ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রাবিতে রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন


রাবিতে রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রশিবিরের নেতারা দ্রুত সময়ে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান। পাশাপাশি, সিনেট কার্যকরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন: জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধের দাবি

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান বলেন, “১৯৯০ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকার ২০২৬ সালে আবার ক্ষমতায় আসার পর ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, অনতিবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৮তম রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “ঢাবি, জাবি, চবিতে সিনেট কার্যকর হয়েছে, একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই সিনেট কার্যকর হয়নি। অনতিবিলম্বে সিনেট অধিবেশন ডাকতে হবে। সিনেট কার্যকর করতে হবে এবং ১৮ তম রাকসুর তফসিল দিতে হবে। যদি এক্ষেত্রে কোন গড়িমসি করা হয়, যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে এই রাকসু নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বে। আজকে তাদের রাসু নির্বাচন নিয়ে এত ভয় কেন? নেতৃবৃন্দ বলার চেষ্টা করেছেন যে রাকসু থাকলে প্রশাসন নিজেদের মত করে নয় ছয় করে বাজেট করতে পারে না।”

তিনি আরও বলেন, “১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রাকসুর তহবিলে যে শিক্ষার্থীদের জমাকৃত টাকা, সর্বশেষ তারা ২০০৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত হিসাব দিতে পেরেছে। সেই ৯১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তারা টাকার হিসাব দিতে পারেনি। এই শিক্ষার্থীদের কষ্টার্জিত কয়েক কোটি টাকা এই বিশ্ববিদ্যালয়ের সেই তৎকালীন দায়িত্বশীল শিক্ষকবৃন্দ মেরে খেয়েছেন।”

তিনি বলেন, “নতুন করে আবারও শিক্ষার্থীদের টাকা মেরে খাওয়ার ধান্দা করতেছেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে রাকসু নিয়ে কোন সদিচ্ছা দেখাচ্ছেন না। আর ওই বিএনপি সরকারের পেটুয়া বাহিনী ছাত্রদল ক্যাম্পাসে যেন চাদাবাজি করতে পারে, টেন্ডারবাজি করতে পারে, ক্যান্টিন ডাইনিং এ যেন ফ্রি খাইতে পারে, আর ক্যাম্পাসে যেন শোডাউন নির্ভর রাজনীতি কায়েম করে, গেস্টরুম গণরুম কালচার কায়েম করে আজকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশকে বিনষ্ট করতে পারে, সেই ব্যবস্থার জন্যই আপনারা নির্বাচন চাচ্ছেন না।”

আরও পড়ুন: জাবির প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আহমদ আহসানুল্লাহ ফারহান, ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক তাজুল ইসলামসহ বিভিন্ন হল, অনুষদ শাখার নেতাকর্মীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, খাদ্যসংকটের শঙ্কা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, খাদ্যসংকটের শঙ্কা বৃদ্ধি

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতার কারণ হিসেবে অত্যন্ত শক্তিশালী এল নিনোর প্রভাব চিহ্নিত হয়েছে। খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সাল ইতিহাসে রেকর্ড করা দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার আশঙ্কা রয়েছে।

বার্তা সংস্থা এএফপি ব্যাংকক থেকে এই তথ্য জানায়।

গত এক সপ্তাহে বিভিন্ন অঞ্চলে জলবায়ু পরিস্থিতির প্রভাব কেমন ছিল, তা বিশ্লেষণ করা হয়েছে।

তাপমাত্রায় নতুন রেকর্ড

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা শুক্রবার জানিয়েছে, ২০২৬ সাল বিশ্বের দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার পথে রয়েছে। এল নিনোর কারণে মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন আরও তীব্র হচ্ছে।

ইউরোপীয় মাঝারি মেয়াদি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ইসিএমডব্লিউএফ কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে। কেন্দ্রটির জলবায়ুবিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্গেস বলেন, ‘অক্টোবরেও বিশ্বজুড়ে অস্বাভাবিক উষ্ণতার ধারা অব্যাহত ছিল। এ সময় ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নতুন রেকর্ড গড়েছে।’

তিনি আরও বলেন, ‘মানব কর্মকাণ্ডের কারণে আগে থেকেই উষ্ণ হয়ে ওঠা জলবায়ুতে অত্যন্ত শক্তিশালী এল নিনো আরও তাপ যোগ করছে।’

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ু চক্রের উষ্ণ পর্যায়। এই সময় গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যায়, যা আবহাওয়ার ধরনে পরিবর্তন আনে। কিছু অঞ্চলে খরা ও বন্যার ঝুঁকি বৃদ্ধি পায়। একই সঙ্গে মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবও আরও তীব্র হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এল নিনোর কারণে ২০২৭ সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হয়ে উঠতে পারে।

পেরুতে জরুরি অবস্থা

এল নিনোর প্রভাবে বন্যার ‘আসন্ন বিপদ’ বিবেচনায় পেরু সরকার মঙ্গলবার দেশটির বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এর আগে বলিভিয়াও একই আবহাওয়াগত পরিস্থিতির কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে।

এল নিনোর সময় ল্যাটিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতোমধ্যে পেরুর উত্তরাঞ্চলীয় তুম্বেস ও পিউরা অঞ্চলের বিভিন্ন এলাকা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ৯০ লক্ষাধিক মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

শ্রীলঙ্কায় বিদ্যুৎ পরিস্থিতি

এশিয়ার কিছু অঞ্চলে এল নিনোর প্রভাবে খরা দেখা দেওয়ার ফলে জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাত কমে যাওয়ায় জলবিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দিতে পারে।

তবে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করেছে। এল নিনোর কারণে ভারী বৃষ্টিপাত হওয়ায় জলবিদ্যুৎ জলাধারগুলোতে পানির মজুত বেড়েছে। এ কারণে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে।

কিন্তু কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের প্রথমার্ধে দেশটিতে তীব্র খরা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে বেশি ব্যয়বহুল ও পরিবেশদূষণকারী তাপবিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভর করতে হবে।

বর্তমানে শ্রীলঙ্কার মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৭০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করা হয়। এর মধ্যে প্রধানত জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ রয়েছে। বাকি চাহিদা কয়লা ও ডিজেল থেকে পূরণ করা হয়।

ফিলিপাইনে বিশেষ তহবিল

এল নিনোর প্রভাব মোকাবিলায় ফিলিপাইন এ সপ্তাহে ৯৮ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে।

কৃষিতে জলবায়ুজনিত ঝুঁকির প্রভাব কমাতে এ অর্থ ‘এল নিনো মোকাবিলা পরিকল্পনা’র আওতায় ব্যয় করা হবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮ শতাংশ আসে কৃষি খাত থেকে। এ খাতে কর্মসংস্থান হয়েছে দেশটির প্রতি চারজন মানুষের একজনের।

ধান উৎপাদন কমেছে

ফিলিপিন্সের কৃষি বিভাগ জানিয়েছে, এল নিনোর প্রভাব এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও সারের দাম বেড়ে যাওয়ায় সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে দেশটিতে ধান উৎপাদন আগের তুলনায় ১৮ শতাংশ কমেছে।

দেশটির রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগ বুধবার জানিয়েছে, নভেম্বরে স্বাভাবিকের চেয়ে কম থেকে অনেক কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

সংখ্যায় এল নিনো

৩ : ১৯৫০-এর দশকে রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে নভেম্বর মাসে মেরু ঘূর্ণিবায়ুর (পোলার ভর্টেক্স) স্বাভাবিক অবস্থায় বিঘ্ন ঘটার ঘটনা এ নিয়ে তিনবার ঘটেছে।

বিজ্ঞানীরা এ সপ্তাহে জানিয়েছেন, এবার মৌসুমের স্বাভাবিক সময়ের অনেক আগেই এ ধরনের নজিরবিহীন বিঘ্ন দেখা যাচ্ছে। এর ফলে তীব্র শৈত্যপ্রবাহের ঝুঁকি বাড়ছে। এল নিনোর সঙ্গে এর যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে।

২০ : কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সাল বিশ্বের উষ্ণতম বছর হওয়ার ক্ষেত্রে ২০২৪ সালের সমান বা তার চেয়ে বেশি উষ্ণ হওয়ার আশঙ্কা ২০ শতাংশ।

৩৩ : এএফপির করা কোপার্নিকাসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অক্টোবরে বিশ্বের ৩৩টি দেশ তাপমাত্রার নতুন রেকর্ড গড়েছে।

খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার স্বাভাবিক ধরন ব্যাহত হচ্ছে। কিছু অঞ্চলে অতিবৃষ্টি দেখা দিচ্ছে, আবার অন্যদিকে দেখা দিচ্ছে খরা।

উভয় পরিস্থিতিই ফসলের উৎপাদন এবং পশুখাদ্য হিসেবে ব্যবহৃত শস্যের ফলনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এতে মজুত খাদ্যশস্য নষ্ট হওয়ার পাশাপাশি বাজারে পণ্য পৌঁছানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবহনব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। ফলে খাদ্যপণ্যের দাম বেড়ে যেতে পারে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, ফসল ঘরে তোলার আগেই এসব প্রভাব দেখা দিতে পারে।

তিনি এএফপি’কে বলেন, ‘ভবিষ্যতে খাদ্যপণ্যের ঘাটতি দেখা দিতে পারে—এমন আশঙ্কা থেকেই বাজারে প্রতিক্রিয়া তৈরি হয়। অনিশ্চয়তা নিজেই বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।’

এ বছর এল নিনোর প্রভাব আরও তীব্র হয়েছে ইরান যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধির ধাক্কায়। এই যুদ্ধের ফলে কৃষকদের জ্বালানি ও সারের ব্যয় বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে পরিবারের দৈনন্দিন ব্যয়েও এর প্রভাব পড়েছে।

তোরেরো বলেন, ‘অর্থনৈতিকভাবে ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য খাদ্যপণ্যের দাম সামান্য বাড়লেও তার পরিণতি হতে পারে গুরুতর।’

তিনি আরও বলেন, ‘দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের বড় একটি অংশ খাবারের পেছনে ব্যয় করে। ফলে খাদ্যপণ্যের দাম হঠাৎ বেড়ে গেলে সামর্থ সীমিত হওয়ায় তারা তা সামাল দিতে সক্ষম হয় না।’

এর ফলে খাদ্য গ্রহণের পরিমাণ কমে যেতে পারে, খাদ্যের মান নেমে আসতে পারে। শেষ পর্যন্ত খাদ্যনিরাপত্তাহীনতা ও অপুষ্টি বাড়তে পারে বলে জানান তিনি।

গত সেপ্টেম্বরে এফএও জানায়, এল নিনোর কারণে খাদ্যসংকটের ঝুঁকিতে থাকা ২২টি দেশে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার জন্য সংস্থাটি ২০ কোটি ২০ লাখ ডলার সহায়তা চেয়েছিল। কিন্তু এ পর্যন্ত চাওয়া অর্থের মাত্র এক-পঞ্চমাংশ পেয়েছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজদিখানে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রদলের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


সিরাজদিখানে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রদলের মিছিল

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে ছিল।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে সিরাজদিখান উপজেলা মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি গোয়ালবাড়ি পর্যন্ত পৌঁছে শেষ হয়। এরপর সেখানে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা মোটরসাইকেল শোডাউনও করেন।

কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম ও কাইয়ুম হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির টুটুল, মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ হোসেন, বিক্রমপুর আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম উপস্থিত ছিলেন।

এছাড়াও কাইয়ুম, আকাশ, অর্ণব, সেলিম, বোরহান, রেজা, হোসেন, সায়মন, নাদিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ১৫৫টি ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ১৫৫টি ড্রোন ভূপাতিত

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : গত রাতে ইউক্রেনের ১৫৫টি ড্রোন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই তথ্যটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা তাস এই খবরটি জানায়।

মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘গত রাতে রাশিয়ার নভগোরোদ, ব্রিয়ানস্ক, বেলগোরোদ, কুরস্ক, কালুগা, ওরিওল, স্মোলেনস্ক ও ক্রাসনোদার অঞ্চল এবং ক্রিমিয়া প্রজাতন্ত্রের আকাশে ইউক্রেনের ১৫৫টি স্থির ডানাবিশিষ্ট চালকবিহীন আকাশযান (ড্রোন) প্রতিহত ও ধ্বংস করেছে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মন্তব্য করেছেন যে, টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য শুধুমাত্র সাময়িক সমস্যা মোকাবিলা করা যথেষ্ট নয়।

তিনি উল্লেখ করেন, যখন কোনো রোগ বা মহামারি প্রকট আকার ধারণ করে, তখন আমাদের সাময়িক মলম দেওয়ার প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য খাতের চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবায় রূপান্তর ঘটাতে হলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নীতি নির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় যুক্ত করার কোনো বিকল্প নেই।

আজ রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত বলেন, গত ৮ মাস ধরে দায়িত্ব নেওয়ার পর আমাদের মন্ত্রণালয়কে মূলত বিভিন্ন সংকটের পেছনে দৌড়াতে হয়েছে এবং ফায়ার ফাইটিং করতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, ‘সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ২ কোটি শিশুর কাছে মাত্র এক মাসের মধ্যে টিকা ও কোল্ড চেইন নিশ্চিত করে পৌঁছে দেওয়া কোনো সহজ কাজ ছিল না। এটি কোনো ক্লিনিশিয়ানের একার কাজ নয়, এর জন্য প্রয়োজন পড়েছে দক্ষ পাবলিক হেলথ স্পেশালিস্টদের নিখুঁত অপারেশনাল ও লজিস্টিক প্ল্যানিং।’

স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন পাবলিক হেলথ বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে যদি ডিস্ট্রিক্ট হেলথ ম্যানেজমেন্ট ও মনিটরিং সাজানো যেত, তবে স্বাস্থ্য খাতের চিত্র আমূল বদলে যেত।

তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অবকাঠামো ও যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার হয়নি। প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার কথা থাকলেও স্বাধীনতার ৫৪ বছরে সরকারি খাতে তা এখনো সমান সমান বা একজন চিকিৎসকের বিপরীতে একজন নার্সে আটকে আছে।

ড. এম এ মুহিত আরও বলেন, এ ধরনের কাঠামোগত দুর্বলতা দূর করতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, হেলথ পলিসি ও হসপিটাল ম্যানেজমেন্টের বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।

সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার মূল ভিত্তিই হলো প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা।

এম এ মুহিত বলেন, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে পরিকল্পনা রয়েছে, তাদের প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি এবং দেশের রোগতাত্ত্বিক বাস্তবতার আলোকে রোগী প্রেরণ ও সেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার কাজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরই করতে হবে।

নিপসম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এক সময় নিপসমের নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল, যা ফিরিয়ে আনা জরুরি।

ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রটির আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়ন করে শিক্ষার্থীদের সরাসরি মাঠে গিয়ে কাজের অভিজ্ঞতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, সরকারের লক্ষ্য হলো প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। সেই জায়গায় প্রতিমন্ত্রী জোর দিচ্ছেন এবং সরকারের লক্ষ্য অর্জনে এর বিকল্প নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%