মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,
০৭:৫৩ পি.এম
খাগড়াছড়ির দীঘিনালায় বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিলনপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কবাখালী ছাত্র একাদশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় দীঘিনালা মিনি স্টেডিয়ামে কবাখালী স্পোর্টিং ক্লাব ও হাচিনসন পুর স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনালে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় মিলনপুর একাদশ ও কবাখালী ছাত্র একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে মিলনপুর একাদশ পাঁচ শটের মধ্যে একটি গোল করতে ব্যর্থ হয়। বিপরীতে কবাখালী ছাত্র একাদশ পাঁচটি শটেই গোল করে জয় নিশ্চিত করে। ফলে টাইব্রেকারে জয় পেয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে কবাখালী ছাত্র একাদশ।
খেলার উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ। বিশেষ অতিথি ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, দীঘিনালা উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম দুলাল।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাইজুল ইসলাম তাজু।
আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীঘিনালার তরুণদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন খেলোয়াড় তৈরি হবে এবং স্থানীয় পর্যায় থেকে তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। জয়-পরাজয়ের বাইরে খেলাধুলার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ ধরে রাখাই এ ধরনের আয়োজনের অন্যতম সাফল্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিদ্যালয় মাঠে ভরাট কার্যক্রম চলতে দেখা যায়।
বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ব্যবহারের অনুপযোগী হয়ে থাকায় শিক্ষার্থী ও স্থানীয় খেলোয়াড়দের মধ্যে মাঠটি সংস্কারের দাবি ছিল দীর্ঘদিনের। মাঠ ভরাটের কাজ শুরু হওয়ায় শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে দেখা দিয়েছে আনন্দ ও উৎসাহ।
স্থানীয়দের প্রত্যাশা, মাঠটি ভরাট ও সংস্কারের কাজ সম্পন্ন হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি স্থানীয় তরুণদের ক্রীড়া চর্চার ক্ষেত্রও আরও সম্প্রসারিত হবে। এতে নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
মাঠ ভরাটের উদ্যোগ নেওয়ায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকারিয়া জীবন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
তাদের প্রত্যাশা, মাঠ ভরাটের কাজ দ্রুত শেষ করে এটি শিক্ষার্থী ও খেলোয়াড়দের নিয়মিত খেলাধুলার উপযোগী করে তোলা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক দুটি স্থান থেকে এক দিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার করেরহাট ও জোরারগঞ্জ এলাকা থেকে অজগর দুটি উদ্ধার করা হয়। একটি সাপের দৈর্ঘ্য প্রায় ৭ ফুট এবং অন্যটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট।
শুক্রবার সকাল ১০টার দিকে করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অলিনগর এলাকার শাহজাহান মাস্টারের বাড়ির আঙিনায় প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়। খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে অজগরটি ধানক্ষেতের পাশে নেটের জালে আটকা পড়ে।
এ ঘটনার খবর পেয়ে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য সালাউদ্দিন মাহাদী ও নওশিন হোসেন নিরব ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। উদ্ধারকারী দলের সদস্য সালাউদ্দিন মাহাদী জানান, "খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। পরে ধানক্ষেতের নেটের জালে আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করা হয়েছে।"
একই দিনে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় মিয়াগ্রামের আজিজ মিয়ার বাড়ির আঙিনায় প্রায় ৮ ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামানের নেতৃত্বে অজগরটি উদ্ধার করা হয়। এ সময় রহিম উদ্দিন, আলতাফ হোসেন ও সাফায়েত সহযোগিতা করেন। জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, "অজগরটি লোকালয়ে চলে আসার পর স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করা হয়।" উদ্ধার করা অজগর দুটি পরে মিরসরাইয়ের মহামায়া ইকো-পার্কে অবমুক্ত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন, "পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে শান্তি।" তিনি উল্লেখ করেন, শিল্প ও সংস্কৃতি শান্তির অন্যতম শক্তিশালী বাহন হিসেবে কাজ করে। শান্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বে টেকসই উন্নয়ন এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীতে লাল সবুজ সাংস্কৃতিক একাডেমির আয়োজনের মাধ্যমে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী জানান, তিনি নিউক্লিয়ার ফিজিক্সের ছাত্র এবং পারমাণবিক অস্ত্রের বিষয়ে পড়াশোনা করেছেন। যদিও পারমাণবিক বোমাকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি হিসেবে গণ্য করা হয়, তিনি বিশ্বাস করেন, "বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো শান্তি।"
তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতির কোনো ভৌগোলিক সীমারেখা নেই। ভাষা না বুঝলেও সংগীত, চিত্রকলা, নৃত্যসহ বিভিন্ন শিল্পের মাধ্যম মানুষের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি এবং পারস্পরিক বোঝাপড়ার সেতুবন্ধ তৈরি করতে পারে। সুতরাং, শিল্প ও সংস্কৃতি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্ত্রী বলেন, জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস পালিত হয়। শুধু শান্তি দিবসেই নয়, বছরের প্রতিটি দিন শান্তির পক্ষে কাজ করার প্রয়োজন রয়েছে। শান্তিতে বিনিয়োগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের সংঘাত, অস্থিরতা এবং যুদ্ধ থেকে উত্তরণের পথ তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশে শান্তি ও সম্প্রীতির সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে একটি সুন্দর এবং ভারসাম্যপূর্ণ সমাজ গড়ার উদাহরণ সৃষ্টি করা সম্ভব। এর জন্য শিল্প ও সংস্কৃতির চর্চা ও প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৯ বছর।
আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিডিনিউজ-এর চিফ রিপোর্টার সুমন মাহমুদ রাত ৮টার দিকে গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, ‘স্ট্রোকের পর তৌফিক ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল বলে আমরা শুনেছি। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি মারা গেছেন।’
তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একটি পরিচিত নাম। তিনি ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ