১০:৪০ এম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও ছিলেন।
এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস এক সংবাদ ব্রিফিংয়ে জানান, "আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।" নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা অন্তর্ভুক্ত ছিলেন।
মার্কিন সামরিক বাহিনীতে ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। এই বিমানটি ‘বাফ’ (BUFF) নামে পরিচিত এবং সম্প্রতি এটি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নিয়েছে।
আরও পড়ুন: ফ্রান্সসহ ইউরোপে বিক্ষোভের জন্য মুসলিম তরুণদের দায়ী করা হচ্ছে
দুর্ঘটনাটি ঘটে সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে, নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা বহু দূর থেকে দেখা যায়। দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে বিমানঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল। ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কার্যক্রমে সহায়তা করছিল এবং উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থানরত এডওয়ার্ডস বিমানঘাঁটিতে দুর্ঘটনার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং সব আগত বিমানকে বিকল্প গন্তব্যে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি জরুরি সাড়া কার্যক্রমে মনোযোগ দেওয়ার জন্য অ-বাণিজ্যিক দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ঘাঁতকর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, দুর্ঘটনাটি থেকে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। প্রাথমিক ভিডিওচিত্র পর্যালোচনার পর দুর্ঘটনাটিকে ‘উদ্ধার-অযোগ্য এবং প্রাণে বাঁচার সম্ভাবনাহীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্ত শেষ হতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে এবং বিস্তারিত কারণ অনুসন্ধান ছয় মাসেরও বেশি সময় ধরে চলতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, ৫০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে সক্ষম এই বিমান প্রায় ৭০ হাজার পাউন্ড (৩২ হাজার কেজি) অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে শত শত প্রচলিত বোমা ও ৩২টি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এর আঘাত হানার পরিসর কার্যত সীমাহীন। সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচ সদস্যের ক্রু থাকেন—বিমান কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন