রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:১৯ এম
পাগলা নৌ পুলিশ বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মরদেহের পরনে ছিল কালো রঙের প্যান্ট এবং ধূসর কালো ফুলহাতা শার্ট। তবে, উদ্ধারের সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও কন্টেইনার পোর্টের পাশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পাগলা নৌ পুলিশ ফাঁড়ির আইসি মেহেদী মাসুদ জানান, স্থানীয়রা নদীতে মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বনানী এলাকায় ধারালো ছোরা নিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করার সময় আন্তঃজেলা চোরচক্রের অন্যতম নেতা আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বনানীর ব্যস্ত সড়কে এক মোটরবাইক আরোহীকে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা করার সময় তাকে ধাওয়া করে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া আলী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের মোমরেজপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আলীর বিরুদ্ধে বনানী থানায় চুরি এবং গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে ঈশ্বরগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলায় অব্যাহতি দেওয়া হয়েছিল।
দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছে আলী। এই কালো টাকায় সে নিজ গ্রামে কয়েক একর জমি কিনেছে। খুব অল্প সময়ে তার ‘আঙুল ফুলে কলা গাছ’ হওয়ার রহস্য নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে।
বনানী থানা পুলিশ জানায়, আলী এবং তার অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে আরো তদন্ত চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একুশ শতকের সেরা টেলিভিশন সিরিজ হিসেবে ‘ব্রেকিং ব্যাড’-কে নির্বাচিত করেছে নিউইয়র্ক টাইমস। পাঁচ শতাধিক টেলিভিশন পেশাজীবীর অংশগ্রহণে পরিচালিত এক জরিপের ভিত্তিতে সিরিজটিকে শীর্ষে রাখা হয়েছে।
জরিপে অংশ নেন মোট ৫১৬ জন অভিনেতা, লেখক, প্রযোজক, শোরানার ও টেলিভিশন নির্বাহী। ২০০০ সালের ১ জানুয়ারির পর প্রচারিত সিরিজগুলোর মধ্য থেকে প্রত্যেককে সর্বোচ্চ ১০টি পছন্দের নাম দিতে বলা হয়। ভোটের ফলাফলে ভিন্স গিলিগানের তৈরি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত ক্রাইম ড্রামা ‘ব্রেকিং ব্যাড’ সবার ওপরে উঠে আসে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ওয়াল্টার হোয়াইট। পেশায় রসায়নের শিক্ষক এই শান্ত স্বভাবের মানুষটি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের মোড় ঘুরিয়ে ফেলেন। ধীরে ধীরে তিনি মাদক ব্যবসার জগতে প্রবেশ করে কুখ্যাত মেথামফেটামিন প্রস্তুতকারক ‘হাইজেনবার্গ’-এ পরিণত হন।
ওয়াল্টার হোয়াইট চরিত্রে ব্রায়ান ক্র্যানস্টনের অভিনয় সিরিজটির অন্যতম বড় আকর্ষণ। একজন সাধারণ শিক্ষক থেকে ভয়ংকর অপরাধী হয়ে ওঠার তার রূপান্তরকে টেলিভিশনের অন্যতম স্মরণীয় অভিনয় হিসেবে দেখা হয়। অন্যদিকে অ্যারন পলের অভিনীত জেসি পিংকম্যান চরিত্রটি গল্পের আবেগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। নৈতিক অবক্ষয় ও অপরাধের জগতকে টানটান উত্তেজনার সঙ্গে তুলে ধরার কারণে সিরিজটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে।

নিউইয়র্ক টাইমসের তালিকায় ‘ব্রেকিং ব্যাড’-এর পর দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ওয়্যার’। এরপরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে ‘ম্যাড মেন’, ‘সাকসেশন’ ও ‘ফ্লিব্যাগ’। শীর্ষ দশের বাকি সিরিজগুলো হলো ‘গেম অব থ্রোনস’, ‘ভিপ’, ‘৩০ রক’, ‘কার্ব ইয়োর এনথুজিয়াজম’ ও ‘আটলান্টা’।
তালিকাটি তৈরির ক্ষেত্রে শুধু জনপ্রিয় ড্রামা সিরিজ নয়, রিয়্যালিটি শো, তথ্যচিত্র, টক শো এবং ইউটিউব সিরিজও বিবেচনায় নেওয়া হয়েছে।
এদিকে তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সাধারণ দর্শকের পরিবর্তে টেলিভিশন শিল্পের পেশাজীবীদের মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়েছে। আবার অ্যানিমেশন সিরিজের প্রায় অনুপস্থিতি নিয়েও অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘দ্য সোপ্রানোস’ সিরিজটির নাম না থাকা। ১৯৯৯ সালে প্রথম প্রচারিত হওয়ায় ২০০০ সালের পর প্রচারিত সিরিজের জন্য নির্ধারিত এই তালিকায় সেটি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ ছিল না।
শীর্ষস্থান নিয়ে অবশ্য জরিপে অংশ নেওয়া টেলিভিশন সংশ্লিষ্টদের মধ্যে বড় ধরনের মতভেদ দেখা যায়নি। ধারাবাহিক গল্প, চরিত্রের বিকাশ এবং নির্মাণশৈলীর কারণে ‘ব্রেকিং ব্যাড’ একুশ শতকের অন্যতম প্রভাবশালী টেলিভিশন সিরিজ হিসেবে নিজের অবস্থান আরও একবার প্রতিষ্ঠা করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায় এক নারীর মরদেহ উদ্ধারের পর মোট সংখ্যা ১০-এ পৌঁছেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ মরদেহটি একটি কবরস্থানের নিকটে পাওয়া যায়। জুলাই মাস থেকে একুরহুলেনির বিভিন্ন স্থানে একের পর এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে, এখন পর্যন্ত সব হত্যাকাণ্ড একই ব্যক্তি বা চক্রের সঙ্গে যুক্ত—এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এসব ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দশম নারীর মরদেহ উদ্ধারের পর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকার নারীদের হত্যা অব্যাহত থাকা দেশটির পুরুষদের জন্য লজ্জার।"
এর আগে রামাফোসা এসব হত্যাকাণ্ডের তদন্তে কোনো পাথরই অক্ষত রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এদিকে, পুলিশ হত্যাকাণ্ডগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্তের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যান্ডটির সদস্যরা আশা করছেন, সামনে নিয়মিতভাবে কনসার্ট আয়োজনের পরিবেশ তৈরি হবে। শিল্পীরা গান নিয়ে মঞ্চে ফিরবেন এবং শ্রোতারাও সরাসরি সংগীত উপভোগের সুযোগ পাবেন।
বর্তমানে ‘শিরোনামহীন’-এর সদস্য হিসেবে রয়েছেন জিয়াউর রহমান, কাজী আহমাদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী ও সুদীপ্ত সিনহা দিপু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ