০৮:৪৫ এম
সৌদি আরব প্রবাসী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেসব কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে অথবা যাদের কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার জন্য দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কাজের অনুমতিপত্র ইস্যু হয়নি, তাদের কাগজপত্র নিয়মিত করার সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও অতিরিক্ত সময় পাবেন।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানাচ্ছে, নির্দিষ্ট শ্রেণির প্রবাসী কর্মীদের কাজের অনুমতিপত্র-সংক্রান্ত অবস্থা সংশোধনের জন্য সৌদি সরকার এ সময়সীমা বৃদ্ধি করেছে। এতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগও আরও বাড়ানো হয়েছে।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসী কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়ে গেছে এবং যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ছয় মাস অতিক্রম করেছেন, কিন্তু এখনো কাজের অনুমতিপত্র পাননি, তাদের জন্য এই বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে।
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র সংকটে উদ্বেগ
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করতে, চাকরির চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের অধিকার সুরক্ষা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান ও কর্মীদের কাগজপত্র নিয়মিত করার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া, মন্ত্রণালয় নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই কাজের অনুমতিপত্র নবায়ন অথবা নতুন করে সংগ্রহ করার আহ্বান জানিয়েছে। আরও সতর্ক করে বলা হয়েছে, এই বিশেষ সুযোগের সময়ের মধ্যে নিয়মবহির্ভূত বিষয়গুলো সংশোধন না করা হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন