ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর একজন দস্যু গ্রেফতার


সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর একজন দস্যু গ্রেফতার

সুন্দরবনে জলদস্যু এবং ডাকাত দমনের ধারাবাহিক অভিযানে কোস্ট গার্ড করিম-শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এতে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৩ জুন) রাতের সময় বনের শরণখোলা রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বিরোধীদল সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল তাবোল বলছে এমপি খোকন তালুকদার

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড মোংলা জোনের একটি চৌকস দল ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান শুরু করে। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দলের সদস্যরা বনের গভীরে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে আল-আমিনকে গ্রেফতার করা হলেও তার সহযোগীরা গভীর জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ব্যাটারি, ১টি ওয়াকিটকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১টি কাঠের বোট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতার ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী, বুধবার রাত ১০টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে তার নিজ বাড়িতে আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। সেখান থেকে বন্যপ্রাণী শিকারের নিষিদ্ধ ফাঁদ এবং মালামাল জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গ্রেফতার আল-আমিন দীর্ঘদিন ধরে সুন্দরবনে সাধারণ জেলে এবং বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং বন্যপ্রাণী শিকারের সাথে জড়িত ছিলেন। উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস তৌহিদ-এর নির্বাহী কর্মকর্তা লে. ইকরা মোহাম্মাদ নাসিফ জানালেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে 'অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন' এবং 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড' নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ইউনাইটেড ট্রাস্ট, মাসে মিলবে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা

তিনি আরও জানান, এই অভিযানের ধারাবাহিকতায় 'অপারেশন ম্যানগ্রোভ শিল্ড'-এর আওতায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর ওই সক্রিয় সদস্যকে অস্ত্র, গোলাবারুদ এবং বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে, যাতে সুন্দরবন সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

হিজবুল্লাহ হামলা চালালে বৈরুতে আঘাত হানবে ইসরাইলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


হিজবুল্লাহ হামলা চালালে বৈরুতে আঘাত হানবে ইসরাইলি সেনাবাহিনী

হিজবুল্লাহ যদি ইসরাইলি জনপদে হামলা করে, তাহলে বৈরুতে সামরিক হামলা চালানোর ‘স্বাধীনতা’ ইসরাইলি সেনাবাহিনী পেয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

তিনি উল্লেখ করেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ সম্পর্কে খবর জানিয়েছে।

বুধবার অর্জিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে কাটজ বলেন, ‘এই পর্যায়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গোলাবর্ষণ ও স্থল অভিযান চালিয়ে যাবে। তারা লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইয়েলো লাইন পর্যন্ত অবস্থান বজায় রাখবে। এর অন্তর্ভুক্ত থাকবে বউফোর্ট এলাকা।’

তিনি উল্লেখ করেন, ‘জনগণের প্রত্যাবর্তন ছাড়া সেনাবাহিনী সেখানে অবস্থান করবে এবং একই সঙ্গে মাটিতে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের কার্যক্রম অব্যাহত রাখবে।’

কাটজ আরও বলেন, ইসরাইলি বাহিনী যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ‘কার্যক্রম পরিচালনার স্বাধীনতা’ ধরে রাখবে।

তিনি বিশেষভাবে বলেন, ‘ইসরাইলি জনপদ ও ভূখণ্ডে হামলার জবাবে বৈরুতে আঘাত হানার স্বাধীনতা আমাদের থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এত্ত মাংস! আনন্দিত ও বিস্মিত হলেন বকফুল বেগম

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


এত্ত মাংস! আনন্দিত ও বিস্মিত হলেন বকফুল বেগম

বকফুল বেগম একজন প্রতিবন্ধী নারী। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে বাস করেন। ছেলেরা দূরে থাকায় তিনি একাই বসবাস করছেন। খেয়ে-না-খেয়ে দিন কাটানো এই মানুষটির বেঁচে থাকাই যেন এক সংগ্রামের নাম।

ইসলামিক রিলিফের কর্তৃক কুরবানির মাংস বিতরণের কর্মসূচির জন্য মাঠ পর্যায়ের জরিপে তাঁকে উপকারভোগী হিসেবে খসড়া তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছিল। কিন্তু তাঁর নিজস্ব মোবাইল ফোন না থাকায় চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করতে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। পরে পাশের বাড়ির একজনের মোবাইল নম্বর ব্যবহার করে তাঁকে চূড়ান্ত উপকারভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বকফুল বেগম বিশ্বাসই করতে পারেননি যে তিনি ২ কেজি কুরবানির মাংস পাবেন। বিতরণের সময় হাতে মাংস পেয়ে তিনি শুধু আনন্দিতই হননি, বিস্মিতও হয়েছেন। মাংস হাতে নিয়ে তিনি বললেন, “এত্ত মাংস!”

আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, জীবনে কখনও একসঙ্গে ২ কেজি কুরবানির মাংস পাননি। এই সহায়তা তাঁর ঈদের খুশীকে আরও আনন্দময় করে তুলেছে।

গ্রামের পর গ্রাম ঘুরে বকফুল বেগমের মতো অসংখ্য অসহায় ও প্রান্তিক মানুষের হাতে কুরবানির মাংস পৌঁছে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ইসলামিক রিলিফের প্রতিনিধি সাগর চন্দ্র হাওলাদার। তিনি বলেন, “সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুকুরে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু, রিদম ফকির (৮) ও রিফাত শেখ (৭) নামে। এই শিশু দুটি মামাতো-ফুফাতো ভাই।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রিদম ফকির পাপরাইল গ্রামের বাবুল ফকিরের ছেলে। অন্যদিকে, রিফাত শেখের বাবার বাড়ি বরিশালের পিরোজপুর হলেও সে তার মায়ের সঙ্গে মামাবাড়ি পাপরাইল গ্রামে বেড়াতে গিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় রিদম ও রিফাত একসঙ্গে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে বাড়ির পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় তারা। দুপুর হলে বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে তারা একজনকে ভাসতে দেখেন। পরে খোঁজ করে পুকুর থেকে আরেকজনকেও ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে দুজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মোল্লা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশু দুটি খেলা করতে করতে পরিবারের সবার অজান্তে পুকুরে পরে যায় বলে ধারণা করা হচ্ছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাশার মিয়া বলেন, দুই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। পরিবারের সদস্যদের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশের প্রলোভন দেখিয়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদম ব্যবসায়ী আরাফাতের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


বিদেশের প্রলোভন দেখিয়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদম ব্যবসায়ী আরাফাতের বিরুদ্ধে

বিদেশ (পর্তুগাল) পাঠানোর প্রলোভন দেখিয়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে । এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবুল হাসান মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেন । এই ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বারৈগাঁও আজিজ ডাক্তার বাড়ির বাসিন্দা মোঃ আবুল হাসানের সাথে।

অভিযোগে জানাযায় দীর্ঘদিনের পরিচিত ও সু-সম্পর্কের সূত্র ধরে ঘিলাতলী (তালুকদার বাড়ি) এলাকার আরাফাত রহমানের সঙ্গে পর্তুগাল যাওয়ার বিষয়ে আলোচনা করেন। অভিযুক্ত আরাফাত রহমান ১৫ লাখ টাকার চুক্তিতে তাকে পর্তুগাল পাঠানোর আশ্বাস দেন।অভিযোগে উল্লেখ করা হয় অভিযুক্তের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে মোট ৯ লাখ টাকা প্রদান করেন আবুল হাসান। এর মধ্যে ২০২৫ সালের ১৮ মার্চ ৫ লাখ টাকা, ২৯ মে ২ লাখ টাকা এবং পরবর্তীতে আরও ২ লাখ টাকা অভিযুক্তের ব্যাংক হিসাব নাম্বারে পাঠানো হয় । কিন্তু টাকা গ্রহণের পর অভিযুক্ত আরাফাত রহমান বিদেশে পাঠানোর বিষয়ে কোনো কার্যক্রম না করে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীর দাবি, বিষয়টি অভিযুক্তের পিতা দেলোয়ার হোসেনকে জানালে অভিযুক্ত মোবাইল ফোনে যোগাযোগ করে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে টাকা দাবি করা বা বিষয়টি অন্য কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগে বলা হয়েছে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে ভুক্তভোগী মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান । উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্য তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%