বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৫ এম
ঢাকার সাভারে ফুটওভারব্রিজ থেকে ককটেল নিক্ষেপের সময় শাহিন (৪০) নামের এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। পরে গণপিটুনির পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরে ছায়াবিথী আমতলা এলাকায় স্থানীয় জনতা তাকে আটক করে এবং গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করে।
আটক শাহিন হকার্স লীগের কর্মী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে সাভার নিউমার্কেট ও সিটি সেন্টারের মাঝামাঝি এলাকার ফুটওভারব্রিজের ওপর থেকে নিচে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল নিক্ষেপের পর শাহিন দ্রুত পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পাশের ছায়াবিথী আমতলা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে শাহিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার দাস জানান, ককটেল নিক্ষেপ করে পালানোর সময় স্থানীয় জনতা শাহিনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে এসেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে, যা এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রযুক্তি ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত শেনজেনে অনুষ্ঠিত হবে।
বুধবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের নেতারা শি জিনপিংয়ের সঙ্গে এক নৈশভোজে অংশগ্রহণ করেন। পরে, গ্রুপ ছবির জন্য একত্রিত হওয়ার সময় তিন নেতা সংক্ষিপ্তভাবে কুশল বিনিময় করেন।
এর আগে, বুধবার শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এ বৈঠকে শি জিনপিং মন্তব্য করেন যে, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার ধারা এগিয়ে নিতে এবং এর প্রসারে বেইজিং ও মস্কোর নেতৃত্ব দেওয়া উচিত।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) ওয়েলসের মাঠে ৩-২ গোলের জয় অর্জনের পর পর্তুগালের দুই ফুটবলার জোয়াও কানসেলো ও ব্রুনো ফার্নান্দেসের মধ্যে একটি রহস্যের জন্ম হয়েছে। ক্যামেরার সামনে তাদের একটি অদ্ভুত মুহূর্তকে কেউ সতীর্থদের মধ্যে সাধারণ মজা হিসেবে দেখছেন, আবার কেউ সেটিকে সম্প্রতি পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি পরোক্ষ খোঁচা হিসেবে ব্যাখ্যা করছেন।
কার্ডিফ সিটি স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর, গ্রুপ ৪-এ শীর্ষস্থান নিশ্চিত করা জর্জ জেসুসের দলের উদযাপনের দৃশ্য সম্প্রচার করা হচ্ছিল। ক্যামেরার ফোকাস ছিল দলের প্রথম গোল করা ব্রুনো ফার্নান্দেসের দিকে, যিনি সতীর্থদের সঙ্গে জয়ের আনন্দ ভাগাভাগি করছিলেন।
কিন্তু ক্যামেরায় নিজেকে দেখতে পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, ‘বসকে দেখাও!’ এ সময় তিনি কানসেলোর দিকে ইঙ্গিত করেন। দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচিত কানসেলোর দিকে ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হলে বার্সেলোনার এই ডিফেন্ডার হাসেন এবং নিজের বাহুতে থাকা অধিনায়কের আর্মব্যান্ড দেখান।
ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সাধারণ দর্শক ও পর্তুগিজ সংবাদমাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি করে। কেউ ঘটনাটিকে সতীর্থদের মধ্যে সাধারণ ঠাট্টা হিসেবে দেখলেও, কেউ এটিকে দলের সাবেক অধিনায়ক রোনালদোর প্রতি ইঙ্গিতপূর্ণ বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। সম্প্রতি জাতীয় দল থেকে রোনালদোর বিতর্কিত বিদায়ের পর এই ব্যাখ্যা আরও জোরালো হয়েছে।
উল্লেখ্য, ৪১ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে জাতীয় দলের কয়েকজন সতীর্থের সম্পর্ক ভালো ছিল না বলে নানা গুঞ্জন ছড়িয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে আল নাসরের এই ফরোয়ার্ড কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের কথা প্রকাশ্যে স্বীকার করার পর সেই গুঞ্জন আরও বাড়ে। তবে রোনালদো কিংবা পর্তুগালের অন্য কোনো খেলোয়াড় এসব খবরের সত্যতা নিশ্চিত করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ একটি খড়বোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে ট্রাকের সমস্ত খড় সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারের কাছে মদনপুর-গোলাকান্দাইলগামী এশিয়ান হাইওয়ে সড়কে এই ঘটনার সূত্রপাত ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, দিনাজপুর থেকে খড়বোঝাই ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬ নম্বরের ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজারের জামে মসজিদের সামনে এসে দাঁড়ায়। ট্রাকটি খড় আনলোডের জন্য অপেক্ষা করছিল। এ সময় চালক এবং হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান যে, কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেলে আসা তিনজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।
চালক তখন ট্রাকটিকে রক্ষা করার জন্য প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশে পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিভাতে সক্ষম হন। তবে আগুনের তাণ্ডবে ট্রাকে থাকা সমস্ত খড় পুড়ে যায়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন জানিয়েছেন, এই ঘটনায় চালক বা হেলপার কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর-নড়াইল সড়কের হামিদপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে।
দগ্ধ চালকের নাম রায়হান হাসান রাজিব, যার বয়স ৩৩ বছর। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরদিকে, হেলপার হৃদয় প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বাড়িতে ফিরে গেছেন।
হাসপাতালে ভর্তি রায়হান জানিয়েছেন, গাড়িটি তার নিজস্ব এবং তিনি নিজেই গাড়িটি চালান। তিনি ঢাকা থেকে মোটরপার্টস নিয়ে যশোর শহরের আর,এন রোডে আসছিলেন। আনুমানিক রাত ২টার দিকে হামিদপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে থেকে হঠাৎ ৪-৫ জন ব্যক্তি তার গাড়ির দিকে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এর ফলে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং তিনি দগ্ধ হন। এ সময় তিনি ও হেলপার দ্রুত গাড়ি থেকে বের হয়ে পড়েন। ট্রাকটি রাস্তার পাশে অবস্থিত একটি নার্সারিতে ঢুকে পড়ে।
যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ বিষয়ে বলেন, ‘কাভার্ড ভ্যানে আগুনের ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনা অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ