মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৬ এম
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কারাগারে মৃত্যুর ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এক ফরেনসিক বিশেষজ্ঞ ময়নাতদন্তের ছবি ও চিকিৎসা পরীক্ষার নথি বিশ্লেষণ করে দাবি করেছেন, এপস্টেইন আত্মহত্যা করেননি, বরং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের মাধ্যমে ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান এ দাবি করেন। তার মতে, এপস্টেইনকে সম্ভবত পেছন থেকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করা হয়েছিল এবং পরে একই ফাঁস ব্যবহার করে তার মরদেহ বিছানার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
সোমবার সন্ধ্যায় লন্ডনে নিজের গবেষণার ফলাফল উপস্থাপন করার পাশাপাশি নিউইয়র্কের মেডিকেল এক্সামিনারের নথি প্রকাশ করেন ফ্রিম্যান। ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের কারাকক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় এপস্টেইনকে। তখন তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় ছিলেন।
এপস্টেইনের মৃত্যুর পর ময়নাতদন্ত পরিচালনাকারী নিউইয়র্কের প্রধান মেডিকেল এক্সামিনার ডা. বারবারা স্যাম্পসন জানিয়েছিলেন, তার শরীরের আঘাতগুলো আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হত্যাকাণ্ডের ক্ষেত্রে সাধারণত যে ধরনের আত্মরক্ষামূলক আঘাত দেখা যায়, সেগুলোরও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে ফ্রিম্যান তার বিশ্লেষণে ভিন্ন চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, এপস্টেইনের বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণের চিহ্ন এবং মুখে আঘাতের মতো কিছু ক্ষত রয়েছে, যা তার কাছে শারীরিক হামলার ইঙ্গিত বলে মনে হয়েছে।
ফ্রিম্যান দাবি করেন, এপস্টেইনের গলার ফাঁসের দাগের ওপরে নখের আঁচড়ের মতো চিহ্নও দেখা যায়। তার মতে, পেছন থেকে শ্বাসরোধ করার সময় ভুক্তভোগী গলা থেকে ফাঁস সরানোর চেষ্টা করলে এ ধরনের দাগ তৈরি হতে পারে।
ফ্রিম্যান বলেন, মরদেহের আঘাতের ধরন এবং যেভাবে সেটি পাওয়া গেছে, তার মধ্যে অসামঞ্জস্য রয়েছে। তার বিশ্লেষণে এসব আলামত আত্মহত্যার পরিবর্তে হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে।
তবে ফ্রিম্যান নিজে এপস্টেইনের মরদেহ পরীক্ষা করেননি। তার বিশ্লেষণ মূলত ময়নাতদন্তের নথি ও ছবি নির্ভর। এসব নথি তাকে সরবরাহ করেছেন এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন, যিনি শুরু থেকেই দাবি করে আসছেন, তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
ফ্রিম্যান জানিয়েছেন, তার গবেষণা সম্পূর্ণ স্বাধীনভাবে করা হয়েছে এবং এ জন্য মার্ক এপস্টেইনের কাছ থেকে তিনি কোনো অর্থ নেননি। তবে তাঁর গবেষণা এখনো অন্য বিশেষজ্ঞদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পর্যালোচিত বা পিয়ার রিভিউ হয়নি।
ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্য ভিন্ন। ফ্রিম্যানের দাবির সঙ্গে একমত নন এপস্টেইনের মূল ময়নাতদন্ত পরিচালনাকারী চিকিৎসক। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়কে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, এপস্টেইনের শরীরের আঘাতগুলো শ্বাসরোধ করে হত্যার চেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।
তার মতে, শ্বাসরোধ করে হত্যার শিকার ব্যক্তিদের শরীরে সাধারণত যে ধরনের আত্মরক্ষামূলক আঘাত দেখা যায়, এপস্টেইনের শরীরে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্তের সিদ্ধান্তের বিষয়ে নিজের অবস্থানে এখনো অনড় রয়েছেন তৎকালীন প্রধান মেডিকেল এক্সামিনার বারবারা স্যাম্পসন। এর আগে তিনি বলেছিলেন, এপস্টেইনের মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণে তাদের সিদ্ধান্তের প্রতি তিনি দৃঢ়ভাবে আস্থাশীল। এ বিষয়ে নতুন করে তার বক্তব্য জানতে যোগাযোগ করেছে বিবিসি।
কারাগারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন
এপস্টেইনের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তদন্তেও কারাগারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছিল। বিচার বিভাগের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, কারারক্ষী এপস্টেইনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আরেক সহকর্মীকে ডাকেন। এরপর তারা তার মরদেহ নিচে নামিয়ে এনে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন।
মৃত্যুর প্রায় এক মাস আগে এপস্টেইনকে আত্মহত্যার ঝুঁকি বিবেচনায় কিছু সময়ের জন্য বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল বলেও বিচার বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফ্রিম্যানের মতে, কারাগারে ফাঁসিতে ঝুলে মৃত্যুর ঘটনা তদন্তের ক্ষেত্রে মরদেহ নামানোর আগেই তার ছবি তোলা উচিত ছিল। এ ক্ষেত্রে এমন ছবি থাকার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
তবে এপস্টেইনকে কে হত্যা করে থাকতে পারে, এমন প্রশ্নের জবাবে কোনো ব্যক্তির নাম বলতে পারেননি ফ্রিম্যান। তিনি বলেন, এ বিষয়ে তার কোনো ধারণা নেই এবং এটি তাঁর পরিচালিত কোনো তদন্তের অংশও নয়।
তার বক্তব্যকে ষড়যন্ত্রতত্ত্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ফ্রিম্যান বলেন, তার বিশ্লেষণ নিয়ে অন্যদেরও স্বাধীনভাবে পর্যালোচনার সুযোগ রয়েছে। তিনি ভুল হলে তা প্রমাণ করার আহ্বান জানান। একজন গবেষক হিসেবে যুক্তিসংগত ও তথ্যভিত্তিক সমালোচনা শুনতে তিনি প্রস্তুত বলেও জানান।
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টেইন। তবে একটি সমঝোতার কারণে সে সময় বড় ধরনের কারাদণ্ড এড়াতে সক্ষম হন তিনি। পরে তাকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত করা হয়।
এরপর ২০১৯ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে আবারও গ্রেপ্তার হন তিনি। ওই মামলায় বিচার শুরুর অপেক্ষায় থাকার সময়ই নিউইয়র্কের কারাগারে তার মৃত্যু হয়। তবে নতুন এই ফরেনসিক বিশ্লেষণ এপস্টেইনের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে প্রমাণ করে না। সরকারি ময়নাতদন্তের সিদ্ধান্ত এখনো আত্মহত্যা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : আধুনিক প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভ্রমণের পরিচিত দৃশ্যপটকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে।
একসময় ভ্রমণের অর্থ ছিল মোটা গাইডবুকের পাতা উল্টানো, ট্রাভেল এজেন্সির অফিসে দীর্ঘ সময় অপেক্ষা করা, হাতে কাগজের মানচিত্র নিয়ে পথ খুঁজে বের করা এবং অপরিচিত শহরে ভাষাগত জটিলতার কারণে পথ হারানোর উদ্বেগ। কিন্তু বর্তমানে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। হাতে থাকা স্মার্টফোন এখন যেন একজন দক্ষ ট্রাভেল এজেন্ট, অভিজ্ঞ দোভাষী এবং সার্বক্ষণিক পথপ্রদর্শক।
বিমানের টিকিট বুকিং থেকে শুরু করে গন্তব্যের অলিগলি চেনা, স্থানীয় সংস্কৃতি ও খাদ্যাভ্যাস বোঝা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা- সব ক্ষেত্রেই এআই এখন দেশি-বিদেশি পর্যটকদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত ডিজিটাল সঙ্গী হয়ে উঠেছে।
জাতিসংঘের পর্যটন সংস্থা (ইউএন ট্যুরিজম) চলতি ২০২৬ সালের বিশ্ব পর্যটন দিবসের মূল প্রতিপাদ্য হিসেবে ডিজিটাল অ্যাজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনের পুনর্গঠন নির্ধারণ করেছে। সংস্থাটির মতে, স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পর্যটন গড়ে তুলতে এআই এখন বিশ্বজুড়ে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।
আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বৈশ্বিক ভ্রমণ খাতে এআই-এর বাজার প্রবৃদ্ধি বার্ষিক ৩০ শতাংশেরও বেশি হারে বাড়ছে। ইতোমধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি পর্যটক ভ্রমণ পরিকল্পনায় সরাসরি এআই প্রযুক্তির সহায়তা নিচ্ছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যেও এই প্রবণতা দ্রুত বাড়ছে, যা দেশের পর্যটন অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করছে।
স্বয়ংক্রিয় ও ব্যক্তিগত ভ্রমণ পরিকল্পনার ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। আগে একটি ভ্রমণের নিখুঁত পরিকল্পনা তৈরি করতে দিনের পর দিন গবেষণা করতে হতো। বর্তমানে চ্যাটজিপিটি, গুগল জেমিনি, এক্সপিডিয়া কিংবা বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় এআই-চালিত ট্রাভেল প্ল্যাটফর্ম সেই জটিল কাজটিকে কয়েক সেকেন্ডের ব্যাপারে পরিণত করেছে। একজন পর্যটক তার বাজেট, ভ্রমণের দিনসংখ্যা, পছন্দের খাবার এবং ভ্রমণের ধরন উল্লেখ করলে এআই মুহূর্তেই তার জন্য একটি পূর্ণাঙ্গ ও রুচিসম্মত রুটিন তৈরি করে দিচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভ্রমণ খাতে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে আধুনিক এজেন্টিক এআই। এই প্রযুক্তি এখন আর কেবল পরামর্শ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং পর্যটকের অনুমতি সাপেক্ষে এটি নিজেই বিভিন্ন বিকল্প যাচাই করে বিমানের টিকিট কাটা, হোটেল বুকিং এবং জাতীয় উদ্যান বা জাদুঘরের প্রবেশপত্র সংগ্রহের কাজটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে দিচ্ছে।
দেশের অভ্যন্তরে কক্সবাজার, সুন্দরবন, সিলেট কিংবা পার্বত্য চট্টগ্রামের মতো গন্তব্যে কোন পথে গেলে সময় ও অর্থ বাঁচবে, তা এখন সহজেই জানা যাচ্ছে। কোন হোটেলে সাশ্রয়ী মূল্যে নিরাপদ আবাসন মিলবে এবং কোন সময়ে দর্শনীয় স্থানে ভিড় কম থাকবে- তার বিস্তারিত রূপরেখা পাওয়া যাচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে।
ভ্রমণ ব্যয়ের একটি বড় অংশ চলে যায় বিমানের টিকিট ও আবাসন ব্যবস্থাপনায়। চাহিদার ওপর ভিত্তি করে এয়ারলাইনস ও হোটেলগুলো প্রতিনিয়ত ভাড়া পরিবর্তন করে, যা সাধারণ মানুষের পক্ষে আগে থেকে অনুমান করা অসম্ভব।
এআই অ্যালগরিদম বিগত কয়েক বছরের কোটি কোটি তথ্য ও বাজার প্রবণতা বিশ্লেষণ করে পর্যটকদের জানিয়ে দিচ্ছে, ঠিক কোন দিন বা কোন সময়ে টিকিট কাটলে সবচেয়ে কম খরচে পাওয়া যাবে। গুগল ফ্লাইটস, স্কাইস্ক্যানার এবং হপারের মতো প্ল্যাটফর্মগুলো এআই-এর মাধ্যমে ভাড়া কমার পূর্বাভাস ও স্বয়ংক্রিয় বার্তা পাঠিয়ে যাত্রীদের আর্থিক সাশ্রয়ে বড় ভূমিকা রাখছে।
পাশাপাশি হোটেল বুকিংয়ের ক্ষেত্রে হাজার হাজার গ্রাহকের মতামত বিশ্লেষণ করে এআই স্বল্প সময়ে নির্দিষ্ট হোটেলের ভালো-মন্দ দিকগুলোর সারসংক্ষেপ তুলে ধরছে, যা ভ্রমণকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে।
ভাষার দেয়াল ভেঙে তাৎক্ষণিক অনুবাদ
বিদেশ ভ্রমণে পর্যটকদের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হলো ভাষা। জাপান, চীন, ফ্রান্স, স্পেন বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে স্থানীয়দের সাথে যোগাযোগ করা একসময় ভীষণ কঠিন ছিল। বর্তমানে এআই-চালিত তাৎক্ষণিক অনুবাদ অ্যাপ এবং স্মার্ট ইয়ারবাড সেই বাধা দূর করেছে।
পর্যটক নিজের মাতৃভাষায় কথা বললে তাৎক্ষণিকভাবে তা স্থানীয় ভাষায় অনূদিত হয়ে শোনাচ্ছে এবং অপর প্রান্তের মানুষের কথাও নিজের ভাষায় শোনা যাচ্ছে।
পাশাপাশি গুগল লেন্সের মতো এআই ভিশন প্রযুক্তির মাধ্যমে বিদেশি ভাষায় লেখা রাস্তার সাইনবোর্ড, রেলস্টেশনের নির্দেশিকা, জাদুঘরের তথ্যফলক কিংবা রেস্তোরাঁর খাবারের তালিকার ওপর স্মার্টফোনের ক্যামেরা ধরলেই স্ক্রিনে নিজের ভাষায় সব তথ্য ভেসে উঠছে।
ভিনদেশে গিয়ে নিজের ধর্মীয় বা স্বাস্থ্যগত বিধিনিষেধ মেনে খাবার খুঁজে পাওয়া পর্যটকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এআই টুলগুলো এখন পর্যটকের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট এলাকায় হালাল, নিরামিষ, ভেগান বা অ্যালার্জিমুক্ত খাবারের রেস্তোরাঁ নিখুঁতভাবে খুঁজে দিচ্ছে। একইসাথে স্থানীয় সংস্কৃতি, পোশাকবিধি এবং সামাজিক রীতিনীতি সম্পর্কেও আগেভাগেই পর্যটকদের সচেতন করে দিচ্ছে।
অন্যদিকে, বিশ্বব্যাপী জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে অতিরিক্ত পর্যটকদের চাপ কমাতে এবং পরিবেশবান্ধব বা টেকসই ভ্রমণ নিশ্চিত করতে এআই কম ভিড়যুক্ত বিকল্প ও অজানা পর্যটন কেন্দ্রের সন্ধান দিচ্ছে।
পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাতে কার্বন নিঃসরণ কম হয় এমন ফ্লাইট ও পরিবেশবান্ধব রুট বেছে নিতেও পর্যটকদের উৎসাহিত করছে।
ঐতিহাসিক স্থাপনা বা জাদুঘর ভ্রমণে এখন আর আলাদা গাইডের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে না। অগমেন্টেড রিয়েলিটি ও এআই প্রযুক্তির সমন্বয়ে গুগল ম্যাপসের লাইভ ভিউ ফিচারের মাধ্যমে রাস্তার দিকে ক্যামেরা ধরলেই গন্তব্যের দিকনির্দেশনা ভেসে উঠছে। কোনো প্রাচীন প্রাসাদ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছবি তুললে এআই মুহূর্তেই সেটির ইতিহাস, নির্মাণশৈলী এবং গুরুত্ব অডিও বা লেখার মাধ্যমে পর্যটককে জানিয়ে দিচ্ছে।
অন্যদিকে বিশ্বের আধুনিক বিমানবন্দরগুলোতে মুখাবয়ব শনাক্তকরণ বা বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে পাসপোর্ট ও বোর্ডিং পাসের দীর্ঘ লাইন ছাড়াই দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন হচ্ছে। কম্পিউটার ভিশন প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দরে হারিয়ে যাওয়া লাগেজ শনাক্তকরণেও অভাবনীয় সাফল্য এসেছে।
স্মার্ট হোটেলগুলোতে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও রোবটের মাধ্যমে কক্ষের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আলো কমানো-বাড়ানো এবং কক্ষসেবা প্রদান করা হচ্ছে। এছাড়া এয়ারলাইনসগুলোর এআই চ্যাটবট ২৪ ঘণ্টা সক্রিয় থেকে ফ্লাইট বিলম্ব বা বাতিল হলে তাৎক্ষণিকভাবে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে।
অপরিচিত গন্তব্যে প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া বা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি এড়াতে এআই-ভিত্তিক ভ্রমণ নিরাপত্তা অ্যাপগুলো তাৎক্ষণিক আবহাওয়া ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে আগাম সতর্কবার্তা পাঠাচ্ছে। কোনো এলাকা অনিরাপদ মনে হলে এআই বিকল্প নিরাপদ রুটের সন্ধান দেয়। জরুরি প্রয়োজনে অবস্থান শনাক্ত করে নিকটস্থ হাসপাতাল, ফার্মেসি, পুলিশ স্টেশন বা নিজ দেশের দূতাবাসের সাথে দ্রুত যোগাযোগ করিয়ে দিচ্ছে।
এছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন পর্যটকদের জন্য তৈরি এআই অ্যাপগুলো ফোনের ক্যামেরার মাধ্যমে আশপাশের পরিবেশ কণ্ঠস্বরের মাধ্যমে বর্ণনা করে দিয়ে তাদের ভ্রমণকে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক করে তুলছে। ভ্রমণ শেষে হাজার হাজার ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বাছাই ও সম্পাদনা করে আকর্ষণীয় ভ্রমণ ভিডিও তৈরিতেও এআই এখন অপরিহার্য হয়ে উঠেছে।
বাংলাদেশের পর্যটন খাতে ক্রমবর্ধমান সম্ভাবনা ও নীতিনির্ধারণী উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে। দেশীয় অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো গ্রাহকদের ২৪ ঘণ্টা তাৎক্ষণিক সেবা দিতে, টিকিট বুকিং সহজ করতে এবং ভ্রমণ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে এআই চ্যাটবট ব্যবহার করছে।
পাশাপাশি সরকারি পর্যায়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনও পর্যটকদের তথ্যসেবা ডিজিটালাইজেশন ও স্মার্ট ট্যুরিজম ব্যবস্থাপনা গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সংশ্লিষ্টদের মতে, আধুনিক পর্যটকরা এখন অনেক বেশি প্রযুক্তিনির্ভর। বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবন, কক্সবাজার এবং ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর সঠিক ও হালনাগাদ তথ্য পৌঁছে দিতে এআই বড় ভূমিকা রাখতে পারে।
স্মার্ট ট্যুরিজম গড়ে তুলতে সরকারি ও বেসরকারি পর্যায়ে এআই প্রযুক্তির সমন্বয় ও বিনিয়োগ আরও বাড়ানো জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
চ্যালেঞ্জ, নৈতিকতা ও সতর্কতা
তথ্যপ্রযুক্তি ও পর্যটন বিশেষজ্ঞরা এআই-এর ইতিবাচক দিকগুলোর পাশাপাশি কিছু সীমাবদ্ধতা ও ঝুঁকির বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই ভ্রমণকে অভাবনীয় সহজ করলেও এর ওপর শতভাগ অন্ধবিশ্বাস করা ঠিক নয়।
অনেক সময় পুরনো তথ্যের ওপর ভিত্তি করে এআই ভুল দিকনির্দেশনা বা বন্ধ হয়ে যাওয়া রেস্তোরাঁ ও হোটেলের তথ্য দিতে পারে। এছাড়া দুর্গম পাহাড়, গভীর অরণ্য বা প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ না থাকলে বা ফোনের চার্জ শেষ হয়ে গেলে এই প্রযুক্তি পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে।
পাশাপাশি এআই অ্যাপগুলোতে পাসপোর্ট নম্বর, টিকিট, ব্যাংক কার্ড বা ব্যক্তিগত অবস্থানের তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়েও পর্যটকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জাতিসংঘের পক্ষ থেকেও এমন একটি ডিজিটাল পর্যটন ভবিষ্যৎ গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যা হবে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক।
বিশেষজ্ঞদের মতে, স্থানীয় মানুষের আন্তরিকতা, আতিথেয়তা এবং সাংস্কৃতিক বিনিময়ের যে আনন্দ ভ্রমণে থাকে, যান্ত্রিক বুদ্ধিমত্তা কখনোই তার পূর্ণ বিকল্প হতে পারে না।
প্রযুক্তির এই উৎকর্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা ভ্রমণের ক্লান্তি, অনিশ্চয়তা ও বাড়তি খরচ কমিয়ে যাত্রাকে করে তুলছে আরও আনন্দময়, নিরাপদ ও গোছানো।
এআই'র পাশাপাশি নিজস্ব বিচারবুদ্ধি ও স্থানীয় আতিথেয়তার মেলবন্ধন ঘটলে আগামীর বৈশ্বিক ও দেশীয় পর্যটন খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাশাপাশি নিজস্ব বিচারবুদ্ধি ও স্থানীয় আতিথেয়তার মেলবন্ধন ঘটলে আগামীর বৈশ্বিক ও দেশীয় পর্যটন খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু ঘটেছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে আক্রান্ত প্রায় ৬ শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র থেকে জানা যায়, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ ও জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুদের নাম নিপা বিশ্বাস ও সাজেদা বেগম। তাদের দুজনের বয়স এক বছরের নিচে। এই ঘটনায় সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬২৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ১০ জন নিশ্চিত হামের রোগী ছিলেন, যা নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছে।
এদিকে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : কোস্টারিকার স্বাধীন সাংবাদিক কামিলো রদ্রিগেজকে গুলি করে হত্যা করা হয়েছে, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক পাচারকারী চক্রের সঙ্গে রাজনীতিকদের কথিত যোগসাজশ নিয়ে সরব ছিলেন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী সান হোসের উপকণ্ঠে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, পুলিশপ্রধান রাউল রিভেরা জানান, সান্তো দোমিঙ্গো দে এরেদিয়া শহরের মধ্য দিয়ে গাড়ি চালানোর সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি রদ্রিগেজকে লক্ষ্য করে গুলি চালায়।
৫০ বছর বয়সী রদ্রিগেজ এর আগে মাদক পাচারকারী চক্রের কাছ থেকে একাধিক প্রাণনাশের হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সম্রাটদের নাম প্রকাশ করতেন। এছাড়া, তিনি মাদক পাচারকারীদের সঙ্গে রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএকে তথ্য ও প্রতিবেদন প্রদান করেছেন বলেও দাবি করেছিলেন।
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সময় লরা ফার্নান্দেজের বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করেন রদ্রিগেজ। সেখানে তিনি অভিযোগ করেন, এক মাদক পাচারকারীর অর্থে ফার্নান্দেজের বাড়ি নির্মিত হয়েছে। এই অভিযোগের পর ফার্নান্দেজ তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।
রদ্রিগেজ হত্যার ঘটনায় দেওয়া একটি ভিডিও বার্তায় ফার্নান্দেজ বলেন, ‘তার বক্তব্যের বিষয়বস্তু যা-ই হোক না কেন, আজ আমাদের দেশে যা ঘটেছে, তা মতপ্রকাশের স্বাধীনতার জন্য একটি কলঙ্ক।’
২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন রদ্রিগেজ। তবে কারিগরি কারণে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন বাতিল করে।
এছাড়া, তিনি নিজের সাবেক স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে, তার সাবেক স্ত্রী অভিযোগ করেছেন, রদ্রিগেজ তাদের সন্তানদের যৌন নির্যাতন করেছেন।
কোস্টারিকার সাংবাদিক সমিতি রদ্রিগেজ হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে এবং দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি করেছে। সাংবাদিক সমিতির সভাপতি ইয়ানানসি নোগুয়েরা এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত পাওয়া সব তথ্য-প্রমাণই ইঙ্গিত করছে, কোস্টারিকায় ভিন্নমত প্রকাশকারী একটি কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। ওই সাংবাদিক দেশে সংঘবদ্ধ অপরাধচক্রের কর্মকাণ্ড নিয়ে তথ্য প্রকাশ করতেন।’
সাম্প্রতিক বছরগুলোতে কোস্টারিকা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের অন্যতম সরবরাহ ও পরিচালনাকেন্দ্রে পরিণত হয়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।
গত মে মাসে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট ফার্নান্দেজ নির্বাচনী প্রচারে অপরাধ ও সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি এল সালভাদরের কঠোর অবস্থানের জন্য পরিচিত প্রেসিডেন্ট নায়িব বুকেলের নীতিকে অনুসরণ করছেন বলেও জানিয়েছেন।
কোস্টারিকার অ্যাটর্নি জেনারেল কার্লো দিয়াজ সাংবাদিক হত্যার ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, রদ্রিগেজ বিভিন্ন সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন মাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সক্রিয় ছিলেন। এর আগে তাকে সাক্ষী সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ কমিটির পরবর্তী বৈঠক পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সোমবার (১৬ নভেম্বর) ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইসহাক দার জানান, গত ৭ আগস্ট পাকিস্তান, সউদী আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে গণ্য করা হবে।
জোটের অগ্রগতি সম্পর্কে দার বলেন, কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি (এসপিডিসি) চলতি মাসের শেষ দিকে ইসলামাবাদে বৈঠকে বসতে পারে। জোটের প্রথম বৈঠকে পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তিনটি দেশই এতে সম্মতি জানিয়েছে। এর আগে, গত মাসে সউদী আরবে হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে এসপিডিসির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এসপিডিসিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে ইসহাক দার বলেন, কোনো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সেই অঞ্চলের দেশগুলোর নিজস্ব নিরাপত্তাব্যবস্থা থাকা প্রয়োজন। দক্ষিণ এশিয়া ও আশপাশের দেশগুলোরও নিজেদের নিরাপত্তা কাঠামো গড়ে তোলা উচিত। মক্কা প্রতিরক্ষা চুক্তিকে এ ধরনের উদ্যোগের সূচনা হিসেবে দেখা যেতে পারে।
তিনি আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও একদিনে গড়ে ওঠেনি। মক্কা চুক্তি মূলত নিজেদের প্রতিরক্ষার স্বার্থেই করা হয়েছে। সংবাদ সম্মেলনে ইসিওর মহাসচিব আসাদ মজিদ খান এবং পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উপস্থিত ছিলেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইসহাক দার। তিনি বলেন, এ বিষয়ে পাকিস্তান এখনো আশা ছাড়েনি এবং নিজেদের উদ্যোগ চালিয়ে যাচ্ছে।
ইসিও বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান দার। তাঁর ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে অত্যন্ত খোলামেলা, আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
দার জানান, হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব কমিয়ে দুই দিনের পরিকল্পনায় আনা হয়েছে। এখন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় রয়েছে পাকিস্তান। তিনি বলেন, ‘আমরা আশা বা প্রচেষ্টা কোনোটিই ছেড়ে দিইনি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ওয়াশিংটন এখন ইরানের প্রস্তাবের বিষয়ে দ্রুত জবাব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইসিও কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, এমন প্রশ্নের জবাবে দার বলেন, নিষেধাজ্ঞা চিরকাল থাকবে না। নিষেধাজ্ঞা উঠে গেলে পুরো বিশ্ব ইরানের দিকে ছুটে যাবে। এ প্রসঙ্গে তিনি লিবিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটিতে প্রথম সফরকারী হিসেবে একজন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদাহরণ তুলে ধরেন।
উল্লেখ্য, অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) সচিবালয় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ