বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৪:০৫ পি.এম
বলিউড অভিনেতা অক্ষয় কুমার গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর ঘটনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি নানাকে স্মরণ করে লিখেছেন, "তার মতো অভিনেতা ছিলেন বিরল। অভিনয়ে অতিরিক্ত কিছু না করেও দর্শককে মুগ্ধ করে রাখতে পারতেন তিনি।"
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্টে অক্ষয় কুমার নানা পাটেকরকে ‘নানা জি’ সম্বোধন করে জানান, নানার মৃত্যুর খবর শুনে তিনি ভীষণভাবে মর্মাহত। তিনি উল্লেখ করেন, "তার কণ্ঠ, অভিনয়ের তীব্রতা এবং প্রতিটি চরিত্রে থাকা আন্তরিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।"
অক্ষয় কুমার লেখেন, নানার সঙ্গে ‘ওয়েলকাম’ সিনেমায় কাজ করার সুযোগ তার হয়েছিল। পরে তারা আবার ‘হাউসফুল ৫’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন। দুই সিনেমার শুটিংয়ের সময়কার অনেক স্মৃতি তার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে বলেও জানান অক্ষয়।
নানাকে স্মরণ করে অক্ষয় আরো লেখেন, "তিনি ছিলেন সত্যিই অনন্য একজন অভিনেতা। তার চলে যাওয়াটা বিশ্বাস করা কঠিন।" জীবনের বিভিন্ন সময়ে দেওয়া স্মৃতির জন্য নানাকে ধন্যবাদ জানিয়ে অক্ষয় বলেন, "তাকে ভাষায় প্রকাশ করার চেয়েও বেশি মনে পড়বে।"
অক্ষয় কুমারের এই পোস্টের শেষেও ছিল নানার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। পোস্টের সঙ্গে তিনি প্রার্থনার ইমোজিও দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড় ও বন্ধু-বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে-অপরকে শুভ কামনা ও ভালোবাসায় ভরা দূর্গা পূজার শুভেচ্ছা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। দুর্গা পূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে বদলগাছী উপজেলার ০২ নং মথুরাপুর ইউনিয়নবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, ২ নং মথুরা পুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত ইউপি সদস্য, শ্রী পরিমল চন্দ্র মথুরা পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শ্রী পরিমল চন্দ্র
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।
তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। কোথাও কোনো অপৃতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসন এবং ২নং মথুরাপুর ইউনিয়ন সচেতন মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ৫৯৭ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এসকাফ সিরাপ’, দুটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, ভৈরব ক্যাম্প।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রনি (৩০), মো. আরাফাত (১৮) ও জানে আলম সম্রাট (২৫)। তাদের সবার জেলা কিশোরগঞ্জ বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-১৪-এর সিপিসি-২, ভৈরব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার চণ্ডিবের মধ্যপাড়ার পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় মাদক বহনকারী সন্দেহে একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হলে তিনজনকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এসকাফ সিরাপ’ থাকার কথা স্বীকার করেন বলে জানায় এসআরবি। তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী সিএনজিতে বিশেষ কৌশলে রাখা ৫৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোনও জব্দ করে অভিযানকারী দল।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের কিশোরগঞ্জের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৪ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে আন্ত ধর্মীয় সম্প্রীতি, বহুমাত্রিক সংস্কৃতি, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং দুই দেশের পার্লামেন্টারি সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বৈঠক করেছে যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি বিশেষ প্রতিনিধিদল, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর দপ্তরে যুক্তরাজ্যের পার্লামেন্টের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’-এর তিন সদস্যের এই প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য মিজ আপসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন এমপি মিস্টার শকাত আদম ও লর্ড কুরবান হোসেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পার্লামেন্ট-টু-পার্লামেন্ট সম্পর্ক উন্নয়ন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রতিনিধিদলকে বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘বাংলাদেশে পাহাড় ও সমতলের ৫০টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজস্ব ভাষা ও স্বকীয়তা বজায় রেখে মিলেমিশে বসবাস করছে। আমাদের রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বলে কোনো বিভাজন নেই; আইনের চোখে সব নাগরিক সমান সুযোগ ও অধিকার ভোগ করেন।’
গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারায় এক নতুন যাত্রার সূচনা হয়েছে।
তিনি আরো জানান, বিগত ফ্যাসিবাদের পতনের পর যেকোনো অস্থিতিশীলতা রোধে এবং বিশেষ করে দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারি পদক্ষেপের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি মাঠে থেকে সহায়তা করেছে।
বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার নিদর্শন হিসেবে দুর্গাপূজার ব্যাপ্তি তুলে ধরে নিতাই রায় চৌধুরী জানান, গত বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে পূজা উদযাপিত হলেও চলতি বছর মণ্ডপের সংখ্যা আরো প্রায় ৫ হাজার বাড়তে পারে।
বৈঠকে উপস্থিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রতিনিধিদলকে অবহিত করেন যে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ৪ কোটি টাকা চাহিদার বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ কোটি টাকা বরাদ্দের বিশেষ উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার্থে দুর্গাপূজায় সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উচ্চপর্যায়ের এ দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম এবং যুগ্ম সচিব ইলিয়াস সুমনা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের মইনখালি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ৮ জনকে আটক করে সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মইনখালি এলাকায় কারখানা নদী ও পাণ্ডব নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ উপায়ে নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এ সময় সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ