১১:৩২ পি.এম
বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে আমানতের বিপরীতে পরিশোধ করা সুদ বা মুনাফার ওপর প্রযোজ্য হারে উৎসে কর কর্তন এবং নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে আরো সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিপিআরডি-১) থেকে এক সার্কুলার লেটারের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে আমানতের সুদ বা মুনাফার ওপর উৎসে কর কর্তন এবং এ কর্তন করা কর নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি ঘটছে।
আরও পড়ুন: বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার কায়সার কামাল
সার্কুলারটিতে বলা হয়েছে, ব্যাংকগুলো উৎসে কর কর্তনের ক্ষেত্রে আইনানুগ হার ও বিধান যথাযথভাবে অনুসরণ না করায় পরবর্তী সময়ে কর সমন্বয় ও নিরীক্ষা কার্যক্রমে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রেই সঠিকভাবে কর কর্তন না করায় সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১০২ অনুযায়ী, গ্রাহকের সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদি আমানত বা অন্য কোনো আমানতের বিপরীতে পরিশোধ করা সুদ বা মুনাফার ওপর প্রাপকের ধরন অনুযায়ী প্রযোজ্য হারে উৎসে কর কর্তন করতে হবে।
উৎসে কর বিধিমালা, ২০২৩-এর বিধান অনুযায়ী, কর্তন বা সংগ্রহ করা অর্থ নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারের তথ্য অনুযায়ী, অর্থবছরের জুলাই থেকে মে মাস পর্যন্ত কোনো মাসে কর কর্তন বা সংগ্রহ করা হলে— সংশ্লিষ্ট মাস শেষ হওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। তবে জুন মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কোনো দিন কর কর্তন বা সংগ্রহ করা হলে, কর্তন বা সংগ্রহের পরবর্তী সাত দিনের মধ্যে তা জমা দিতে হবে। আর জুন মাসের ২০ তারিখের পরের দিনগুলোতে কর কর্তন বা সংগ্রহ করা হলে পরবর্তী দিনই সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে: আইজিপি
বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক কর্তৃক কর্তন করা উৎসে কর কোনোভাবেই নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি সময় জেনারেল লেজার বা অন্য কোনো হিসাবে সংরক্ষণ করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই তা সরকারি কোষাগারে জমা দিতে হবে। একই সঙ্গে উৎসে কর কর্তন-সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংরক্ষণ এবং প্রয়োজনীয় বিবরণী ও চালানের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল নিশ্চিত করতে হবে।
এ ছাড়া উৎসে কর কর্তন ও সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ এবং উৎসে কর বিধিমালা, ২০২৩-এর অন্যান্য প্রযোজ্য বিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন