শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:১৫ এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন মন্তব্য করেছেন যে, স্বেচ্ছায় রক্তদাতারা জাতীয় বীর এবং মানবতার উজ্জ্বল উদাহরণ। তিনি এই কথা বলেন রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে কোয়ান্টামের উদ্যোগে অনুষ্ঠিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।
উপাচার্য তার জীবনে ১০ ব্যাগ রক্ত গ্রহণের আবেগঘন স্মৃতিচারণ করে বলেন, "শুধু সম্মাননা দিয়ে রক্তদাতাদের যথাযথ সম্মান জানানো সম্ভব নয়। তাদের প্রতি সম্মান মানুষের অন্তরে জাগ্রত থাকে। বরং স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে মানবতার জয়গান শেখার রয়েছে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বেচ্ছা রক্তদাতাদের অনুপ্রাণিত করতে তাদের হাতে সম্মাননা সনদ, মেডেল ও ক্রেস্ট তুলে দেন।
অধ্যাপক ড. মো. রইছ উদদীন উল্লেখ করেন, কোয়ান্টাম ফাউন্ডেশন রক্তদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মানুষকে সম্পৃক্ত করেছে। তিনি বলেন, "কোয়ান্টাম মানুষের আত্মিক পরিচর্যা ও আত্মপরিচয় সৃষ্টির ক্ষেত্রে অনন্য উদাহরণ।"
অনুষ্ঠানে আলোচকরা জানান, কোয়ান্টাম ল্যাবে মোট নারী রক্তদাতার সংখ্যা ৫৫ হাজার ৬০ জন। এর মধ্যে লাইফ লং ডোনার ৬ হাজার ৪৯ জন, সিলভার ডোনার ১ হাজার ৭২ জন, গোল্ডেন ডোনার ১৮২ জন এবং প্লাটিলেট ডোনার রয়েছেন পাঁচজন।
স্বেচ্ছায় রক্তদানের অভিজ্ঞতা তুলে ধরেন ৫০ বার রক্তদানকারী নারী প্লাটিনাম ডোনার সৈয়দা রাবেয়া বসরী মুনমুন। এছাড়া, থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা মেহেদী হাসান ও হিমোফিলিয়ায় আক্রান্ত আব্দুল্লাহ তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম. রেজাউল হাসান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : শিল্পাঞ্চলে কর্মপরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য, শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) তাদের তৎপরতা বৃদ্ধি করেছে।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা এবং বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থানে থেকে তাদের দায়িত্ব পালন করছেন।
আজ আনসার ও ভিডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গাজীপুরের নাওজোর পয়েন্ট, চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী এবং কাশিমপুরসহ গাজীপুরের শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
শিল্পকারখানার নিরাপত্তা এবং উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আনসার সদস্যরা পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিশেষ স্ট্রাইকিং টিম এবং অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
মোতায়েন করা সদস্যদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য প্রাথমিক চিকিৎসাসামগ্রী এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টও নিয়োজিত রয়েছেন।
শিল্পাঞ্চলের নিরাপত্তার পাশাপাশি সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে দেশের নয়টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। জেলাগুলো হলো—গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা এবং ময়মনসিংহ।
এর মধ্যে গাজীপুরে ১৯, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে পাঁচ, নারায়ণগঞ্জে চার, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চারটি করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুটি করে প্লাটুন দায়িত্ব পালন করছে। এসব জেলার শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক এবং জনসমাগমস্থলে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
আনসার সদস্যদের এই তৎপরতার ফলে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখা, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৬ নভেম্বর ২০২৬ : চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের। এই দীর্ঘ সময়ের বিভিন্ন দিকের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের উপকরণ সংরক্ষণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই উদ্দেশ্যে জেলা পরিষদ ভবনে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, ‘চট্টগ্রাম নিয়ে একটি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করছি আমরা। জেলা পরিষদ ভবনে ১৪ তলায় ১০ হাজার বর্গফুট জায়গায় এই জাদুঘর প্রতিষ্ঠা করা হবে।’
মাহবুবের রহমান শামীম আরও বলেন, ‘চট্টগ্রামের দীর্ঘ পথচলার বিভিন্ন ধরনের ইতিহাস, এই অঞ্চলের পুরোনো ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্যসহ সব ধরনের বিষয় একটি ছাদের নিচে সংরক্ষণ করা হবে। যাতে করে পরবর্তী প্রজন্ম এক জায়গা থেকেই চট্টগ্রামকে জানতে পারে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বন্দরনগরীর অতীত ইতিহাস, জনজীবন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিবর্তনের নানা অধ্যায় জানার সুযোগ তৈরি হবে।’
তিনি উল্লেখ করেন, ‘দেশের আর কোথাও সম্ভবত এমন জাদুঘর প্রতিষ্ঠিত হয়নি। এটি প্রথম উদ্যোগ। কীভাবে জাদুঘর প্রতিষ্ঠা করা হবে, সেখানে কী কী বিষয় থাকবে, কীভাবে ইতিহাসের উপকরণগুলো সংগ্রহ করা হবে—তা নিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি বিষয়টি নিয়ে কাজ করবে, বিস্তারিত জানালে আমরা পরিকল্পনা নিয়ে অগ্রসর হব।’
জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমের পরিকল্পনায় শুধু কিছু পুরোনো নিদর্শন সংরক্ষণ বা প্রদর্শনই নয়; বরং চট্টগ্রামের ইতিহাস ও নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের একটি সমৃদ্ধ সংগ্রহশালা গড়ে তোলা হবে। এ জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, গবেষক ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে কাজ করা হবে।
ইতিহাস সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাগর নদী ও পাহাড়ঘেরা প্রাকৃতিক বৈচিত্র্যের শহর চট্টগ্রাম। হাজার বছরের বৈদেশিক বাণিজ্য, নৌযাত্রা, ঔপনিবেশিক শাসন, রাজনৈতিক আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন জনগোষ্ঠীর জীবনধারার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রাম। কর্ণফুলী নদী ও সমুদ্রবন্দরকে ঘিরে গড়ে ওঠা এ জনপদ একদিকে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার। আরাকান, পর্তুগিজ, মোগল ও ব্রিটিশ শাসনের নানা স্মারক, বন্দরকেন্দ্রিক বাণিজ্যের দলিল, পুরোনো স্থাপত্য, ভাষা-সাহিত্য, লোকসংগীত এবং পাহাড়ি ও সমতলের বিভিন্ন জনগণের জীবনাচার এ অঞ্চলের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
প্রস্তাবিত জাদুঘরে চট্টগ্রামের প্রাচীন মানচিত্র, দুর্লভ আলোকচিত্র, পুরোনো সংবাদপত্র, ঐতিহাসিক দলিল, বন্দর ও নৌবাণিজ্যের স্মারক, মুক্তিযুদ্ধের উপকরণ, লোকজ শিল্প, ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র, মৃৎশিল্প এবং বিভিন্ন জনগণের সাংস্কৃতিক নিদর্শন সংগ্রহের বিষয়টি বিবেচনায় আসতে পারে। একই সঙ্গে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি, সাহিত্যিক, শিল্পী, রাজনীতিক, সমাজসংস্কারক ও মুক্তিযোদ্ধাদের জীবন ও অবদানও তুলে ধরা হতে পারে।
জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রস্তাবিত জাদুঘরটি কেবল প্রদর্শনীমূলক নয়, বরং চট্টগ্রামের ইতিহাস নিয়ে গবেষণা, শিক্ষার্থীদের জন্য তথ্যভিত্তিক প্রদর্শনী, পুরোনো দলিল ও ছবি ডিজিটাল সংরক্ষণ এবং প্রবীণদের স্মৃতিচারণ করার সুযোগও রাখা হবে। এতে জাদুঘরটি হয়ে উঠতে পারে এই অঞ্চলের ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঐতিহাসিক যেসব উপকরণ কোনো ব্যক্তি বা পারিবারিক সংগ্রহে আছে, সেগুলো এখানে প্রদর্শন কিংবা ডিজিটালভাবে সংরক্ষণ করার সুযোগ দেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ‘চট্টগ্রাম ইতিহাসচর্চা কেন্দ্রের’ সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন বাসসকে বলেন, ‘চট্টগ্রাম প্রাচীন ইতিহাসের সাক্ষী, সভ্যতা বিনির্মাণে আড়াই হাজার বছরের ইতিহাসের সাথে নিবিড় সম্পৃক্ততা রয়েছে। এই অঞ্চলের প্রত্নসম্পদ, প্রাচীন স্থাপত্য, পাহাড়, সমুদ্র, নদী-দীঘি ও রাজা-বাদশাহর বহু নিদর্শন হারিয়ে যেতে বসেছে। পৃথিবীর নৌযোগাযোগ ও সমুদ্র বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ইতিহাস হাজার বছরেরও বেশি সময়ের। ব্রিটিশবিরোধী আন্দোলন সূচনাকালে হাবিলদার রজব আলীর সিপাহী বিদ্রোহ, পরবর্তীতে মাস্টারদা সূর্যসেন, কাজেম আলী মাস্টার, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীসহ বহু ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতার জন্মভূমি এই চট্টগ্রাম। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রামের মাটি থেকে ইতিহাসে সংযোজিত হয়েছে। এসব স্মৃতি সংরক্ষণে চট্টগ্রাম জেলা পরিষদ যে জাদুঘর করার উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে একটি স্থানেই পুরো প্রাচীন চট্টগ্রাম সবার দৃশ্যপটে উন্মোচিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর ভাটারা থানার এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ রুহুল আমিন (৩১) ও ইয়াসিন (২৬) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের কাছে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে ভাটারা থানার নূরের চালা বোটঘাট এলাকায় থানার একটি দল বিশেষ অভিযান শুরু করে। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণে রুহুল আমিন ও ইয়াসিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানিয়েছেন, হাজিদের সুবিধার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান হজের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি উল্লেখ করেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে হজযাত্রীদের খরচ কমানোর পাশাপাশি ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছার ফলস্বরূপ, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।
ধর্মমন্ত্রী মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।
মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে এবং মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর পরিচালনায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে।
মাহফিলে সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা বয়ান পেশ করেন। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ