কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
০৬:৩৪ এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সাংগঠনিক নেতৃত্বকে পাশ কাটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর যুবদলের দায়িত্বশীল নেতারা।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান এবং পৌর বিএনপির সহসভাপতি বাশারুল বারীর নেতৃত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রোববার (১ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা পৌর সদর বাজারে চলন্তিকা মিষ্টির দোকানের ওপরের তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ অভিযোগ তুলে ধরে ক্ষোভ ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সংগঠনের দায়িত্বশীল নেতৃত্বকে পাশ কাটিয়ে কতিপয় ব্যক্তি যুবদলের নাম ব্যবহার করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। যুবদলের নিজস্ব সাংগঠনিক কাঠামো ও নিয়মতান্ত্রিক কার্যক্রম রয়েছে। সেই শৃঙ্খলা উপেক্ষা করে কর্মসূচি পালন করায় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
তারা বলেন, যুবদল একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। দলের ত্যাগ, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি সম্মান রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারেন, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে নেতাদের দেওয়া তথ্যমতে, গত ৩১ অক্টোবর বিকেলে উপজেলা বিএনপির নেতৃত্বে ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। তবে ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কেউ উপজেলা ও পৌর যুবদলের দায়িত্বশীল কমিটির পদধারী নন বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা। সাংগঠনিক পরিচয় ও অনুমোদন ছাড়া কীভাবে তাঁরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্যসচিব মো. ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক নোমিনুল ইসলাম সোহাগ, মো. মনির হোসেন ও আলীরাজ শরীফ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ এবং পৌর শ্রমিক দলের সভাপতি মো. কায়েম শিকদার। এ ছাড়া উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা বলেন, “যুবদল একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি দলের ইতিহাস, ঐতিহ্য ও আদর্শকে ধারণ করে। কাউকে ছোট করা বা বিভেদ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হয়েছে।
রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজ, নিরাপদ এবং দ্রুত অর্থ পাঠাতে সক্ষম হবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই পদ্ধতিতে অর্থ পাঠানোর সময় আলাদাভাবে প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর লেখার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই করার পর লেনদেন সম্পন্ন করা যাবে।
নতুন এই সেবার ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। একইসঙ্গে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমানোর পাশাপাশি ডিজিটাল পেমেন্টের প্রসারে এটি সহায়ক ভূমিকা পালন করবে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি নগদবিহীন লেনদেনের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় ক্রিকেট লিগে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বেশ কিছু ম্যাচ। পাশাপাশি, এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে চীনের মুখোমুখি হবে।
ক্রিকেট
জাতীয় ক্রিকেট লিগ
সিলেট–চট্টগ্রাম
সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব
ময়মনসিংহ–খুলনা
সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব
ঢাকা–বরিশাল
সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব
রংপুর–রাজশাহী
সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব
হকি
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি
বাংলাদেশ–চীন
বেলা ৩টা, স্টার স্পোর্টস ২
জাপান–মালয়েশিয়া
বিকেল ৫–১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত–দক্ষিণ কোরিয়া
সন্ধ্যা ৭–৩০ মি., স্টার স্পোর্টস ২
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
নিউক্যাসল–এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
দেপোর্তিভো–ওসাসুনা
রাত ২টা, টি স্পোর্টস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা নয়জন যাত্রী নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়া এলাকা ক্রেস্টহেভেনের নিকটবর্তী, যা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র ‘মার-এ-লাগো’ থেকে প্রায় নয় মাইল (১৪ কিলোমিটার) দূরে অবস্থিত। মার-এ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।
দুর্ঘটনার ছবিতে দেখা যায়, আবাসিক এলাকার একটি রাস্তায় বড় গর্ত তৈরি হয়েছে; সেখানে আগুনের চিহ্ন ছড়িয়ে রয়েছে এবং ‘লিয়ারজেট ৬০’ মডেলের বিমানটির কংক্রিটের টুকরো ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ফ্লাইট বিশ্লেষণে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার পূর্বে বিমানটি প্রতি সেকেন্ডে কয়েকশ ফুট নিচে নামছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটিতে গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্ত ধারণ করা হয়েছে বলে মনে হচ্ছে। এতে দেখা যায়, আবাসিক এলাকার একটি রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, এমন সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে এবং বিশাল আগুনের গোলা তৈরি হয়।
দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস সাংবাদিকদের বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয় যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপরই বিশাল বিস্ফোরণ এবং চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটটি গ্রামে গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে প্রায় আট ঘণ্টা।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের আওতাধীন ধলা, কদিম ছিলান, দাইড়পাড়া, মানিকপুর, সেকছিলান, পুকুরপাড় ছিলান, ডাঙ্গাপাড়া ছিলান ও ঘাটছিলান গ্রামের গ্রাহকেরা এ সময় বিদ্যুৎ পাবেন না।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। তবে বাস্তব কাজের প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ রাখার সময়ে কিছুটা পরিবর্তন হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ