ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নাসিরনগরে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উদযাপনের সিদ্ধান্ত


নাসিরনগরে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উদযাপনের সিদ্ধান্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সৃষ্ট বিভিন্ন ভুল-ভ্রান্তির নিরসন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মুস্তাক আহমদ কাদেরি।

সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি জানান, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিনের সভাপতিত্বে এবং উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলামের তত্ত্বাবধানে সংশ্লিষ্টদের সহযোগিতায় বিষয়টি নিয়ে আলোচনা ও সমাধান করা হয়েছে।

বিবৃতিতে মুফতি মুস্তাক আহমদ কাদেরি বলেন, নাসিরনগর উপজেলার বর্তমান সংসদ সদস্য এম এ হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. বশির আহমেদ তুহীন এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর সহযোগিতায় আসন্ন ঈদে মিলাদুন্নবী (সা.) কেন্দ্রিক ভুল-ভ্রান্তির নিরসন করা হয়েছে।

আরও পড়ুন: স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী ফারহানা ইসলাম শারমিনের সংবাদ সম্মেলন

তিনি জানান, নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে এবং সকল মুসলমানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী ২৬ আগস্ট ২০২৬ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা মতকে কটাক্ষ করে কোনো ধরনের বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করার আহ্বান জানিয়েছেন মুফতি মুস্তাক আহমদ কাদেরি।

তিনি বলেন, সংগঠনের কোনো কর্মী নির্দেশনা অমান্য করে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

মুফতি মুস্তাক আহমদ কাদেরি সকলকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: জামায়াত নেতার বিরুদ্ধে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ করার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনের গুদামে ইউক্রেন টানা কয়েক দিন ধরে হামলা চালিয়েছে। সোমবার প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, ড্রোন হামলায় তাদের একটি লজিস্টিকস কেন্দ্র আগুনে পুড়ছে।

রাশিয়ার শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজকে লক্ষ্যবস্তু করে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন অভিযান চালাচ্ছে। দেশটির অভিযোগ, ওয়াইল্ডবেরিজ সামরিক বাহিনীকে বিভিন্ন পণ্য সরবরাহ করেছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে।

ওজোন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস হিসেবে পরিচিত। দেশজুড়ে এর পণ্য সংগ্রহকেন্দ্র ও ডেলিভারি বক্সের সুবিধা রয়েছে।

দুটি প্রতিষ্ঠানকেই ‘রাশিয়ার অ্যামাজন’ বলা হয়, কারণ দ্রুত বিকশিত ই-কমার্স খাতের বড় একটি অংশ তাদের নিয়ন্ত্রণে আছে।

ওজোন সোমবার জানায়, ড্রোন হামলার পর দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে তাদের একটি লজিস্টিকস কেন্দ্রে ‘বড় ধরনের আগুন’ জ্বলছে।

প্রতিষ্ঠানটি টেলিগ্রামে এক বার্তায় লিখেছে, ‘সব ব্যবস্থা পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। আমরা দ্রুত কর্মীদের সরিয়ে নিয়েছি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর নেই।’

রোববার ওজোন জানায় যে, ড্রোন হামলার পর মধ্যাঞ্চলীয় ওরেনবুর্গ অঞ্চলে তাদের একটি লজিস্টিকস কেন্দ্রে আগুন ধরে যায়।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ‘গুদামটির কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।’ এর এক দিন আগে প্রতিবেশী সামারা অঞ্চলে ওজোনের একটি কেন্দ্রে হামলা হয়।

ওজোন জানায়, ওই হামলায় তাদের অজ্ঞাতসংখ্যক কর্মী আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনী শনিবার জানায়, তারা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে নতুন অভিযান শুরু করছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেনীয় ইউনিটগুলো ওয়াইল্ডবেরিজের ১৫টি বৃহত্তম লজিস্টিকস কেন্দ্রে হামলা চালানোর পর এবার ওজোনের পালা।’

সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে ওজোনের একটি স্থাপনার পাশে থাকা একটি লজিস্টিকস কেন্দ্রেও হামলা হয়েছে।

সাধারণত এসব গুদামে হামলা চালানো সহজ, সুতরাং সামরিক স্থাপনার তুলনায় সেগুলোতে হামলা হয়ে থাকে। গুদামগুলোর ওপর হামলার ফলে ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি হয়েছে।

বিভিন্ন স্থাপনায় দাহ্য পণ্য মজুত ছিল, হামলায় সেগুলো ধ্বংস হয়ে যায়।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বুধবার হামলার মধ্যে ওয়াইল্ডবেরিজকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত লজিস্টিকস কেন্দ্রগুলো পুনর্নির্মাণে সরকার সহায়তা করবে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর চার বছরেরও বেশি সময় পরে, দেশটি এখনও তার ‘বেসামরিক অবকাঠামোতে’ হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছে। এই অভিযানে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহর ধ্বংস হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, পরীক্ষা শুরু ১৪ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


এসএসসি পরীক্ষার সূচিতে পরিবর্তন, পরীক্ষা শুরু ১৪ মার্চ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা চলতে থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।

এই সিদ্ধান্তটি সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে নেওয়া হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে যা সিদ্ধান্ত ছিল, সেই অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার শুরু হওয়ার কথা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সাভারে নির্মাণাধীন একটি বহুতল ভবনের সপ্তম তলায় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার দিন রবিবার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় সুব্রত সাহার নির্মীয়মাণ ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

সবুরা সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার রফিক হোসেনের স্ত্রী এবং দীর্ঘ দিন ধরে ওই নির্মীয়মাণ ভবনে কাজ করছিলেন। নিহতের স্বামী রফিক হোসেন জানান, ‘প্রতিদিনের মতো রবিবার সকালে তার স্ত্রী কাজে যান। দুপুরে বাসায় ফিরে খাবার খেয়ে আবার নির্মীয়মাণ ভবনে যান।

সন্ধ্যার দিকে এক শ্রমিক ফোন করে তাকে জানান, তার স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সবুরাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, ওই দিন অন্য শ্রমিকরা কাজে যাননি। কিন্তু ঠিকাদারির কিছু কাজ থাকায় সবুরা ভবনে গিয়েছিলেন।

বিকেলের দিকে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃত্যুর পর অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর বিষয়টি পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় না নিয়ে রাতেই নিহতের পরিবারের সঙ্গে দেড় লাখ টাকায় রফাদফা করা হয়েছে। ফলে নির্মীয়মাণ ভবনের নিরাপত্তাব্যবস্থা, লিফটের ফাঁকা জায়গাটি খোলা রাখার কারণ এবং দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন বহুতল ভবনে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা শ্রমিকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে নিরাপত্তাবেষ্টনী, সতর্কতামূলক সাইনবোর্ড কিংবা ঢাকনা ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। বিশেষ করে একজন শ্রমিকের মৃত্যুর পর অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার অভিযোগ সত্য হলে সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সাভার মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটির সপ্তম তলায় লিফট স্থাপনের জন্য ফাঁকা জায়গা রাখা হয়েছিল। ওই ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গেলেই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে কিভাবে তিনি সেখানে পড়ে গেলেন এবং ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ই-স্পোর্টস থেকে মধ্যপ্রাচ্য, সৌদি যুবরাজের আতিথেয়তায় মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


ই-স্পোর্টস থেকে মধ্যপ্রাচ্য, সৌদি যুবরাজের আতিথেয়তায় মাখোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ রোববার সৌদি যুবরাজ ও দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানকে দুই দিনের সফরে স্বাগত জানিয়েছেন।

এই সফরের প্রথম দিন তিনি যুবরাজকে ই-স্পোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে আতিথ্য দেন। ই-স্পোর্টসের এই আয়োজনটি কম্পিউটার গেম থেকে দাবা—এর বিভিন্ন শাখার শীর্ষ প্রতিযোগীদের নিয়ে করা হয়। এই প্রতিযোগিতা এবারই প্রথম সৌদি আরবের বাইরে অনুষ্ঠিত হচ্ছে, রিয়াদের জোরালো সমর্থন পাওয়ার মাধ্যমে। দ্বিতীয় দিন দ্বিপক্ষীয় চুক্তি ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, সোমবার স্বাস্থ্য, পরিবহন ও জ্বালানি খাতে কয়েকটি চুক্তি স্বাক্ষর করা হবে। আলোচনায় ইরান পরিস্থিতি গুরুত্ব পাবে বলেও ধারণা করা হচ্ছে।

প্যারিস থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে। তবে রোববার সন্ধ্যায় যুবরাজের সফরের সূচনা হয় কিছুটা হালকা পরিবেশে। প্যারিসে অনুষ্ঠিত ই-স্পোর্টস বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে মাখোঁ যুবরাজকে স্বাগত জানান।

অনুষ্ঠানটিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ছিলেন। মাখোঁ শীর্ষস্থানীয় গেমারদের সঙ্গে কথা বলেন এবং বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। যুবরাজ আন্তর্জাতিক সম্মেলন ছাড়া খুব কমই নিজ দেশ ছাড়েন এবং প্রায় এক বছর পর এই সফরে ফ্রান্সে গেলেন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের ওই কর্মকর্তা বলেছেন, ‘এই সফরের জন্য তিনি ফ্রান্সকে বেছে নেওয়াটা একটি গুরুত্বপূর্ণ বার্তা। এটি ফ্রান্স-সৌদি সম্পর্কের গভীরতা ও গতিশীলতার প্রমাণ।’ তবে সৌদি যুবরাজকে আতিথেয়তার প্রতিবাদ জানিয়েছেন ফ্রান্সের তিনটি সাংবাদিক ইউনিয়ন। যুবরাজকে তার নামের আদ্যক্ষর ‘এমবিএস’ নামেও ডাকা হয়।

রোববার এক যৌথ বিবৃতিতে এসএনজে-সিজিটি, সিএফডিটি-জার্নালিস্ট এবং এসজেজে-এফও ইউনিয়ন জানায়, ২০২১ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় করা একটি অভিযোগের ভিত্তিতে নির্যাতন ও জোরপূর্বক নিখোঁজের ঘটনায় ফ্রান্সে তদন্ত চলছে। খাশোগি যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিলেন এবং ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তাকে হত্যা করা হয়। তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে বলা হয়েছে, খাশোগি হত্যায় এমবিএস সরাসরি জড়িত ছিলেন। জাতিসংঘের এক তদন্তে সাংবাদিকটির মৃত্যুকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, যার জন্য সৌদি আরব দায়ী’ বলে বর্ণনা করা হয়েছে।

সাংবাদিক ইউনিয়নগুলো বলেছে, ২০২২ সালের জুলাইয়ে মাখোঁর আমন্ত্রণে যুবরাজের আগের সফরের পর এবারের সফর ‘গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের ব্যক্তিদের জন্য উসকানির মতো মনে হচ্ছে।’

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের ওই কর্মকর্তা প্রস্তাবিত চুক্তিগুলোর মধ্যে প্যারিসের বাইরে ভাল-দোয়াজ অঞ্চলে নির্মাণের পরিকল্পনার উপর ভিত্তি করে জাপানি মাঙ্গাভিত্তিক বিশাল থিম পার্ক ‘ড্রাগনস বল’ প্রকল্পটি থাকবে কি না সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রকল্পটিতে সৌদি একটি তহবিলের অর্থায়ন রয়েছে।

সৌদি আরব ২০৩০ সালের এক্সপো এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশ্বিক আয়োজনও করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের ইরানের সঙ্গে উত্তেজনার দীর্ঘ ইতিহাস রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের পর ইসলামি প্রজাতন্ত্রটির পরিস্থিতির ওপর দেশটি ঘনিষ্ঠ নজর রাখছে।

সোমবার বিকেলে মোহাম্মদ বিন সালমান ও ম্যাখোঁ সৌদি-ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন।

মাখোঁর কার্যালয় জানিয়েছে, ‘মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্স ও উপসাগরীয় অংশীদারদের ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার প্রেক্ষাপটে’ ম্যাক্রোঁ ও যুবরাজ ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।’

খাশোগি হত্যার পর ২০২১ সালের ডিসেম্বরে মাখোঁ সৌদি আরবে যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করা প্রথম দিকের পশ্চিমা নেতাদের একজন ছিলেন। এরপর সৌদি যুবরাজ একাধিকবার ফ্রান্স সফর করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%