা থাকা সত্ত্বেও নির্ধারিত কায়িক পরীক্ষার তারিখের আগে গত ১৯ সেপ্টেম্বর সেটি কিপ ডাউন করা হয়। এ সময় বিল অব লেডিংয়ে উল্লেখিত মূল সিল ভেঙে অন্য একটি সিল লাগানো হয়।

নথিপত্র যাচাইয়ে বদলি হওয়া কর্মকর্তাদের স্বাক্ষর জাল করার তথ্য পাওয়া যায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে কন্টেইনারটি নিরাপত্তা হেফাজতে নিয়ে জব্দ করা হয়।

এনবিআর জানায়, ডিজিটাল রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব জালিয়াতি উদ্ঘাটন করা হয়েছে। রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা, দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা এবং শুল্ক ফাঁকি প্রতিরোধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সেমিনারে বক্তারা

মক্কা-মদিনার নিরাপত্তা রক্ষায় মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৫ এম


মক্কা-মদিনার নিরাপত্তা রক্ষায় মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির আহ্বান

হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য মুসলিম উম্মাহর ঐক্য, সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছেন সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির নেতারা।

তারা উল্লেখ করেছেন যে, পবিত্র মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার নিরাপত্তা এবং পবিত্রতা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে যেকোনো হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে ‘হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদায় মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।

সেমিনারে বক্তারা বলেন, পবিত্র দুই মসজিদ শুধু সৌদি আরবের নয়, বরং বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমান, ভালোবাসা ও ধর্মীয় অনুভূতির কেন্দ্রবিন্দু। তাই হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও পবিত্রতার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় মুসলিম উম্মাহর মধ্যে সচেতনতা, সংহতি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, সশস্ত্র সংঘাত এবং বিভিন্ন গোষ্ঠীর উসকানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। বিশেষ করে ইয়েমেনের হুতি গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনাকে তারা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

বক্তারা জানান, মক্কা-মদিনাসহ বেসামরিক স্থাপনা, বিমানবন্দর ও তৈলশোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক আইন ও নীতির পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পাশাপাশি বিশ্ব অর্থনীতির জন্যও উদ্বেগের কারণ। সব পক্ষকে আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তারা।

সেমিনারে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ ও পারস্পরিক অবিশ্বাস দূর করে ঐক্য, ভ্রাতৃত্ব, সংলাপ ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মুসলিম বিশ্বের সংকট নিরসনে আবেগনির্ভর প্রতিক্রিয়ার পরিবর্তে তথ্যভিত্তিক বিশ্লেষণ, দায়িত্বশীল বক্তব্য, কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণ করতে হবে। মুসলিমদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কোনো সমস্যার সমাধান হতে পারে না।

বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্কের বিষয়ে বক্তারা মন্তব্য করেন যে, দুই দেশের ঐতিহাসিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন। একই সঙ্গে বাংলাদেশের আলেম-উলামা, মসজিদের ইমাম-খতিব, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের হারামাইন শরীফাইনের মর্যাদা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতে হবে।

পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক প্রচারণা থেকে মানুষকে সতর্ক করার ওপরও গুরুত্ব দেন তারা।

বক্তারা সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক ও কার্যকর ভূমিকা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

সেমিনার থেকে পবিত্র দুই মসজিদের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সংস্থা, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আহ্বান জানানো হয়।

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে সংলাপ, কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং বেসামরিক মানুষের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলেন বক্তারা।

সেমিনারে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মানযুর এ ইলাহী, প্রফেসর ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া, প্রফেসর ড. মুসলেহুদ্দীন, অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক, ড. শহীদুল্লাহ খান মাদানী, ড. মুহাম্মাদ নুরুল্লাহ, শাইখ জাহিদ হাসান মাদানী, ড. ইব্রাহিম আব্দুল হালীম ও ড. আব্দুল বাছির প্রমুখ।

বক্তারা আশা প্রকাশ করেন যে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য, সচেতনতা ও দায়িত্বশীল উদ্যোগের মাধ্যমে মুসলিম উম্মাহ পবিত্র হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%