০৫:১৫ পি.এম
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ আমাদের নজরে এসেছে। সংবাদটিতে ব্যাংকের একটি আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত তথ্য উপেক্ষা করে তৈরি করা হয়েছে।
প্রকৃত সত্য হলো—সংশ্লিষ্ট গ্রাহকপ্রতিষ্ঠানগুলি (এক গ্রাহকের একাধিক প্রতিষ্ঠান) ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের ঋণ সুবিধা গ্রহণ করে, যার মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে এই ঋণ অনিয়মিত হয়ে গেলে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়, কিন্তু ঋণগুলি পরিশোধ করা হয়নি। ২০২৪ সালে পুনরায় খেলাপি হওয়ার পর গ্রাহককে একাধিক আইনি নোটিশ এবং ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করলেও তা রক্ষা করতে পারেননি।
এরপর ব্যাংক অর্থঋণ আদালত আইন ও নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে নেওয়া বন্ধকীকৃত সম্পত্তি প্রকাশ্য নিলামের ব্যবস্থা করে। নিলামের পূর্বে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানটির মাধ্যমে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করা হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য হয় ১৬ কোটি ৬৬ লাখ টাকা। তবে ব্যাংক সম্পত্তিটি শেষ পর্যন্ত ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করেছে, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অনেক বেশি। তাই, অত্যন্ত কম মূল্যে সম্পত্তি বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
আরও পড়ুন: শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়াল
এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তার ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপন করার চেষ্টা নিন্দনীয়। এ ধরনের উপস্থাপন তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সিটি ব্যাংকের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।
একইভাবে, একটি বিদেশী ব্যাংকের আমন্ত্রণে এক গ্লোবাল ইভেন্টে বক্তা হিসেবে যোগ দিতে এবং পরে উমরাহ পালনের উদ্দেশ্যে তার পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুদকের অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করা অনভিপ্রেত ও অন্যায়।
সিটি ব্যাংক যেকোনো আইনানুগ অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে অভিযোগের অনুসন্ধান শুরু করার জন্য তদন্ত কর্মকর্তার নিয়োগ হওয়া এবং অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: সৌদি আরব থেকে স্বর্ণ কম দামে আনতে নিয়মাবলী ও শুল্ক জানালেন বিশেষজ্ঞরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন