ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ ২ জন গ্রেপ্তার


সিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ ২ জন গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় একটি জুয়ার আসরে অভিযান পরিচালনা করে থানা পুলিশ নগদ দেড় লাখ টাকা, তাস এবং দুটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া একজনের মোবাইল ফোনে পুলিশ দুটি অনলাইন জুয়ার অ্যাপের সন্ধান পায়। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হচ্ছেন—উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মো. নাজিম উদ্দিন (৪২) এবং অন্যজন নয়া রাতাল কয়াকাস গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. মিলন হোসেন (৩৫)। সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া-সার্কেল) নূর মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেন।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে সিংড়া থানা পুলিশের একটি টিম নিয়মিত রাত্রিকালীন টহল ডিউটি পালন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিযান চালায়। সেখানে গিয়ে দেখা যায়, কয়েকজন টাকা দিয়ে জুয়া খেলছে। পরে ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিন ও মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: শ্রমিকদের নিরাপত্তা ও শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিল্প মালিকদের সাথে প্রশাসকের মতবিনিময় সভা

তিনি আরও জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে তাসের একটি সেট, জুয়া খেলার জন্য নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে দুটি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় সিংড়া থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৯ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের পরিবেশ সচেতন করতে হবে: চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


শিশুদের পরিবেশ সচেতন করতে হবে: চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম, ১২ নভেম্বর ২০২৬ : শিশুদের মধ্যে সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার নগরীর দোহা ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত ‘সায়েন্স ফেয়ার-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই নগরী গড়ে তোলা। এজন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তরিত করতে হবে। নগরীর জলাবদ্ধতা ও ডেঙ্গু সমস্যার সঙ্গে নাগরিকদের অসচেতনতার সরাসরি সম্পর্ক বিদ্যমান।

তিনি আরও বলেন, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও অন্যান্য বর্জ্য ফেলার ফলে ড্রেন-নালা বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব পরিত্যক্ত বর্জ্যে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ।

চসিক প্রশাসক বলেন, ‘একটি শহরকে সুন্দর ও টেকসই করতে হলে সবার আগে সেই শহরের প্রতি নাগরিকদের ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। চট্টগ্রাম শুধুমাত্র কোনো জনপ্রতিনিধি বা প্রশাসকের শহর নয়, এটি আমাদের সবার শহর। এই শহরকে নিজেদের মনে করতে পারলেই একে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।’

দোহা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড জুনিয়র স্কুলের ফাউন্ডার্স চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও ড. ইয়াসির আরাফাত। এ সময় মোহাম্মদ আবদুল কাদেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিমন দেবনাথ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


তারাকান্দায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিমন দেবনাথ গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দা থানায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিমন দেবনাথ (৩৯) পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে আনুমানিক ১ টা ৩০ মিনিটে উপজেলার শান্তিনগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া লিমন দেবনাথ বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের নিখিল দেবনাথ ও শেফালী দেবনাথের পুত্র। তিনি তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি তারাকান্দা স্কুল রোডসংলগ্ন শান্তিনগর এলাকায় বসবাস করছিলেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় এজাহার নামীয় আসামী হিসেবে লিমন দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে ১০৭ বস্তা সার উদ্ধার, এক আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


চাটমোহরে ১০৭ বস্তা সার উদ্ধার, এক আসামি গ্রেফতার

পাবনার চাটমোহর উপজেলায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০৭ বস্তা সার। একটি আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলাটি সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে দায়ের করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ বিষয়ে নিশ্চিত করে জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা (নং ৮) দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, মামলার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের আলিফ হোসেনের ছেলে জহুরুল ইসলাম (২৮) কে ৯ বস্তা সারসহ গ্রেফতার করা হয়েছে।

এর আগে, জেলা প্রশাসন ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরু করার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরু করার আবেদন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আবেদন করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই আবেদনটি দাখিল করা হয়। অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম শুনানি করেন। তিনি হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানান।

আসামিপক্ষের বক্তব্য তুলে ধরার জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।

এর আগে, গত ১ নভেম্বর শুনানির জন্য দিন ধার্য থাকলেও গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। ফলে ওই দিন আর শুনানি হয়নি। পরে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

গত ৭ অক্টোবর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। ওই দিন চিফ প্রসিকিউটর বিদেশে ছুটিতে থাকায় শুনানি পিছিয়ে ১ নভেম্বর দিন ধার্য করা হয়।

গত ২৭ আগস্ট হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন অভিযোগ আমলে নিয়ে হাসিনাসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরে এই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মোট ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন।

গত ৩ সেপ্টেম্বর হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আদালতে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও তারা হাজির হননি। পরে মামলার পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৬ সেপ্টেম্বর ৩০ আসামিকে পলাতক বিবেচনায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর দিন ধার্য করা হয়।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন—তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।

মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন—ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক, সাবেক পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক এমপি সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মারুফ হাসান, অতিরিক্ত আইজিপি (এসবি) মাহবুব হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম, তৎকালীন ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, ডিএমপির ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, ডিএমপির এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, ডিআইজি বিপ্লব কুমার সরকার, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অব.) এসএম শিবলী নোমান এবং মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী।

অভিযোগের বিবরণে উল্লেখ করা হয়েছে, তৎকালীন সরকার ২০১৩ সালের ৫ মে পরিকল্পিতভাবে হেফাজতের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর গণহত্যা চালায়। ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সরকারের দায়িত্বশীল বিভিন্ন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি হেফাজতে ইসলামের সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের যেকোনো উপায়ে রাতের মধ্যেই শাপলা চত্বর থেকে বিতাড়িত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।

উপরের নির্দেশ পেয়ে পুলিশের তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকারের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও বিজিবি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ কন্ট্রোল রুমে যৌথ সভা করেন। শাপলা চত্বর ও এর আশপাশের এলাকায় সশস্ত্র অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযান পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ নিজ বাহিনীর নামে অভিযানের নামকরণ করে। পুলিশের অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিকিউরড শাপলা’, র‍্যাব অভিযানের নাম দেয় ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ এবং বিজিবির অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ক্যাপচার শাপলা’। তবে অভিযানটি ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নামে পরিচিতি পায়। অভিযানের নামকরণের ধরন থেকে এটা স্পষ্ট যে, এটি কোনো সাধারণ অভিযান ছিল না।

অভিযোগে আরও বলা হয়েছে, রাত আড়াইটার দিকে সর্বোচ্চ স্কেলে অভিযান শুরু হয়। সমাবেশস্থলে উপস্থিত হেফাজতের নেতাকর্মীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, কালার স্মোক গ্রেনেড, মাল্টি ইমপ্যাক্ট গ্রেনেড, খ্রী-বল প্রজেক্টাইল ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেন। ফলে ঘটনাস্থলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় হেফাজতের নেতাকর্মীরা জীবন বাঁচাতে দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন। হতবিহ্বল নেতাকর্মীরা বিভিন্ন আশ্রয় খুঁজে নিজেদের জীবন রক্ষার চেষ্টা করেন। এর মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতের নেতাকর্মীদের লক্ষ্য করে বেপরোয়া ভাবে শর্টগান ও মারণাস্ত্র দিয়ে গুলি চালায়। হেফাজতের নেতাকর্মীরা বিভিন্ন পথে ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন এবং হতাহত হন।

রাতের অভিযান এবং দিনব্যাপী হামলা ও আক্রমণে শাপলা চত্বর, মতিঝিল ও এর আশপাশের এলাকায় হেফাজতে ইসলামের ৩২ জন নেতাকর্মী শহীদ ও নিখোঁজ হওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাধানীনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন শহীদ হন।

এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে একটি ধর্মীয় গোষ্ঠীর ওপর পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%