০৮:০৭ পি.এম
বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। মামলাটি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং তা ভোগদখলে রাখার অভিযোগে করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, পটুয়াখালী দুদক কার্যালয়ে দাখিল করা সম্পদ ও আয় বিবরণীতে জাহাঙ্গীর কবির তার মোট আয় ২ কোটি ৯০ লাখ ৭৯ হাজার ৩৮০ টাকা হিসেবে উল্লেখ করেছেন। একই বিবরণীতে তার মোট ব্যয়ের পরিমাণ ৩৫ লাখ ৪ হাজার ৭৫৭ টাকা দেখানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীকে রেশম শিল্পনগরী গড়তে রাসিকের সহযোগিতার আশ্বাস
তথ্য যাচাই-বাছাই এবং অনুসন্ধানের পর দুদক তার নামে দায়-দেনা বাদে মোট ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৯৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পায়। অন্যদিকে, বৈধ আয়ের উৎস থেকে তার সঞ্চয়ের পরিমাণ ২ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৬২৩ টাকা পাওয়া যায়।
দুদকের হিসাব অনুযায়ী, বৈধ সঞ্চয়ের তুলনায় তার অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকা বেশি। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি এই অতিরিক্ত সম্পদ অর্জনের পক্ষে গ্রহণযোগ্য ও সন্তোষজনক কোনো বৈধ আয়ের উৎস বা প্রমাণ দেখাতে পারেননি।
এজাহারে আরও বলা হয়েছে, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখার অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলার বাদী তাপস বিশ্বাস বলেন, বরগুনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে বৈধ আয়বহির্ভূত ১ কোটি ৮ লাখ ৬০ হাজার ৩৬৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এই সম্পদের পক্ষে তিনি উপযুক্ত কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেননি। তাই তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ‘আগামীর বাগোয়ানের উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন