বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং
০৬:১৮ পি.এম
ঝালকাঠি, ৬ আগস্ট, ২০২৬ : ঝালকাঠি জেলার এন এস মাদরাসায় ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি এন এস মাদরাসা কতৃপক্ষের উদ্যোগে এ মতবিনিময় সভাটি আজ বৃহস্পতিবার বিকেল ২টায় মাদরাসা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ছাত্রসমাজকে মাদকমুক্ত থেকে থাকতে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে স্কুল, কলেজ এবং মাদরাসার মাঠ সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন মাদরাসা গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান নেছারাবাদী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়জিদ ইবনে আকবর এবং জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ।
সভায় আরও বক্তব্য প্রদান করেন আযিযুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোসাদ্দেক হোসেন ও এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে কানাডাতে এই বছর দাবানলের মতো চরম প্রতিকূল আবহাওয়ার সৃষ্টি হওয়ার আশঙ্কা দ্বিগুণ বেড়ে গিয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণায় এই তথ্য প্রদান করা হয়েছে।
গবেষণায় আরো উল্লেখ করা হয়েছে, মৌসুমের শুরুতে দাবানলের কার্যক্রম স্বাভাবিকের তুলনায় কিছু কম ছিল। কিন্তু জুলাই মাস থেকে দীর্ঘস্থায়ী গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশেষত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্টারিও এবং নর্থওয়েস্ট টেরিটোরিজ।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ ব্যাপারে খবর জানিয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ লাখ হেক্টরেরও বেশি এলাকায় আগুন লেগে গেছে। এর ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং কোটি কোটি মানুষ বিপজ্জনক মাত্রার ধোঁয়ার সংস্পর্শে এসেছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়নের জন্য ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) গ্রুপের গবেষকরা পর্যবেক্ষণ তথ্য ও জলবায়ু মডেল ব্যবহার করেছেন।
তারা বর্তমান পরিস্থিতির সাথে একটি তুলনা করেছেন, যেখানে প্রাক-শিল্প যুগের জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ না হলে কী দেখা যেত।
গবেষণায় অন্টারিও এবং নর্থওয়েস্ট টেরিটোরিজে সবচেয়ে ভয়াবহ সাত দিন এবং ৩০ দিনের ‘ফায়ার ওয়েদার’ বা দাবানল-অনুকূল আবহাওয়ার সময়কাল বিশ্লেষণ করা হয়েছে।
এতে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রায় দ্বিগুণ হয়েছে।
নর্থওয়েস্ট টেরিটোরিজে এটি প্রতি ২ থেকে ৬ বছরে এবং অন্টারিওতে প্রতি ৬ থেকে ১৫ বছরে একবার ঘটতে পারে।
ডব্লিউডব্লুইএ জানাচ্ছে, যদি জলবায়ু পরিবর্তন না হতো, তখন এ ধরনের পরিস্থিতি প্রতি ৪০ বছরে একবার দেখা যেত।
শুধুমাত্র পর্যবেক্ষণ তথ্যের ভিত্তিতে বলা যায়, বর্তমান জলবায়ুতে চলতি বছরের মতো দাবানল-অনুকূল আবহাওয়া বিরল নয়।
গবেষণার প্রধান লেখক থিওডোর কিপিং বলছেন, ২০২৩ সালের পর কানাডায় যে দাবানল দেখা গেছে, তার ব্যাপ্তি ও তীব্রতার দিকে মৌলিকভাবে ভিন্ন।
তিনি আরও যোগ করেন, দাবানল যেভাবে ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়ছে, তা উদ্বেগজনক। এটি প্রমাণ করছে, দাবানল মোকাবিলার জন্য প্রস্তুতি থাকলেও শুধুমাত্র অভিযোজন যথেষ্ট নয়।
তিনি আরো বলেন, ‘এ ধরণের ঘটনার আরও ভয়াবহ পরিণতি ঠেকাতে আমাদের দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসতে হবে।’
গবেষণায় বলা হচ্ছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা এবং বায়ুমণ্ডলের আর্দ্রতা শোষণের ক্ষমতা বেড়ে যাওয়ায় জৈব পদার্থ দ্রুত শুকিয়ে যাচ্ছে।
ফলে, ঘন ঘন এবং আরও তীব্র দাবানলের অনুকূল পরিবেশন তৈরি হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৬ আগস্ট ২০২৬ : ১০৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ক্রিজে এসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার শতকে প্রথম দিন ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মিরাজ ১০৯ রানে অপরাজিত থাকেন। জবাবে দিন শেষে ২ উইকেটে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের লড়াকু সেঞ্চুরি আসন্ন দুটি টেস্ট ম্যাচ সিরিজে আত্মবিশ্বাস দিবে বলে জানান মিরাজ।
প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বিসিবির পাঠানো ভিডিওতে মিরাজ বলেন, ‘যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, তাই এই সেঞ্চুরি আমাকে আত্মবিশ্বাস দিবে। আমি যে মাইন্ড সেটআপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি তাহলে আমার জন্যই ভালো হবে। পাশাপাশি দলের জন্যও ভালো হবে।’
ডারউইনের মারার ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০৫ রানে পঞ্চম উইকেট হারায়। এরপর ব্যাট হাতে ক্রিজে আসেন মিরাজ। সতীর্থদের সাথে ছোট-ছোট জুটি গড়েন তিনি। তবে ১৯৪ রানে নবম উইকেট হারিয়ে বাংলাদেশ ২শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়েছিল। কিন্তু শেষ উইকেটে খালেদ আহমেদের সাথে ৬৯ রানের জুটি গড়ে সেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।
শেষ ব্যাটার হিসেবে খালেদ আউট হলেও, ১০৯ রানে অপরাজিত থেকে যান মিরাজ। তার ইনিংসে ১৪১ বলের মধ্যে ১১টি চার এবং ৪টি ছক্কার উপস্থিতি ছিল।
নিজের লড়াকু ইনিংস নিয়ে মিরাজ বলেন, ‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে।’
অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাট করা কঠিন ছিল বলে জানান মিরাজ। তিনি বলেন, ‘আমার জন্য কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি উইকেটের সাথে মানিয়ে নিতে চেষ্টা করেছি। জুটি গড়ারও চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কিভাবে উইকেটের মানিয়ে নেওয়া যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে।’
আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে ওই দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অভিযোগ রয়েছে স্ত্রীকে অপহরণ, হত্যাচেষ্টা, যৌতুক দাবি এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার আত্মসাতের। মামলার ১৭ দিন পার হয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার না করায় ভুক্তভোগীর পরিবার ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, মামলা হওয়ার পর তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিচারপ্রাপ্তি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহী মহানগরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, ভুক্তভোগীর অভিভাবক মোঃ আব্দুল হাকিম বলেন, রাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ নামুল হক দীর্ঘদিন ধরে তার স্ত্রী নূরজাহান সুলতানা রেনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। তার অভিযোগ, প্রায় ১৪০ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে এবং এক কোটি টাকা যৌতুকের দাবিতে একাধিকবার হত্যাচেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত ৪ জুলাই রাতে অভিযুক্ত শিক্ষক ৭/জন সহযোগীকে সঙ্গে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে নগরীর কাজলা অক্ট্রয় মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে জোরপূর্বক তার স্ত্রীকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদ করেন এবং ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১৯ জুলাই মতিহার থানায় দণ্ডবিধির ৩৬৪/৩৪ ধারায় মামলা (নং-১৪) দায়ের করা হলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন বাদী। তিনি তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার সরকারের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ এনামুল হক বলেন, মামলা হয়েছে, থানা ও আদালত বিষয়টি দেখবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।
তদন্তকারী কর্মকর্তা এসআই রিপন কুমার সরকার বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরজুন বলেন, তিনি সম্প্রতি থানায় যোগদান করেছেন, বিষয়টি তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি নতুন কাঠামো চূড়ান্ত করার দ্বারপ্রান্তে রয়েছে ইরান ও ওমান। যদিও এই সমঝোতা বাস্তবায়িত হচ্ছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথটি স্বয়ংক্রিয়ভাবে পুনরায় খুলে যাবে না, এ বিষয়ে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
বুধবার (৫ আগস্ট) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আলোচনায় প্রণালিতে জাহাজের প্রবেশ ও প্রস্থানের জন্য প্রস্তাবিত রুট নিয়ে ব্যাপক অগ্রগতি হয়েছে।
তার মতে, আলোচনায় নতুন নৌপথের পাশাপাশি ইরান ও ওমানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, সামুদ্রিক চলাচল তদারকির জন্য একটি যৌথ সমন্বয় কেন্দ্র গঠন এবং জাহাজ থেকে তথ্য সংগ্রহের বিষয়েও আলোচনা হয়েছে।
গারিবাবাদি জানান, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, হরমুজ প্রণালিতে ইরানের লারাক দ্বীপ সংলগ্ন অস্থায়ী নৌপথ এবং ওমানের আঞ্চলিক জলসীমার কিছু রুট বন্ধ হয়ে যাবে।
তার পরিবর্তে নতুন প্রবেশ ও প্রস্থান করিডরের একটি অংশ ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে। এতে কয়েক দশক ধরে প্রচলিত সেই ব্যবস্থা বদলে যাবে, যেখানে বাণিজ্যিক জাহাজ মূলত ওমানের জলসীমা ব্যবহার করত।
তিনি বলেন, নতুন রুট প্রাথমিকভাবে দুই থেকে চার মাস, কিংবা প্রয়োজনে আরও দীর্ঘ সময়ের জন্য কার্যকর হতে পারে। তবে এটি বাস্তবায়নের জন্য ইরানের শীর্ষ নেতৃত্বের পৃথক রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন হবে।
তথ্য অনুযায়ী, গারিবাবাদি স্পষ্ট করে বলেন, ‘এই সমঝোতা নিজেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার অর্থ নয়।’ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি নির্দিষ্ট কিছু পূর্বশর্ত পূরণের ওপর নির্ভর করছে।
গারিবাবাদি আরও দাবি করেন, এসব পূর্বশর্তের বড় অংশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত। তার অভিযোগ, ওয়াশিংটন আবারও নৌ অবরোধ জোরদার করেছে, সামরিক অভিযান শুরু করেছে এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলার পরই তারা সামরিক অভিযান পুনরায় শুরু করে।
গারিবাবাদি বলেন, গত জুনে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের (এমওইউ) অধীনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নকে হরমুজ পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় শর্ত হিসেবে বিবেচনা করছে তেহরান। তবে শুধু সেটিই যথেষ্ট নয়। তার ভাষায়, ভবিষ্যতে যেন এ ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ না হয়, সে বিষয়ে কার্যকর নিশ্চয়তাও চায় ইরান।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনা করছে এবং তিনি যুদ্ধের চেয়ে কূটনীতিকেই বেশি পছন্দ করেন। তিনি বলেন, ‘আমি মানুষ হত্যা করতে চাই না।’
বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি খুব শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে, অন্যথায় তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর হামলা চালাবেন।
ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি তার প্রতিশ্রুতি থেকে সরে আসে, তাহলে তিনি আবারও সামরিক হামলা শুরু করবেন।
ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি জানান, হরমুজ প্রণালি নিয়ে বর্তমানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না। ওমানের সঙ্গে চলমান আলোচনা সম্পূর্ণ দ্বিপক্ষীয় বলেও উল্লেখ করেন।
গারিবাবাদি জানান, রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে, ‘ইরানের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে বলে যুক্তরাষ্ট্রের দাবি মিথ্যা। কোনো আলোচনা হয়নি।’
কিন্তু গারিবাবাদি স্বীকার করেন যে, তেহরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন বার্তা পেয়েছে, যেখানে ওয়াশিংটন পূর্ববর্তী প্রতিশ্রুতিতে ফিরে আসার প্রস্তুতির কথা জানিয়েছে। তবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারে এমন দ্বিতীয় ধাপে এগোনো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ