০৭:৪৩ পি.এম
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইবিহীন তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং মানহানিকর পোস্টের মাধ্যমে অপপ্রচার চালানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। বিষয়টি ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। এ অবস্থায় অপপ্রচার রোধে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি ভুক্তভোগীদের আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত বিরোধ, রাজনৈতিক বা সামাজিক প্রতিহিংসা এবং অসৎ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি অসাধু চক্র ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তারা কোনো ধরনের দালিলিক প্রমাণ বা নিরপেক্ষ যাচাই-বাছাই ছাড়াই উপজেলার সাধারণ মানুষ, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের বিরুদ্ধে গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছে।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, অনেক ক্ষেত্রে পুরোনো ছবি, খণ্ডিত তথ্য কিংবা ভুয়া স্ক্রিনশট ব্যবহার করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এমনকি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ভয় দেখিয়ে অর্থ আদায় বা ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অভিযোগও উঠছে চক্রটির বিরুদ্ধে।
আরও পড়ুন: গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূল ভিত্তি হলো তথ্যের সত্যতা যাচাই এবং অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো জবাবদিহিতা বা ফিল্টার না থাকায় যে কেউ যাচাইবিহীন তথ্য প্রকাশ করে দিচ্ছেন, যা সরাসরি অপপ্রচার ও অপসাংবাদিকতার শামিল।
বিষয়টির আইনি দিক তুলে ধরে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নাসিরুদ্দিন কবির বলেন, “অনলাইনে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য ছড়িয়ে কারো সুনাম ক্ষুণ্ণ করা দেশের প্রচলিত দণ্ডবিধি এবং সাইবার সুরক্ষা আইনে স্পষ্টতই দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কারো মানহানি করে বা ভয়ভীতি দেখায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, অপপ্রচারকারীদের শনাক্ত করতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে। কাঠালিয়া উপজেলার কোনো বাসিন্দা এমন অপপ্রচার বা অনলাইন হয়রানির শিকার হলে আবেগতাড়িত হয়ে পাল্টা আক্রমণে না গিয়ে সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট, আইডি ও লিংক সংরক্ষণ করে নিকটস্থ কাঠালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন