১১:২০ পি.এম
চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের ‘অবমাননাকর’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে জনসম্মুখে ডাক্তার সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
মঙ্গলবার (৯ জুন) এক যৌথ বিবৃতিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের চিকিৎসক সমাজের বিরুদ্ধে একটি দেশবিরোধী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই এই গোষ্ঠী স্বাস্থ্যখাতের বিভিন্ন অসামঞ্জস্যতার ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসক সমাজকে দায়ী করে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে এসব ষড়যন্ত্রকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ঢালাওভাবে চিকিৎসক সমাজকে মিথ্যা অপবাদ ও কলঙ্কিত করার অপচেষ্টা পরিত্যাগ না করলে ভবিষ্যতে চিকিৎসক সমাজ কর্তৃক যথাযথ আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত থাকুন।
বিবৃতিতে আরও বলা হয়, একজন চিকিৎসক তার মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসক হিসেবে স্বীকৃতি পান। ড্যাব নেতৃদ্বয় অত্যন্ত অসন্তোষ ও ক্ষুদ্ধতার সঙ্গে লক্ষ্য করেছেন যে, মাসুদ কামাল নামক একজন সাংবাদিক ও ইউটিউবার যিনি নিজেকে সিনিয়র সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। তিনি একটি ইউটিউব ভিত্তিক চ্যানেলে আদ-দ্বীন হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ও তদন্তাধীন শিশু মৃত্যুর ঘটনায় অর্বাচীনের মতো আলোচনার প্রসঙ্গের বাইরে গিয়ে দেশের চিকিৎসক সমাজকে উদ্দেশ্য করে বলেন, ডাক্তারদের মতো চামার কোন শ্রেণি এই দেশে আর নেই। ড্যাব নেতাদের ধারণা, মাসুদ কামালের মতো গুটি কয়েক বুদ্ধিজীবীর লেবাসধারী ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশের চিকিৎসাব্যবস্থাকে ধ্বংস করার জন্য দেশবিরোধী একটি গোষ্ঠীর এজেন্ট হিসেবে কাজ করছে। দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্য গঠনমূলক বক্তব্য ও কর্মকাণ্ড না করে, বরং কীভাবে দেশের চিকিৎসা প্রার্থী রোগীদের বিদেশমুখী করা যায় এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এই গোষ্ঠী।
আরও পড়ুন: সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার গঠন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ড্যাব নেতারা সাংবাদিক মাসুদ কামালকে উদ্দেশ্য করে বলেন, মনস্তাত্তিকভাবে মানুষ নিজে যেমন, তার চারপাশের অন্যান্য মানুষকে একই চরিত্রের মনে করে। চিকিৎসকদের অশালীন শব্দ দ্বারা সম্ভোধনের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামাল মূলত তার নিজের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন।
সাংবাদিক মাসুদ কামালকে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে চিকিৎসক সমাজের নিকট ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন ড্যাবের এই নেতারা এবং একইসঙ্গে চিকিৎসক সমাজ ও জনগণকে হলুদ সাংবাদিকতাকে বয়কট করার উদ্দাত্ত আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
