০২:৫৯ পি.এম
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে জমিতে কাজ করার সময় ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু এবং ৫টি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুরে গাগনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে এবং সেগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের কাঁদো মালিথা যখন নিজ জমিতে কৃষিকাজ করছিলেন, তখন মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান। এরপর আরও খোঁড়াখুঁড়ি করলে মোট ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু এবং ৫টি ল্যান্ডমাইনের খালি বক্স দেখতে পান তিনি। বিষয়টি জানাজানি হওয়া মাত্রই আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে গাংনী থানায় বিষয়টি জানালে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে এলাকায় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কাজ शुरू করে।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল বিশ্বাস জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে সক্রিয় ল্যান্ডমাইন কিনা, নাকি পুরোনো বা নিষ্ক্রিয় বিস্ফোরক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা করার পরে নিশ্চিতভাবে বলা যাবে এগুলো কি ল্যান্ডমাইন এবং সেগুলো কার্যকর অবস্থায় রয়েছে কি না। উদ্ধার হওয়া বস্তুগুলোর উৎস এবং কীভাবে সেগুলো সেখানে এলো, সেই বিষয়েও তদন্ত করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন